১১:২৪ পি.এম
মাদক সেবনের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি এবং গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জহিরুল ইসলামের বাড়ি গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
আরও পড়ুন: রিজভী: এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামের মাদক সেবনের দৃশ্য রয়েছে এমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতাদের নজরে আসার পর তাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে জহিরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, "জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, জহিরুল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। "আমরা ভিডিও ক্লিপ ও অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করছি। তদন্ত করে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।"
আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন