প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
থাইল্যান্ডে রাজতন্ত্রকে অপমানের অভিযোগে বিরোধী দলের এক আইনপ্রণেতার ছয় বছরের কারাদণ্ড আপিল আদালত তিন বছরে কমিয়ে দিয়েছে। সোমবার আদালত এই রায় প্রদান করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
রাজতন্ত্রের অবমাননা ঠেকাতে থাইল্যান্ডে কঠোর আইন বিদ্যমান। দেশের আইন অনুযায়ী, রাজা, রানি, সিংহাসনের উত্তরাধিকারী বা রাজপ্রতিনিধিকে অপমান, মানহানি কিংবা হুমকি দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। দণ্ডপ্রাপ্ত আইনপ্রণেতার নাম রুকচানক শ্রিনরক, যিনি বিরোধী দল পিপলস পার্টির সদস্য। তিনি পূর্বে আন্দোলনকর্মী ছিলেন এবং স্থানীয়ভাবে ‘আইস’ নামে পরিচিত।
২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের একটি পোস্ট দেওয়া এবং অন্য একজনের পোস্ট শেয়ার করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। রাজতন্ত্র অবমাননা এবং কম্পিউটার অপরাধ আইনের অধীনে নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। ২০২৩ সালে আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দেন।
সোমবার আপিল আদালত অন্যের পোস্ট শেয়ার করার অভিযোগ থেকে তাকে খালাস দেন। একই সঙ্গে তার কারাদণ্ডের মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে তিন বছর করেন। আপিলের রায়ের অপেক্ষায় থাকলেও সংসদ সদস্য পদে রুকচানক বহাল ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবার নির্বাচিত হন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
পিপলস পার্টির নেতা নাত্তাফং রুয়েংপানিয়াওয়াত সাংবাদিকদের জানান, রুকচানক জামিনের আবেদন করছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতিও চলছে। মানবাধিকার সংগঠন থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের মে থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার অভিযোগে অন্তত ১৯৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে কারাদণ্ড হলে কোনো আইনপ্রণেতা তার সংসদ সদস্য পদ হারাতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন