ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মতিঝিলের হলিডে মার্কেটে কম দামে পণ্যের বিপুল পসরা


মতিঝিলের হলিডে মার্কেটে কম দামে পণ্যের বিপুল পসরা

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কটি সপ্তাহের বেশিরভাগ দিন ব্যস্ত থাকে। তবে শুক্রবার সেখানে দেখা যায় এক ভিন্ন দৃশ্য; সেটি হলো ‘হলিডে মার্কেট’। সড়কের দুই পাশে বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকানি পসরা সাজিয়ে বসেন। এই অস্থায়ী মার্কেটে পোশাক, পর্দা, শিশুদের খেলনা, প্রসাধনী, বাদ্যযন্ত্র, গাছ, ফুল-ফল, মিষ্টি এবং ঘরের সাজসজ্জার যাবতীয় সামগ্রী পাওয়া যায়।

হলিডে মার্কেট সকাল থেকেই শুরু হয়। এখানে কেউ সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন, কেউ কম দামে পছন্দের পণ্য খুঁজতে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বাজারটির খবর পেয়ে প্রথমবারের মতো দর্শনার্থী হয়ে আসেন। উচ্চমূল্যের বাজারে এসব ক্রেতা-দর্শনার্থী পছন্দসই পণ্য সাধ্যের মধ্যে থাকলে কিনে নেন।

মার্কেটটি সকাল থেকে শুরু হলেও দুপুর গড়াতে ক্রেতাদের সমাগম বাড়তে থাকে। ধীরে ধীরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে যেন পা ফেলার জায়গা থাকে না। অত্যাধুনিক শপিংমল, শোরুম ও বিপণিবিতানের তুলনায় কম দামে পণ্য পাওয়ার প্রত্যাশা এবং দরদাম করে কেনাকাটার সুযোগ থাকায় ক্রেতাদের কাছে বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: গভীর রাতে কোটি টাকার লেনদেনে সুপার পেট্রোকেমিক্যালের বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ

মালিবাগের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে এ বাজারে এসেছেন। তিনি বলেন, "বাড়িতে অতিথি আসবেন, তাই কিছু সাংসারিক প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছি। এখানে তুলনামূলক কম দামে সবকিছু পাওয়া যায়।" তিনি পানির পাত্র, লাইট ও ক্রোকারিজের মতো কিছু সামগ্রী কিনেছেন এবং আরো কি কি কেনা যায় তা দেখছেন।

মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা গৃহিণী রুমানা বেগম প্রায়ই আসেন এ বাজারে। সবশেষ পণ্য এক কেজি কমলা কিনে রিকশা ধরছিলেন। তিনি বলেন, "শীতের প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি পর্দাও কিনেছি। এখানে দামটাও তুলনামূলক কম।" এর ফলে সাংসারিক কেনাকাটায় সুবিধা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত মিঠুন আলী গাবতলীর আমিনবাজার এলাকা থেকে এসেছেন। এ বাজারে তার প্রথম আসা। তিনি বিছানার চাদর ও জানালার পর্দা কিনেছেন এবং ভাগনির জন্য জামা কিনতে দোকানির সঙ্গে দরকষাকষি করছেন। তার ধারণা, নিউ মার্কেট, ধানমন্ডি কিংবা এলিফ্যান্ট রোডের তুলনায় এখানে কিছু পণ্য কম দামে পাওয়া যায়; তবে খুঁজে নিতে হয়।

ঢাকার বাইরের ক্রেতারাও আসছেন

আরও পড়ুন: দরপত্র মূল্যায়নে বারিত প্রতিষ্ঠান যাচাই বাধ্যতামূলক: বিপিপিএর নতুন নির্দেশনা

এ মার্কেটে শুধু রাজধানীর বিভিন্ন প্রান্তের বাসিন্দারাই কেনাকাটা করতে আসেন না, পার্শ্ববর্তী মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, ভোলা, চাঁদপুর প্রভৃতি জেলার মানুষও এখানে কেনাকাটা করতে আসেন। বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন ঢাকায় থাকেন, তাদের অনেকেই আত্মীয়র বাসায় বেড়াতে এসে এই মার্কেট থেকে পণ্য কেনার উদ্দেশ্যে আসেন।

ভোলার জাহাঙ্গীর আলম দক্ষিণ যাত্রাবাড়ীতে আত্মীয়র বাসায় বেড়াতে এসেছেন। প্রবাসী এই ক্রেতার দাবি, শোরুমে দুই হাজার টাকায় যে পণ্য পাওয়া যায়, তা এখানে ১,৪০০ থেকে ১,৫০০ টাকা। তিনি দুটি ভারী পর্দা কিনেছেন ২,৮০০ টাকায়। তার ধারণা, শোরুমে একই ধরনের পর্দার দাম হতে পারে প্রায় সাত হাজার টাকা। এছাড়া একটি বিছানার চাদর কিনেছেন এক হাজার টাকায়।

চাঁদপুরের মোহাম্মদ মুসলিম এ বাজারে প্রতি কেজি ৫৬০ টাকা এবং প্রতি পিস ৩০ টাকা দরে মিষ্টি বিক্রি করেন। তিনি বলেন, "বাড়িতে তৈরি মিষ্টি এনে এখানে বিক্রি করি। অন্য দিনগুলোয় বাংলামোটর এবং শুক্রবারে এই বাজারে বসি। এখানে ঢাকার বাইরেও বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে কেনাকাটা করতে।" তিনি জানান, এখানে আসা সব ব্যবসায়ীরই ভালো বিক্রি হয়।

এক দিনের লাভেই চলে জীবিকা

আরও পড়ুন: পুঁজিবাজারে আসতে আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

ক্রেতাদের জন্য কম দামে পণ্য কেনার জায়গা হলেও বিক্রেতাদের কাছে শুক্রবারের বাজারটি আয়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাদের অনেকেই সপ্তাহের বাকি দিনগুলোয় অন্য এলাকায় ব্যবসা করেন। কেউ প্রতিদিনের নির্দিষ্ট জায়গায় বসেন, আবার কেউ একাধিক স্থানে ঘুরে পণ্য বিক্রি করেন। সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে দোকান সাজিয়ে বসা বিক্রেতাদের কাছে এ বাজার শুধু বাড়তি আয়ের জায়গা নয়, বরং অনেকের জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বনও। কারণ, এ মার্কেট থেকে এক দিনে যা আয় করা যায়, সপ্তাহের বাকি দিনগুলো থেকে তা অনেক বেশি।

ষাটোর্ধ্ব ফল বিক্রেতা কাজল মিয়া জানান, প্রায় এক যুগ ধরে তিনি এই হলিডে মার্কেটে ফল বিক্রি করছেন। এখানে তার বেচাকেনা বেশ ভালোই হয়। প্রতি কেজি ফলে ২০-৩০ টাকা লাভ করেন। অল্প লাভে বেশি বিক্রিতে বিশ্বাসী তিনি। তিনি পল্টন এলাকায় ফুটপাতে সপ্তাহের বাকি দিনগুলোয় ফল বিক্রি করেন। এ বাজারে দোকান বসাতে ফুটপাতের চেয়ে খরচ বেশি। কিন্তু অল্প লাভে বেশি বিক্রি করেন বলে খরচ বেশি হলেও তার দারুণ ব্যবসা হয়। এক দিন যা লাভ করেন, বাকি ছয় দিনেও তা হয় না বলে জানান কাজল।

দরদামে মেলে ভালো মানের পণ্য

এ বাজারে কেনাকাটার অন্যতম আকর্ষণ হলো দরদামের সুযোগ। তবে একদামের পণ্যও আছে। বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা গলা মিলিয়ে পুরুষদের টি-শার্ট বিক্রির জন্য ক্রেতাদের আকর্ষণ করছেন : একদাম ২০০, এক পিস ২০০—এমন হাঁকডাকে। নারীদের থ্রি-পিস ৫৫০ বা ৮০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে একদরের দোকান খুবই কম। বেশিরভাগ দোকানেই দরদাম ও পছন্দের মাধ্যমে পণ্য কেনা যায়।

আরও পড়ুন: ডিএসইতে আজ লেনদেন ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা

পুলিশ সদস্য জামিল আহমেদ জানান, কদিন আগে ঢাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। এখানে দরদাম করলে অনেক পণ্যই কম দামে পাওয়া যায় শুনে তিনি স্ত্রী-সন্তানদের জন্য পোশাক কিনতে এসেছেন।

উত্তরা থেকে আসা অনিত ও রুনা, দুই ভাই-বোন, তারাও এ মার্কেটে কেনাকাটা করতে এসেছেন। বিভিন্ন দোকান ঘুরে তারা নানা পণ্য কিনেছেন। রুনা বলেন, "এখানে কম দামেই পণ্য পাওয়া যায়। কিন্তু দেখে-শুনে কিনলে অল্প দামে ভালো পণ্য পাওয়া যায়। আমিও কিনলাম; এখন বাসায় যাচ্ছি।"

আবুল হোসেন নামের এক ক্রোকারিজ ব্যবসায়ী বলেন, "আমি ছয় পিস চামচ ৬৮ টাকায় কিনে বিক্রি করছি ৮০ টাকা। অন্য দোকানে একই ধরনের চামচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আমি অল্প লাভে বিক্রি করি বলে সন্ধ্যা হওয়ার আগেই সব পণ্য শেষ হয়ে যায়। কোনো পণ্যেই ১৫-২০ টাকার ওপর লাভ করি না। অল্প লাভ করি বলে এক শুক্রবারেই আমার লাভ থাকে ২৫০০-৩০০০ টাকার মতো।"

দোকানপ্রতি দিতে হয় সর্বোচ্চ হাজার টাকা। ২০০৭ সালে তৎকালীন ঢাকা সিটি করপোরেশন মতিঝিলের এই স্থানটি হকারদের জন্য বরাদ্দ দেয়। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ বাজারটির তদারকি শুরু করে। প্রায় দুই দশক ধরে প্রতি শুক্রবার বসা এ বাজারে পসরা সাজাতে ব্যবসায়ীদের ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দেওয়া লাগে।

আরও পড়ুন: বাংলাদেশে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র, ঢাকায় ‘টেস্ট অব আমেরিকা’ খাদ্য প্রদর্শনী

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, "আমি এই ফুটপাতেই প্রতিদিন ব্যবসা করে থাকি। শুক্রবারের জন্য আমার দেওয়া লাগে ৫০০ টাকা। বাকি দিনগুলোর জন্য ২৫০ টাকা করে দিতে হয়। এখানে এক দোকান বসাতে ৫০০ টাকা এবং দুই দোকান বসাতে এক হাজার টাকা দিতে হয়।"

তিনি বলেন, "এটা এক বছরের জন্য পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররাই প্রতিদিন ফুটপাতের এবং শুক্রবার বাজারের টাকা তোলেন। বাজারে দুই হাজারের বেশি দোকান বসে বলে দাবি করেন তিনি।"

ঘুরে ঘুরে শিশুদের খেলনা বিক্রেতা শরীয়তপুরের দেলোয়ার মগবাজারে থাকেন। তিনি এ বাজারে ‘পেজ বল’ নামের একটি খেলনা বিক্রি করছিলেন। তিনি জানান, এখানে খেলনা বিক্রি করতে তাকে ১০০ টাকা দিতে হচ্ছে।

ক্রেতাদের মধ্যে শিক্ষার্থী, চাকরিজীবী, পুলিশসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি যেমন রয়েছে, তেমনি এক দিনের বাজার হলেও এখানে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা জড়িয়ে আছে। ক্রেতারা কম দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ খুঁজছেন, আর বিক্রেতারা সীমিত পুঁজি ও সামান্য লাভে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। শুক্রবারের এই বাজার তাই শুধু কেনাবেচার জায়গাই নয়; নগর জীবনের ব্যস্ততার মধ্যে স্বল্প আয়ের মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক লড়াইয়েরও একটি চিত্র।

আরও পড়ুন: জাপানের অর্থনীতি তৃতীয় প্রান্তিকে স্থবির, প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে দুর্বল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও

সাতক্ষীরার তালা উপজেলায় তীব্র প্রশাসনিক ও জনসেবা সংকট দেখা দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘ তিন মাস ধরে শূন্য থাকার কারণে এবং সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হওয়ায় পুরো উপজেলার প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক সেবা ও স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রমে এর প্রভাব সরাসরি পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ নভেম্বর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস জান্নাতুল আফরোজ স্বর্ণাকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়। তালা পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি) পদটি গত তিন মাস ধরে শূন্য রয়েছে। বিগত সময়ে দুবার কর্মকর্তা পদায়ন করা হলেও বিভিন্ন অনিবার্য কারণে তারা যোগদান করেননি। ফলে উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ২০২৫ সালের ১১ আগস্ট তালায় যোগদান করেছিলেন। এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৩০ জুলাই তাকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর থেকেই পদটি শূন্য রয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আব্দুল আহাদকে তালা উপজেলায় পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। পরবর্তীতে চলতি মাসে গত এক সপ্তাহ পূর্বে জনাব নাজমুস সাকিবকেও এই পদে পদায়ন করা হলেও তিনিও অজ্ঞাত কারণে তালাতে যোগদান নাকরে অন্যত্র চলে যান।

সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় জমির নামজারি, খারিজ, ভূমি সংক্রান্ত শুনানি, খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের মতো অতি জরুরি কাজগুলো থমকে গেছে। সাধারণ সেবাগ্রহীতারা দিনের পর দিন অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এসি ল্যান্ডের পদ দীর্ঘদিন শূন্য থাকায় এর বহুমুখী প্রভাব পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতেও। যেকোনো জমি বেচাকেনা বা হস্তান্তরের পূর্বশর্ত হলো অনলাইনে নামজারি ও ভূমি সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা, যা এসিল্যান্ডের এখতিয়ারভুক্ত।

তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘ তিন মাস ধরে এসি ল্যান্ড না থাকায় এবং মিউটেশনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় এই সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কার্যক্রম বর্তমানে প্রায় বন্ধ রয়েছে। এর ফলে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই অফিসের স্বাভাবিক কার্যক্রম।

একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রি অফিসের এই জটিলতায় উপজেলার সার্বিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল, সেবাগ্রহীতা ও এলাকাবাসী তালা উপজেলার ভূমি প্রশাসনে দ্রুত স্থায়ী সমাধান এবং একজন দায়িত্বশীল সহকারী কমিশনার (ভূমি) ও নতুন ইউএনও পদায়ন করে নিয়মিত কার্যক্রম চালুর জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭০ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭০ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

রাজশাহী, ১৫ নভেম্বর ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ১৭০ জনকে গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গতকাল ১৪ নভেম্বর (শনিবার) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় রাজশাহী রেঞ্জ এলাকায় খুন, ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, চুরি এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা বা ঘটনা রেকর্ড হয়নি। তবে এই সময়ে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ১টি এবং অন্যান্য খাতে ৫০টি, মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অপমৃত্যুর তিনটি ঘটনা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রাজশাহী রেঞ্জের পক্ষ থেকে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৭০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানা মূলে ৬২ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলায় ৮২ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য খাতে ১২ জন রয়েছেন। এছাড়াও, পৃথক অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫৯ পিস ইয়াবা, ৫৮৮ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাই মদ এবং ১৫ লিটার ওয়াশ। তবে এই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনা ঘটেনি।

রাজশাহী রেঞ্জ পুলিশ জানাচ্ছে, সাধারণ মানুষকে নির্বিঘ্নে পুলিশি সেবা প্রদানে তারা তৎপর রয়েছে। এ সময়ের মধ্যে মোট ৯০৪ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এই সেবার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৭ জনে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জ পুলিশের এই ধরনের তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে নিজ বাড়ির দরজার সামনে মিলল প্রবাসী রফিকুল ইসলামের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


দিনাজপুরে নিজ বাড়ির দরজার সামনে মিলল প্রবাসী রফিকুল ইসলামের মরদেহ

দিনাজপুরের ঘোরাঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামে কাশিবাড়ি কাচারি এলাকায়।

নিহত রফিকুল ইসলাম তালুকদার (৫০) ছিলেন ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় কাটানোর পর, তিনি গত দেড় বছর আগে দেশে ফিরে আসেন। স্ত্রী’র সঙ্গে ছয় মাস আগে বিবাহ বিচ্ছেদের পর তিনি নিজ বাড়িতে একা বসবাস করতেন। তাদের দুই মেয়ে বর্তমানে মায়ের সঙ্গে নানাবাড়িতে অবস্থান করছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই রাতে রফিকুলের বড় ভাই তাকে খাবার খেতে না আসায় কয়েকবার ফোন করেন। যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বড় ভাই সাইদুল ইসলাম তার বাড়িতে খোঁজ নিতে যান। বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন, যার ফলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।

ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, হত্যাকারী এবং হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রেক্ষিতে রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম, সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।

জলবায়ু অবিচার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বিভিন্ন প্লাকার্ড ও খালি কলস নিয়ে এলাকার শত শত নারী ও পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা সরকারের পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ এবং দেশের উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবি জানান।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মো. আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%