ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রেমিকার ‘হানি ট্র্যাপ’ ব্যবহার করে গ্যাংস্টার হত্যায় প্রাণ গেল ৪ জনের


প্রেমিকার ‘হানি ট্র্যাপ’ ব্যবহার করে গ্যাংস্টার হত্যায় প্রাণ গেল ৪ জনের

ভারতের হরিয়ানার রোহতকে একটি ধাবায় সশস্ত্র হামলার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের তদন্তে জানা গেছে, গ্যাংস্টার সানি রিটোলিয়াকে হত্যার পরিকল্পনায় তার কথিত প্রেমিকা জাহ্নবীকে ‘হানি ট্র্যাপ’ হিসেবে ব্যবহার করা হয়েছিল প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের দ্বারা।

ঘটনাটি ঘটে গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে। ওই রাতে সানি রিটোলিয়া তার প্রেমিকা জাহ্নবী এবং সহযোগীদের নিয়ে রোহতকের ‘মিলন ধাবা’য় রাতের খাবার খেতে গিয়েছিলেন। এই সময় সশস্ত্র হামলাকারীরা সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই চারজন তরুণ নিহত হন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে ধাবার পেছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন সানি।

পুলিশের সূত্র অনুযায়ী, জাহ্নবী মূলত প্রতিদ্বন্দ্বী ‘ভাউ রিটোলিয়া’ গ্যাংয়ের ইনফর্মার হিসেবে কাজ করছিলেন। সানির আস্থা অর্জন এবং তার গতিবিধি নজরদারিতে রাখার জন্য প্রায় তিন মাস আগে একটি সুপরিকল্পিত ছকের অংশ হিসেবে জাহ্নবীকে তার জীবনে পাঠানো হয়েছিল। অভিযোগ রয়েছে, বুধবার রাতে সানি ‘মিলন ধাবা’য় অবস্থান করছেন—এমন সুনির্দিষ্ট তথ্য ও লোকেশন প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের কাছে পাচার করেছিলেন জাহ্নবী। ফলে হামলাকারীরা ঠিক সময়ে অতর্কিত আক্রমণ চালাতে সক্ষম হয়।

আরও পড়ুন: রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর বিমানটি ফিরে গেল

তদন্তে আরো জানা গেছে, ঘটনার পরপরই ভারত ছেড়েছেন জাহ্নবী। পুলিশের ধারণা, সানির তথ্য দেওয়ার বিনিময়ে প্রতিদ্বন্দ্বী গ্যাং তাকে নিরাপদে দেশ ছাড়তে সহায়তা করার চুক্তি করেছিল। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামলার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালেই ব্যাংককগামী একটি ফ্লাইটে তিনি ভারত ত্যাগ করেন বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ তার বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারির প্রক্রিয়া শুরু করলেও ততক্ষণে তিনি সীমানা পেরিয়ে যান। তিনি ব্যাংকক থেকে অন্য কোনো দেশে চলে গেছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশের তদন্তে জাহ্নবীর পারিবারিক অপরাধ জগতের পটভূমিও উঠে এসেছে। তিনি উত্তর প্রদেশের কুখ্যাত ‘লেডি ডন’ বাবলি দেবীর মেয়ে। হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ভাড়াটে খুনের মতো অসংখ্য মামলার আসামি বাবলি দেবী একসময় নিজেই একটি গ্যাং গড়ে তুলেছিলেন এবং গ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একাধিকবার কারাবরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে গ্রেপ্তার হওয়া বাবলির সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল প্রশাসন।

উত্তর প্রদেশে সক্রিয় একটি গ্যাংয়ের হাতে জাহ্নবীর বাবা ও চাচা খুন হন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের মার্চ মাসে বাগপতে একটি বিয়ের অনুষ্ঠানে গ্রাম প্রধান নির্বাচন সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতার জেরে জাহ্নবীর বাবা বিবেক ওরফে ভিকি মালিককে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচার শুরু

প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার পানিপথে বসবাসকারী জাহ্নবী বিবাহিত ছিলেন, তবে পরবর্তীতে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। অতীতের পারিবারিক হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান গ্যাং দ্বন্দ্ব ও এই হানিট্র্যাপের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


মিরপুরে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে আটক করেছে।

আজ সকালে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

তিনি উল্লেখ করেন, রাজধানীর মিরপুর ডিওএইচএস এবং মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেল জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেল জয়ী

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি পদে সৈয়দ এ. এইচ. সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে মো. নুর আলম পান্নু নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১১টায় নির্বাচন কমিশনার মহাসিন আলী ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে সভাপতি পদে সৈয়দ এ. এইচ. সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার ১৩১ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. নুর আলম পান্নু ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মো. ইমদাদুল হক (ইমদাদ) ১১৮ ভোট এবং মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ১৩৯ ভোট পেয়েছেন।

যুগ্ম-সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মো. ওজিহুর রহমান ১৩৪ ভোট, কামরুন নাহার কণা ১৪৮ ভোট এবং মোছা. রিনা আখতার (মিলি) ৫৭ ভোট পেয়েছেন।

সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং শামীম আহমেদ চৌধুরী ১৯০ ভোট পেয়েছেন।

কার্যকরী সংসদ সদস্য পদে শামস ইমরান ৩৯২ ভোট এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ

এমএম২এইচে ২৩ মাসে ৭৬৫০ আবেদন, শীর্ষে চীনের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


এমএম২এইচে ২৩ মাসে ৭৬৫০ আবেদন, শীর্ষে চীনের নাগরিকরা

বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ প্রদানের লক্ষ্যে মালয়েশিয়া কর্তৃক চালু করা ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ (এমএম২এইচ) কর্মসূচিতে আন্তর্জাতিক আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর ২৩ মাসের মধ্যে কর্মসূচিটির চারটি শ্রেণিতে ৭ হাজার ৬৫০টি নতুন আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মধ্যে প্রায় অর্ধেকই চীনের নাগরিকদের। আবেদনকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ান, এরপর রয়েছে হংকং, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর প্রতিবেদনে পর্যটন, শিল্পকলা ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী চিউ চুন মানের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

উপমন্ত্রী চিউ চুন মানের দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত প্লাটিনাম, গোল্ড, সিলভার ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল শ্রেণিতে এসব আবেদন জমা পড়েছে।

জাতীয়তাভিত্তিক আবেদনের পরিসংখ্যানে চীনের নাগরিকদের অবস্থান শীর্ষে রয়েছে। দেশটির নাগরিকদের আবেদন সংখ্যা ৩ হাজার ৮৪৭টি। এরপর রয়েছে তাইওয়ানের ১ হাজার ৫৪টি, হংকংয়ের ৩২৪টি, সিঙ্গাপুরের ২৮৭টি এবং যুক্তরাষ্ট্রের ২৮৪টি আবেদন। এই পাঁচ দেশের বাইরে বিশ্বের অন্যান্য দেশ থেকে আরও ১ হাজার ৮৫৪টি আবেদন এসেছে। সব মিলিয়ে আবেদনের সংখ্যা ৭ হাজার ৬৫০।

মালয়েশিয়ার সংসদে দেওয়া পর্যটন, শিল্পকলা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তিয়ং কিং সিংয়ের লিখিত জবাব অনুযায়ী, ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত নতুন নীতিমালার অধীনে ৫ হাজার ৯৭২ জন বিদেশি এমএম২এইচের অনুমতিপত্র পেয়েছেন। তাদের মধ্যে মূল আবেদনকারী ২ হাজার ১৩৪ জন এবং নির্ভরশীল পরিবারের সদস্য ৩ হাজার ৮৩৮ জন।

অনুমতিপত্রধারীদের জাতীয়তাভিত্তিক তালিকায়ও চীনের নাগরিকরা শীর্ষে। দেশটির ৩ হাজার ৪১৪ জন নাগরিক এই সুবিধা পেয়েছেন। এরপর রয়েছে তাইওয়ানের ৬১১ জন, হংকংয়ের ২৯২ জন, সিঙ্গাপুরের ১৮৪ জন এবং যুক্তরাষ্ট্রের ১৭৪ জন। অর্থাৎ নতুন নীতিমালার আওতায় অনুমতিপত্র পাওয়া বিদেশিদের মধ্যে চীনের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি।

এমএম২এইচ কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান আসছে। উপমন্ত্রী চিউ চুন মানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি থেকে দেশের অর্থনীতিতে মোট ৮৮৫ কোটি রিঙ্গিতের অবদান এসেছে। এর মধ্যে ৫০০ কোটি রিঙ্গিতের বেশি আবাসিক সম্পত্তি কেনার মাধ্যমে এবং ৩৮২ কোটি রিঙ্গিত স্থায়ী আমানত হিসেবে মালয়েশিয়ার ব্যাংকগুলোতে জমা হয়েছে।

এদিকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এমএম২এইচ কর্মসূচির আওতায় ৭৪৪ জন বিদেশি অংশগ্রহণকারী মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন। তাদের মধ্যে চীনের ৩০৪ জন, তাইওয়ানের ৯১ জন, সিঙ্গাপুরের ৬৩ জন, যুক্তরাষ্ট্রের ৪১ জন, যুক্তরাজ্যের ৪০ জন, হংকংয়ের ৩৪ জন, অস্ট্রেলিয়ার ২৯ জন, বাংলাদেশের ১৯ জন, দক্ষিণ কোরিয়ার ১৫ জন এবং ইন্দোনেশিয়া ও জাপানের ১৪ জন করে রয়েছেন।

এছাড়া আরও ২ হাজার ৬৩৭ জন অংশগ্রহণকারী বাড়ি কেনার প্রক্রিয়ায় রয়েছেন। তাদের মধ্যে কেউ জমি বা আবাসিক এলাকা নির্বাচন করছেন, আবার কেউ বাড়ি কেনার চুক্তি চূড়ান্ত করছেন।

এমএম২এইচ কর্মসূচির নতুন নীতিমালায় চারটি শ্রেণি রয়েছে। প্লাটিনাম শ্রেণিতে ২০ বছর, গোল্ডে ১৫ বছর, সিলভারে পাঁচ বছর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা বিশেষ আর্থিক অঞ্চল শ্রেণিতে ১০ বছর মেয়াদি বসবাসের অনুমতিপত্র দেওয়া হয়। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব অনুমতিপত্র নবায়নের সুযোগ রয়েছে।

বিশেষ করে প্লাটিনাম শ্রেণির অনুমতিপত্রধারীরা চাকরি, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ পাবেন। তবে চাকরি বা ব্যবসা করা বাধ্যতামূলক নয়। নির্ধারিত আর্থিক যোগ্যতা, সম্পত্তি কেনা এবং অন্যান্য শর্ত পূরণ করেই এ সুবিধা নিতে হবে।

তবে এমএম২এইচ কর্মসূচি মালয়েশিয়ার নাগরিকত্ব কিংবা স্থায়ী বসবাসের অনুমতি দেয় না। এটি মূলত বিদেশিদের দীর্ঘমেয়াদী সামাজিক ভ্রমণ অনুমতিপত্র। মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন দেশের যোগ্য নাগরিকরা এ কর্মসূচিতে আবেদন করতে পারেন।

মালয়েশিয়ার পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে কর্মসূচিটির প্রচার বাড়াতে হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এমএম২এইচ কর্মসূচিতে বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণের ঐতিহাসিক ভিত্তিও রয়েছে। ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত পুরোনো কর্মসূচির জাতীয়তাভিত্তিক পরিসংখ্যানে বাংলাদেশ তৃতীয় অবস্থানে ছিল। ওই সময়ে বাংলাদেশি অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪ হাজার ৩৩৫ জন। তবে এটি পুরোনো কর্মসূচির পরিসংখ্যান; নতুন নীতিমালার অধীনে বাংলাদেশের আবেদনকারী কিংবা বর্তমানে বসবাসরত বাংলাদেশির সংখ্যা এর সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।

নতুন কর্মসূচির অধীনে ২০২৫ সালের শেষ পর্যন্ত মালয়েশিয়ায় বাড়ি কেনা বাংলাদেশির সংখ্যা ছিল ১৯ জন। তবে এটি মোট অনুমতিপত্রধারী বাংলাদেশির সংখ্যা নয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ জাতীয়তাভিত্তিক তথ্যে নতুন নীতিমালার অধীনে বাংলাদেশিদের মোট আবেদন, অনুমোদন এবং বর্তমানে বসবাসকারীর পূর্ণাঙ্গ সংখ্যা আলাদাভাবে প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইউনাইটেড ফিডেলিটি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ এম


যুক্তরাষ্ট্রে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইউনাইটেড ফিডেলিটি বন্ধ

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকটির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, কারণ এটি আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্যাংকটি বন্ধ হয়ে যায় এবং এর সমস্ত আমানত ও সম্পদ ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়। বন্ধ হওয়া ব্যাংকটির পাঁচটি অঞ্চলে মোট ২২টি শাখা বিদ্যমান। এই শাখাগুলি সোমবারের মধ্যে ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের শাখা হিসেবে পুনরায় চালু হবে।

যুক্তরাষ্ট্রের আমানত বীমা সংস্থা জানিয়েছে, সেপ্টেম্বরের শেষে ব্যাংকটির মোট সম্পদ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার এবং আমানত ছিল ৫৪০ কোটি ডলার। গ্রাহকদের সকল আমানত নিরাপদ রয়েছে এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বীমার আওতায় রয়েছে।

২০২৪ সালে রিপাবলিক ফার্স্ট ব্যাংক বন্ধ হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতার ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকটি বন্ধ হওয়ার ফলে আমানত বীমা তহবিলের প্রায় ১৮৩ কোটি ডলার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%