১০:০৩ পি.এম
পিরোজপুরের কাউখালীতে উপমহাদেশের অন্যতম শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব ও মিলন মেলার চতুর্থ দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
শনিবার (২৮ নভেম্বর) রাতে উৎসবস্থল পরিদর্শন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, উৎসবের আইন-শৃঙ্খলা কমিটির প্রধান আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। পরিদর্শনকালে অতিথিরা আশ্রমের পরিচালনা পর্ষদ ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তার খোঁজ নেন। এ সময় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল সহ আশ্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার বলেন, "শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের এই ঐতিহ্যবাহী উৎসবে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। উৎসবটি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। শেষ দিন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই আবির্ভাব উৎসব ও মিলন মেলাকে ঘিরে আশ্রম এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ ও প্রশাসন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন