ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নতুন কায়দায় বানানো হচ্ছে ‘মুরগি’, না জানলেই বিপদ


নতুন কায়দায় বানানো হচ্ছে ‘মুরগি’, না জানলেই বিপদ

রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম) মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে তিনি ওই অ্যাপ ইনস্টলের কিছুক্ষণ পর তার মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে জমা হয় ১ হাজার ৬২৫ টাকা।

তিনি ভেবেছিলেন, সম্ভবত কেউ ভুল করে টাকা পাঠিয়েছেন। তাই তিনি বিষয়টি নিয়ে আর অনুসন্ধান করেননি।

পাঁচ দিন পর হোয়াটসঅ্যাপে একটি ফোন কল আসে। অপর প্রান্ত থেকে ২ হাজার ৫০০ টাকার কথা বলা হয়। আরও বলা হয়, অ্যাপ থেকে ঋণ নিয়েছেন জবা। সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০ টাকায় পরিণত হয়েছে।

আরও পড়ুন: প্রতিবন্ধী শিশুদের জন্য দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন

জবা ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই শুরু হয় গালিগালাজ। তার ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাকে ও তার মেয়েকে সামাজিকভাবে হেয় করা হবে। ফেসবুকে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে পাঠানো হবে তাদের আপত্তিকর ছবি ও তথ্য। তখন জবা বুঝতে পারেন, তার ও পরিবারের সদস্যদের ছবি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে একটি চক্র।

চলতি বছরের এপ্রিলে জবা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তদন্তে নেমে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়। অন্য একটি তদন্তাধীন মামলায় চক্রটির কয়েক সদস্য গ্রেপ্তার হন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চক্রটির সদস্যরা নানা কৌশলে মানুষের ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করেন। পরে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। তারা অন্যান্য সাইবার অপরাধেও জড়িত।

জবার ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করা হচ্ছে। কখনো ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কখনও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করা হচ্ছে। পাশাপাশি চলছে অনলাইন আর্থিক প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিং।

আরও পড়ুন: বসুন্ধরা সিটি শপিং মলে কেএফসির ৫১তম আউটলেটের উদ্বোধন

সাইবার অপরাধীদের লক্ষ্য বর্তমানে মানুষের ব্যক্তিগত তথ্য, ছবি ও সামাজিক পরিচয়। এসব ব্যবহার করে ভুক্তভোগীদের জিম্মি করা হচ্ছে। কেউ অর্থ দিতে বাধ্য হচ্ছেন, কেউ পড়ছেন সামাজিক ও পারিবারিক সংকটে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্বল পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করা, ভুয়া আইডি ও হ্যাকিংয়ের কারণে এসব ঘটনা বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে না পারাও এর অন্যতম কারণ। দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা গেলে অপরাধ কমত।

ঋণ থেকে চাকরি, নানা প্রলোভনে অনলাইন প্রতারণা

‘সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন’ নামে ফেসবুকে একটি ভুয়া পেজে টিসিবির মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রচার চালানো হয়। রাজধানীর কলাবাগান এলাকার এক বাসিন্দা ওই পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। তাকে অস্বাভাবিক ছাড়ে পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুন: ধলেশ্বরী টোলপ্লাজায় ৮ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২০ মোবাইল

পরে পণ্যের অগ্রিম মূল্য পাঠাতে বলা হলে তিনি এমএফএস সেবার মাধ্যমে ৩৫ হাজার ৪০০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট নম্বরগুলোয় যোগাযোগের চেষ্টা করেও আর সাড়া পাননি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে থানায় জিডি করেন।

ভার্চ্যুয়াল মাধ্যমে এ ধরনের প্রতারণা ঘটছে নিয়মিত। ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার এসব প্রতারণার অভিযোগ কয়েকটি শ্রেণিতে ভাগ করে গ্রহণ করেছে। এর মধ্যে ঋণ ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ ৫৬টি। মিথ্যা পরিচয়ে প্রতারণার ৯২টি। সেবা বা পণ্য বিক্রির নামে প্রতারণার ৮৮টি এবং চাকরির নামে প্রতারণার ৪১টি অভিযোগ আছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগের সংখ্যা দিয়ে প্রকৃত ভুক্তভোগীর চিত্র বোঝা যায় না। অনেকেই সামাজিক সম্মানহানি, হয়রানি কিংবা আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার আশংকায় অভিযোগ করতে চান না। আবার লিখিত অভিযোগ বা জিডি করলেও সবাই মামলা করতে আগ্রহী হন না।

কম ক্ষয়ক্ষতি হওয়া অপরাধের ক্ষেত্রে এমন প্রবণতা বেশি দেখা যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, অনলাইনে আর্থিক লেনদেনের আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করতে হবে। অপরিচিত কাউকে অগ্রিম টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত প্রমাণসহ পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠিকাদার অনিয়ম করছেন কি না, তা স্থানীয়ভাবে নজরদারি করতে হবে: চসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ঠিকাদার অনিয়ম করছেন কি না, তা স্থানীয়ভাবে নজরদারি করতে হবে: চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন যে, নির্মীয়মাণ সড়কগুলো ব্যবহার করবেন নাগরিকরা, এবং তাদের পরিবারের সদস্য ও সন্তানরাও সেগুলো দিয়ে চলাচল করবে। কাজের মান নিশ্চিত করার দায়িত্বও তাদের উপর বর্তায়। ঠিকাদাররা কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ করছেন কি না, তা স্থানীয়ভাবে নজরদারি করা আবশ্যক। কোথাও যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সরাসরি তাকে জানাতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) নগরের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে চলমান উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘উন্নয়নকাজের গুণগত মানের ব্যাপারে কোনো ধরনের আপস করা যাবে না। ঠিকাদার যে-ই হোক, কাজের মান নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।’

তিনি উল্লেখ করেন, ‘গোসাইলডাঙ্গা এলাকায় দীর্ঘ ১৫-১৬ বছর ধরে মানুষ প্রত্যাশিত উন্নয়নের ছোঁয়া পায়নি। নগরীর প্রতিটি এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে চসিক কাজ করে যাচ্ছে। আগামী ছয় মাস, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর থেকে আগামী মে মাস পর্যন্ত সড়ক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, নগরীর প্রতিটি অলিগলির সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।’

চসিক সূত্রে জানা যায়, ওয়ার্ডের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে দুই কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে চসিক। এসব প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ, স্ল্যাব স্থাপন, সড়ক সংস্কার, সলিং, সাব-বেইজ, ম্যাকাডম, বিটুমিনাস কার্পেটিং ও রোড মার্কিংসহ নানা উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও আনোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগান প্রতিনিধিদল বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


আফগান প্রতিনিধিদল বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি কারিগরি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে, যা দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে। কাবুল টাইমস আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার, আফগানিস্তানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওপিএইচ) অধীনে ন্যাশনাল ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এনএফডিএ) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই পাঁচ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন ওষুধ কারখানার পরিদর্শন করবে। তারা সেখানে উৎপাদিত ওষুধের গুণগত মান ও কার্যকারিতা মূল্যায়ন করবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে নিম্নমানের ওষুধ আমদানি প্রতিরোধের উদ্দেশ্যে ওষুধের প্রয়োজনীয় মানদণ্ড নিশ্চিত করা এই সফরের প্রধান লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ‎শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


পিরোজপুরে ‎শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু
 
 রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে। 
আজ বুধবার সকালে এ উৎসবের উদ্বোধন করা হয়।
 
প্রতিবছর রাস পূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হয়। সকালে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে সঙ্ঘের পতাকা উত্তোলনের পর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। 
 
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আয়োজকদের দাবি, পাঁচ দিনব্যাপী এ উৎসবে পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। উৎসবটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন তারা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে অনুষ্ঠিত আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ফেনীতে অনুষ্ঠিত আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬

ফেনী, ২৫ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ‘আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ফেনীর একটি কনভেনশন সেন্টারে দেশের ৬টি জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়কদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক।

‘দক্ষ যুব, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সম্মেলনটি আয়োজন করে।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফেনীর উপ পরিচালক মো: জাকির হোসেন।

বক্তারা উল্লেখ করেন, পৃথিবীতে কোনো মানুষ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য পরিবেশ, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের ভালো থাকা প্রয়োজন। সুতরাং, সবাইকে নিয়ে ভালো থাকার আয়োজন করতে হবে এবং এই দায়িত্ব তরুণদের নিতে হবে। প্রস্তুতি গ্রহণের প্রয়োজন রয়েছে।

তারা আরও বলেন, যাদের কথা আমাদের সাথে মেলে, তাদের কথা আমাদের ভালো লাগে, আর যাদের কথা আমাদের সাথে মেলেনা, তাদের কথায় আমরা উগ্র হয়ে যাই। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সব মত ও পথের মানুষের কথা শুনতে হবে। সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র আরো সুন্দর হয়ে উঠবে।

অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো: রাসেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।

জেলা পর্যায়ে শান্তি সহায়ক তরুণদের পক্ষে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সিগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান এবং ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ। অনুষ্ঠান শেষে সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ১৫ তরুণকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%