০৭:৫২ পি.এম
শেরপুরের নালিতাবাড়ীর ইলিয়াস আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় নিখোঁজ রাখার পর সাজানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার ফলে তার স্বাভাবিক জীবন সম্পূর্ণভাবে তছনছ হয়ে যায়। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগ এবং প্রায় ৯ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল আদালতে সব অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন। তবে নির্দোষ প্রমাণিত হলেও রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন এখনো পাননি।
নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে ইলিয়াস আহমেদ জন্মগ্রহণ করেন। তিনি গাজীপুরের একটি গার্মেন্টস কোম্পানির মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরি করতেন।
ইলিয়াসের অভিযোগ, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর টানা ৮৮ দিন তার কোনো সন্ধান পাননি স্বজনেরা। পরে একই বছরের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর-৪০(০৫)২০১৭) তাকে গ্রেপ্তার দেখানো হয়। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ২৪৩/২০১৮ নম্বর মামলায় তাকে ৮০৮ দিন কারাভোগ করতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও মামলা থেকে অব্যাহতি পেতে দীর্ঘদিন আইনি লড়াই চালাতে হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর
এদিকে, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ তালিকাভুক্ত হয়েছে। কমিশনের নথি অনুযায়ী, স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪। ইলিয়াসের দাবি, গুম ও কারাবাসে তার শিক্ষাজীবন, কর্মজীবন এবং ভবিষ্যত স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। দীর্ঘদিন মামলা পরিচালনা করতে গিয়ে তার পরিবারও চরম আর্থিক সংকটে পড়েছে।
তিনি বলেন, "আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু আমার জীবনের হারিয়ে যাওয়া ৯টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? এখনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি।"
নিজের ক্ষতি পুষিয়ে নিতে ইলিয়াস সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন। এগুলো হলো—সরকারিভাবে নির্দোষ ঘোষণার স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম ও মামলায় জড়ানোর অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার, যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।
ইলিয়াসের এই ঘটনা শুধুমাত্র একজন ব্যক্তির আইনি লড়াইয়ের গল্প নয়। বরং দীর্ঘদিন নিখোঁজ থাকা, কারাভোগ ও বিচারিক প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত একজন মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার আকুতিও। তার প্রত্যাশা, আদালতের রায়ের পাশাপাশি রাষ্ট্রও তার হারানো জীবন ও সম্ভাবনার ক্ষতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসবে।
আরও পড়ুন: বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন