০৩:০১ পি.এম
‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালির পর হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী হাত ধোয়ার আটটি কৌশল এবং ছয়টি গুরুত্বপূর্ণ সময়ে হাত ধোয়ার নিয়ম হাতে-কলমে উপস্থিত সকলকে দেখান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেসিনে দাঁড়িয়ে এসব কৌশল সরাসরি অনুশীলন করে।
আরও পড়ুন: রাঙামাটিতে এনডিএমের নতুন কমিটি, আহ্বায়ক নির্মল বড়ুয়া সদস্যসচিব জুঁই
প্রদর্শনী শেষে উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ-এর সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জকিগঞ্জের সিসিটি ধ্রুবরাজ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও সুজিত কুমার চন্দ। তিনি বলেন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। এটি শুধুমাত্র ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয় নয়, বরং ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধের কার্যকর উপায়। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো উচিত। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
সভায় আরও বক্তব্য দেন বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন এবং উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি আহমদ আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক দিলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন