০৬:৩২ পি.এম
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব’-এর ৪৬তম আসরে ছবিটি নির্বাচিত হয়েছে। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র এই উৎসবে স্থান পেয়েছে।
প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের প্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত রাশিয়ার ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘নিশি’। গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
নির্মাতা গোলাম রাব্বানী এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছ, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয় আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’
আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে আবেগঘন পোস্ট অনিল কাপুরের
জানা গেছে, উৎসবটি আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত হবে।
গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘নিশি’র কাহিনি আবর্তিত হয়েছে চা-বাগানের এক শ্রমিকের মেয়েকে ঘিরে। পানির সংকটের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। কাঠ ব্যবসায়ী লালচাঁন বাড়িতে একটি নলকূপ বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায়। ছবিটিতে একটি শিশুর শিক্ষা, অধিকার ও জীবনের সংকট তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চা-শ্রমিকের মেয়ে নিশি, চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। ছবিটি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে।
‘নিশি’র নির্মাণে আন্তর্জাতিক সহযোগিতার ছাপ স্পষ্ট। ছবিটির চূড়ান্ত সম্পাদনা, রঙের বিন্যাস ও শব্দ সংযোজনের কাজ পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণ করেছেন ওই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় ছবিটির শুটিং হয়েছে।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
এর আগে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে ‘নিশি’। এটি প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও ছবিটি পুরস্কার জিতেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন