০১:১৬ পি.এম
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে তার নিজের প্রথম বিশ্বকাপে এখনো প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি। তবে মাঠে তিনি যতক্ষণ ছিলেন, প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক সৃষ্টি করেছেন। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন যে, বিশ্বমঞ্চে ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনো আসেনি।
১৮ বছর বয়সী এই উইঙ্গারের বিশ্বকাপের সূচনা ভালো হয়নি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলোতে সীমিত সময় খেলতে হয়েছে তাকে। কেইপ ভার্ডের বিপক্ষে শেষের দিকে বদলি হিসেবে মাঠে নামেন তিনি, এবং সৌদি আরবের বিপক্ষে খেলেন কেবল প্রথমার্ধ। ওই ম্যাচেই বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান ইয়ামাল।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত
চোট থেকে এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তিনি শেষ দুটি ম্যাচে পূর্ণ সময় খেলেছেন এবং ধীরে ধীরে নিজের স্বাভাবিক ছন্দে ফিরছেন। যদিও এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে মাত্র একটি গোল, এবং অ্যাসিস্টের খাতা এখনো খোলা হয়নি।
তবে পরিসংখ্যানের বাইরে, স্পেনের আক্রমণে ইয়ামালের প্রভাব স্পষ্ট। তিনি প্রতিপক্ষের রক্ষণভাগের অতিরিক্ত নজর নিজের দিকে টেনে নিয়ে সতীর্থদের জন্য জায়গা তৈরি করছেন।
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের আগে কাদেনা এসইআর-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন দে লা ফুয়েন্তে।
তিনি বলেন, ‘এই বিশ্বকাপে লামিনের সেরা পারফরম্যান্স এখনও আসা বাকি। সে দারুণ অনুপ্রেরণা ও জয়ের ক্ষুধা নিয়ে খেলে। আমাদের শুধু নিশ্চিত করতে হবে, অতিরিক্ত চাপ যেন তার ওপর প্রভাব না ফেলে,’ বলেন স্পেন কোচ।
আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত
তিনি আরও বলেন, 'এটি অভিজ্ঞতা অর্জন ও পরিপক্ব হওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। এমবাপে কিংবা হলান্ডও ক্যারিয়ারের শুরুতে এমন সময় পার করেছে। লামিনও সেই পথেই এগোচ্ছে। আমরা তার সঙ্গে নিয়মিত কথা বলি এবং বিশ্বাস করি, বিশ্বকাপের বাকি সময় সে এমন কিছু করবে, যা সবাইকে মুগ্ধ করবে।'
দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে স্পেনের অন্যতম সেরা পারফরমার ছিলেন ইয়ামাল। ওই আসরে তিনি একটি গোল ও চারটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার অর্জন করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন