০১:২৫ পি.এম
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্তের জীবনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ করেই তার বাড়ির ফলস সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অভিনেত্রী অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সিলিংয়ের ভাঙা অংশ এসে পড়ে তার মাথা, ঘাড় ও কাঁধের ওপর। সম্প্রতি তিনি সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের বিধ্বস্ত বাড়ির ছবি এবং সেই আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
ভিডিওতে টিনা জানান, গত ৩১ অক্টোবর দুর্গাপূজার পর কলকাতা থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি। স্যুটকেস রেখে ফ্রেশ হওয়ার পর বসার ঘরে খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি নিজের নতুন কার্পেটের ওপর ছাদের সিলিংয়ের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়িতে যারা কাজ করেন, তারা কিছু নোংরা করেছেন। তারপর ভাবলাম এটা এলো কোথা থেকে? বাইরে থেকে কিছু পড়েছে কি না দেখার জন্য জানালার দিকে এগোতেই হঠাৎ আমার মাথা, ঘাড় এবং কাঁধের ওপর কিছু একটা এসে পড়ল।
আরও পড়ুন: জুবিন গার্গের স্মৃতি রক্ষায় পরিবারের সিদ্ধান্তে বিতর্ক, মুখ্যমন্ত্রীর আহ্বান
ওপরে তাকিয়ে দেখি, আমার বাড়ির ফলস সিলিং ভেঙে পড়ছে!’
কলকাতার অন্যতম সেরা স্থপতিকে দিয়ে নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করিয়েছিলেন টিনা। ভালোবাসা ও যত্নে সাজানো সেই বাড়ির এমন বিপর্যয় তিনি মেনে নিতে পারেননি। দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
নিজের সেই মানসিক অবস্থার কথা জানিয়ে টিনা বলেন, ‘এমনটা কার সঙ্গে হয়? আমি এত ভালোবাসা দিয়ে বাড়িটা বানিয়েছিলাম, আর হঠাৎ ছাদের সিলিংটাই ভেঙে পড়ল! আমার সঙ্গেই কেন এমন হয়? আমি দুদিন ধরে পুরো স্তব্ধ হয়ে ছিলাম, চরম শকে চলে গিয়েছিলাম। তৃতীয় দিনে যখন বুঝতে পারলাম আসলে কী ঘটেছে, তখন হাউমাউ করে কেঁদে ফেলি।’
ভিডিওতে বাড়ির বিভিন্ন অংশের বর্তমান বিধ্বস্ত অবস্থাও দেখিয়েছেন অভিনেত্রী। তার প্রিয় সোফাটি ভেঙে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু আসবাব নয়, ক্যারিয়ারে অর্জন করা একাধিক মূল্যবান পুরস্কারও ভেঙে নষ্ট হয়েছে। ইতালি থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে আনা পছন্দের ওয়ালপেপারসহ ঘরের নানা শৌখিন জিনিসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ইমরানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে জুটি বেঁধে বিতর্কে জেনেলিয়া!
উল্লেখ্য, ‘উত্তরণ’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। ধারাবাহিকে ইচ্ছা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম। এবার অভিনয়ের বাইরে নিজের বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কারণে আলোচনায় এলেন এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন