০২:৩৩ পি.এম
মানিকগঞ্জের সাটুরিয়ায় ধূমপান নিয়ে সৃষ্ট বিরোধের ফলস্বরূপ প্রতিপক্ষের হামলায় রমজান আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন রোববার (১৫ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, ২ গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সিগারেট খাওয়ার কারণে স্থানীয় নূর মোহাম্মদ (২২) এবং আশিক (১৮) নামের দুই যুবকের মধ্যে বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন।
এই ঘটনার পর আনোয়ার হোসেনের বাড়িতে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে রমজান আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু ঘটে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: দুর্গম পাহাড়ে যোগাযোগের ভরসা বাঁশের সাকু, নির্মাণে হিল ভিডিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন