প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের হরিয়ানার রোহতকে একটি ধাবায় সশস্ত্র হামলার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের তদন্তে জানা গেছে, গ্যাংস্টার সানি রিটোলিয়াকে হত্যার পরিকল্পনায় তার কথিত প্রেমিকা জাহ্নবীকে ‘হানি ট্র্যাপ’ হিসেবে ব্যবহার করা হয়েছিল প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের দ্বারা।
ঘটনাটি ঘটে গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে। ওই রাতে সানি রিটোলিয়া তার প্রেমিকা জাহ্নবী এবং সহযোগীদের নিয়ে রোহতকের ‘মিলন ধাবা’য় রাতের খাবার খেতে গিয়েছিলেন। এই সময় সশস্ত্র হামলাকারীরা সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই চারজন তরুণ নিহত হন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে ধাবার পেছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন সানি।
পুলিশের সূত্র অনুযায়ী, জাহ্নবী মূলত প্রতিদ্বন্দ্বী ‘ভাউ রিটোলিয়া’ গ্যাংয়ের ইনফর্মার হিসেবে কাজ করছিলেন। সানির আস্থা অর্জন এবং তার গতিবিধি নজরদারিতে রাখার জন্য প্রায় তিন মাস আগে একটি সুপরিকল্পিত ছকের অংশ হিসেবে জাহ্নবীকে তার জীবনে পাঠানো হয়েছিল। অভিযোগ রয়েছে, বুধবার রাতে সানি ‘মিলন ধাবা’য় অবস্থান করছেন—এমন সুনির্দিষ্ট তথ্য ও লোকেশন প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের কাছে পাচার করেছিলেন জাহ্নবী। ফলে হামলাকারীরা ঠিক সময়ে অতর্কিত আক্রমণ চালাতে সক্ষম হয়।
তদন্তে আরো জানা গেছে, ঘটনার পরপরই ভারত ছেড়েছেন জাহ্নবী। পুলিশের ধারণা, সানির তথ্য দেওয়ার বিনিময়ে প্রতিদ্বন্দ্বী গ্যাং তাকে নিরাপদে দেশ ছাড়তে সহায়তা করার চুক্তি করেছিল। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামলার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালেই ব্যাংককগামী একটি ফ্লাইটে তিনি ভারত ত্যাগ করেন বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ তার বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারির প্রক্রিয়া শুরু করলেও ততক্ষণে তিনি সীমানা পেরিয়ে যান। তিনি ব্যাংকক থেকে অন্য কোনো দেশে চলে গেছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশের তদন্তে জাহ্নবীর পারিবারিক অপরাধ জগতের পটভূমিও উঠে এসেছে। তিনি উত্তর প্রদেশের কুখ্যাত ‘লেডি ডন’ বাবলি দেবীর মেয়ে। হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ভাড়াটে খুনের মতো অসংখ্য মামলার আসামি বাবলি দেবী একসময় নিজেই একটি গ্যাং গড়ে তুলেছিলেন এবং গ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একাধিকবার কারাবরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে গ্রেপ্তার হওয়া বাবলির সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল প্রশাসন।
উত্তর প্রদেশে সক্রিয় একটি গ্যাংয়ের হাতে জাহ্নবীর বাবা ও চাচা খুন হন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের মার্চ মাসে বাগপতে একটি বিয়ের অনুষ্ঠানে গ্রাম প্রধান নির্বাচন সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতার জেরে জাহ্নবীর বাবা বিবেক ওরফে ভিকি মালিককে গুলি করে হত্যা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার পানিপথে বসবাসকারী জাহ্নবী বিবাহিত ছিলেন, তবে পরবর্তীতে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। অতীতের পারিবারিক হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান গ্যাং দ্বন্দ্ব ও এই হানিট্র্যাপের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন