০৬:৫৭ পি.এম
বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০ দিন ধরে তাঁদের মুনাফার অর্থসহ মেয়াদোত্তীর্ণ গ্রাহকগণ আসল টাকাও ফেরত পাচ্ছেন না। নতুন করে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ‘পরিবার সঞ্চয়পত্র’ ও ‘পেনশনার সঞ্চয়পত্র’ গ্রাহকগণ মাসিক মুনাফার অর্থে সংসার ব্যয় নির্বাহ করেন, তাঁরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
মাসের নির্দিষ্ট সময়ে ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হওয়ার কথা থাকলেও সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বরিশাল অঞ্চলের লক্ষাধিক গ্রাহক গত প্রায় দশ দিন তাঁদের মুনাফার অর্থ পাচ্ছেন না। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালকের সাথে সেলফোনে আলাপের সময় তিনি জানান, সমস্যাটি বরিশালের সীমাবদ্ধ নয়, সারা দেশে বিরাজমান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাতে পারেননি।
গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের বেশিরভাগ সময়ও একই পরিস্থিতি অব্যাহত ছিল। বিগত দুটি ঈদ উৎসবের সময় ৭-৮ দিন ছুটি এবং গত ২০-২৪ অক্টোবর দুর্গাপূজার ৫ দিনের ছুটির সময়েও প্রাপ্য মাসিক মুনাফাপ্রদেয় পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফাপ্রদেয় বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপুল সংখ্যক গ্রাহকের ব্যাংক হিসাবে কোনো মুনাফা জমা হয়নি।
আরও পড়ুন: রংপুরে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ এর কার্যক্রম শুরু
সাম্প্রতিককালে সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী সাধারণ মানুষ এবং সরকারি ও আধাসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন স্কিমের বিনিয়োগকারীগণ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ।
গত কয়েকদিন ধরে বরিশালের বিভিন্ন ব্যাংক কাউন্টারে এসব বিনিয়োগকারীর ক্ষোভ ও হতাশার কথা শোনা যাচ্ছে। অপরদিকে সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিনিয়োগকারীদের অর্থ না পাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই ইতোমধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বিষয়টিকে ‘সরকারের অর্থ সংকটে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মুনাফা ও বিনিয়োগকৃত আসল অর্থ দেওয়া হচ্ছে না’ বলে প্রচার করে ‘বারবার সার্ভারের সমস্যাকে একটি অজুহাত’ বলেও প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন