মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪০ পি.এম
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন যে, চলতি বছরে ডেঙ্গু সংক্রমণের সর্বোচ্চ মৌসুম শুরু হওয়ার তিন থেকে চার মাস আগে থেকেই সরকার সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।
তিনি উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে লার্ভা শনাক্তকরণ ও ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪১-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য প্রদান করেন।
এম এ মুহিত আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য লার্ভা খুঁজে বের করা ও ধ্বংস করার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হচ্ছে। এই প্রতিরোধমূলক কার্যক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছে।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগীদের ডেঙ্গু পরীক্ষার সব ব্যবস্থা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া, হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে দুই মাস আগে দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা নির্মূল কার্যক্রম এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সমন্বিতভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন পরিচালনা করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি), যা দেশব্যাপী কৃমি সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়। ১৫ ও ১৬ নভেম্বর এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নারী, শিশু ও কিশোর-কিশোরীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাব সংলগ্ন রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান। এ সময় এসএমসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করার জন্য এসএমসির স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং অন্যান্য সেবাদানকারী দেশব্যাপী কাজ করেন। তাঁরা কৃমি সংক্রমণের কারণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এসএমসির কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (Albendazole 400 mg) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দেন। অংশগ্রহণকারীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয় এবং কৃমিমুক্ত সুস্থ পরিবার গঠনে ছয় মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনের বিষয়ে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। এ অর্জন ধরে রাখতে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। এসএমসি তার বিস্তৃত স্টার নেটওয়ার্কের মাধ্যমে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কৃমি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’
তছলিম উদ্দিন খান বলেন, ‘বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের ফলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনো বিপুলসংখ্যক মানুষের মধ্যে কৃমি সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।’
তিনি আরও বলেন, কৃমি সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। এসএমসি এ লক্ষ্যেই দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসির স্ট্র্যাটেজিক রিসার্চ কনসালট্যান্ট ড. মিজানুর রহমান, এসএমসি ইএল-এর বিক্রয় মহাব্যবস্থাপক চন্দ্রনাথ মণ্ডল, এসএমসির প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, প্রোগ্রাম মার্কেটিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং ফিল্ড অপারেশন বিভাগের উপমহাব্যবস্থাপক রেজাউল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএমসি জানিয়েছে, সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃমিমুক্ত পরিবার গঠনে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সশস্ত্র বাহিনী দিবসের উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপিত হবে। এদিন সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার নির্দিষ্ট সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের জন্য অনুরোধ করা হয়েছে।
আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যানজটমুক্ত রাখার উদ্দেশ্যে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, সেনানিবাসে অবস্থানরত ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। অন্য সব যানবাহনকে নির্ধারিত সময়ে সেনানিবাস এলাকার ভেতর দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও পোড়াও সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিশাল মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয় থেকে মোটরসাইকেল র্যালির সূচনা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, যাদের মোটরসাইকেলের সংখ্যা কয়েক হাজার ছিল।
ভাঙ্গা মাওয়া মহাসড়কের ভাঙ্গা শিবচর সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে ভাঙ্গা মুকসুদপুর সীমান্তবর্তী ও ভাঙ্গা নগর কান্দা সীমান্তবর্তী ঝাটুরদিয়া বাজার পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়, যা ঢাকা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মোটরসাইকেল র্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল খান বলেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতার কর্মকাণ্ড শুরু করেছে। জনগণের জানমাল হেফাজতের লক্ষ্যে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা সোচ্চারিত হয়ে উঠেছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আজকের এই মোটরসাইকেল র্যালির আয়োজন করেছে ভাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে সশরীরে উপস্থিত হয়ে দক্ষিণাঞ্চলের জনগণের সম্মান জানানোর উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই আমন্ত্রণটি স্পিকারের মাধ্যমে জানান।
বক্তব্যের শুরুতেই ড. শফিকুল ইসলাম মাসুদ লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণের অগ্রগতি এবং সার্বিক বিষয় সম্পর্কে সড়ক যোগাযোগ মন্ত্রীর দেওয়া জবাবের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ সেতুটির উদ্বোধন আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়, সেতুটির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে বাউফলে আসার অনুরোধও করেন তিনি।
এছাড়া, দক্ষিণাঞ্চলের নৌপথের বর্তমান সংকটের চিত্রও সংসদে তুলে ধরেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের পর বরিশাল, ভোলা ও পটুয়াখালী অঞ্চলে নৌ-চলাচলভিত্তিক পর্যটন শিল্পের একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি হয়েছে। নদী শুধুমাত্র চলাচলের মাধ্যম নয়; বরং কৃষি, মৎস্য, সেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সরাসরি সম্পর্কিত।
তবে, নাব্যতা সংকট এবং শীত মৌসুমে কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের লঞ্চ শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং এই শিল্পটি ধ্বংসের পথে রয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানান, পটুয়াখালী, বাউফল ও ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো নাব্যতা সংকটের কারণে প্রায়ই ডুবোচরে আটকা পড়ে এবং গন্তব্যে পৌঁছাতে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সময় লেগে যায়।
বক্তব্যের শেষে, বরিশাল, ভোলা ও পটুয়াখালীসহ সারা দেশের নৌপথের নাব্যতা সংকট নিরসন এবং নৌ-চলাচলকে সহজ ও সচল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী কী উদ্যোগ গ্রহণ করছে, তা জানতে চান সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ