০৫:১৭ পি.এম
চট্টগ্রামে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিন ও কাঁচামালসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার টহল টিমের সদস্যরা কাপ্তাই রাস্তার মাথাস্থ মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনের সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আকিবকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আকিব চট্টগ্রামের পটিয়া থানার কুলাগাঁও এলাকার মাজার গেইটসংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও রুবি আক্তারের ছেলে। বর্তমানে তিনি হাটহাজারী থানার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে বসবাস করছেন।
আরও পড়ুন: ইরান আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের
রবিবার (২২ নভেম্বর) দুপুরে চান্দগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ। এসময় সিএমপি উত্তর জোনের উপকমিশনার হাসান মোস্তফা স্বপন, ওসি চান্দগাঁও ইখতিয়ার উদ্দিনসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার টহল টিমের সদস্যরা কাপ্তাই রাস্তার মাথাস্থ মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনের সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আকিবকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব স্বীকার করেন যে, তার বর্তমান ঠিকানার বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে। বিষয়টি থানা কর্তৃপক্ষকে জানালে আকিবকে সঙ্গে নিয়ে হাটহাজারীর কুয়াইশস্থ সাজেদা ম্যানশনের চতুর্থ তলার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। তার দেখানো ও শনাক্তমতে ওই বাসা থেকে ইয়াবা তৈরির একটি মেশিন, ট্যাবলেটের মাপ নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স এবং বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
সিএমপির অতিরিক্ত কমিশনার আরো বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন, তিনি ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় বসিয়ে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
আরও পড়ুন: শ্রীপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়া
ওসি চান্দগাঁও ইখতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন