০৯:০৯ পি.এম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদন পেলে যে কোনো মুহূর্তে বদলির ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যারে কোনো জটিলতা নেই। প্রার্থীদের আবেদন বাতিল ও সংশোধন নিয়ে কিছু দাবি রয়েছে। তবে এই দাবিগুলোর বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের। মাউশির করণীয় এখানে কিছু নেই। শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে যে কোনো সময় বদলির ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শিক্ষামন্ত্রী দেশের বাহিরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর বদলির ফল প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে।’
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
এদিকে, ৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ জারি না হলে আগামী ৪ নভেম্বর থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হবে।
শনিবার, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এক ফেসবুক পোস্টে একটি ব্যানার শেয়ার করে এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ জারি না হলে আগামী ৪ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। বদলির জন্য ১৩ হাজার ৬৭৮টি আবেদন জমা পড়েছে। তবে একজন প্রার্থী একাধিক প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার সুযোগ পাওয়ায় আবেদনকৃত প্রকৃত প্রার্থীর সংখ্যা জানা যায়নি।
আরও পড়ুন: টেকনাফে অভিযান, উদ্ধার হলো ১০০টির বেশি আইইডি বোমা ও বিপুল অস্ত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন