০৯:৫৪ পি.এম
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। স্থানীয় জেলেদের কাছ থেকে মাছটি কিনে নিয়েছেন এক স্কুলশিক্ষক। পরবর্তীতে তিনি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দামে মাছটি বিক্রির পরিকল্পনা করেছেন। সেই অনুযায়ী, মাছটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা হবে।
বিরল আকৃতির মাছটি দেখতে শিক্ষক সাজুর বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষজন। রবিবার (২১ জুন) সকালে কুড়িগ্রামের অনন্তপুর এলাকার জেলে বকুল চন্দ্র ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। রাতভর মাছ ধরার পর ভোর বেলায় ব্রহ্মপুত্র নদ থেকে বিশাল আকৃতির বাঘাইড়টি জালে ওঠে।
জানা যায়, মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেন অনন্তপুর এলাকার স্কুলশিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজু। তিনি বলেন, "ব্রহ্মপুত্র নদে নতুন পানি আসায় বড় মাছের চলাচল বেড়েছে। এ সুযোগে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বাঘাইড়টি ধরা পড়ে।" প্রত্যন্ত এলাকা থেকে এত বড় মাছ বাজারজাত করা জেলেদের জন্য কষ্টসাধ্য হওয়ায় তিনি মাছটি কিনে নিয়েছেন।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
তিনি আরও বলেন, "৫৫ কেজির এই মাছ একা খাওয়া সম্ভব নয়। তাই প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রির উদ্যোগ নিয়েছি। এতে মাছটি প্রায় ৮৫ হাজার টাকায় বিক্রি হবে।"
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, "বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদে মাছের বিচরণ বেড়েছে। জেলেদের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়া অবশ্যই সুখবর। মৎস্য সম্পদ সংরক্ষণে আমরা সারা বছর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন