মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৯ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হচ্ছে, আরেকদিন গাড়ি চাওয়া হচ্ছে, অন্যদিন খাতা চাওয়া হচ্ছে—অনেক কিছুই চাওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশে ছিলেন, তখন তিনি বলতেন, ‘ভারতকে যা দিয়েছি সারাজীবন মনে রাখবে’। কিন্তু বর্তমানে ভারত তাকে একটি বিমানও প্রদান করছে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে অনুষ্ঠিত মোটরসাইকেল র্যালির পূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, মাঝখানে খবর এসেছে যে, বেলারুশসহ বিভিন্ন দেশে তাকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই ঝামেলা কেউ নিতে চাইছে না। আবার পাসপোর্ট নেওয়ার চেষ্টা চলছে যাতে কোথাও যাওয়া যায়, কিন্তু সেটাও হচ্ছে না। উপায় না পেয়ে তারা এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে আমাদের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান হচ্ছে, ভারতকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং তার বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দেশে এবং বিদেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও ক্রস-বর্ডার টেররিজমে ভারত সরাসরি ইন্ধন দিচ্ছে।
৫ আগস্টে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলা হচ্ছে তা কেবল মিডিয়া স্টান্টবাজি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, হাসিনা কি মেহমান যে তার জন্য বিমান পাঠাতে হবে? তিনি সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। কিন্তু পালিয়ে গিয়ে এখন আসি আসি বলেও আসবে না। আমরা চাই তিনি ফেরত আসুন। ফেরত আসলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাতে ময়মনসিংহ নগরীর সেনিবাড়ি এলাকার নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মন্ডল (২৪) ও মো. রাকিব (২০)।
পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ‘মেগা পার্সনাল’ অ্যাপ ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। চক্রটি প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।
এ চক্রের সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। তাদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি সাইবার আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শেখ হাসিনাকে দেশে দ্রুত ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, "১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরলে সমস্যা কোথায়?" দেশে ফিরে আসার পর তাকে প্রাপ্য বিচারের মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করেন। একই সঙ্গে, দেশ ত্যাগের কারণ সম্পর্কেও তাকে প্রশ্ন করা প্রয়োজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, এসব কারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করার জন্য শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে বন্ধ বা অকার্যকর হয়ে পড়া শিল্পকারখানাগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
আমদানি-রফতানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রফতানির তুলনায় বেশি। তবে এ ব্যবধান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং দেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।
এছাড়া, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়েও আলোচনা করেন মন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, "যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না।"
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, "আওয়ামীলীগের যারা নির্ভীক নেতাকর্মী আছেন সারা বাংলাদেশে। আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখেন, শেখ হাসিনা দেখে আসলে কেন একজন নেতাও দেশে আসতেছে না।"
তিনি আরও বলেন, "ডিসেম্বর যত এগিয়ে আসবে দেখবেন, তারা লন্ডন-আমেরিকায় বসে বসে এক্সকিউজ বানাচ্ছে। কারও ক্যান্সার হবে, কারও পেটের ব্যথা হবে, কারও ডায়রিয়া হবে, কারও মেয়ের বিয়ে ছেলের বিয়ে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় থাকবে।"
কুমিল্লার এই সংসদ সদস্য মন্তব্য করেছেন যে, পলাতক শেখ হাসিনার কথায় দেশের কোনো মানুষ রাস্তায় নেমে আসবে না। তার ভাষ্য, "হাসিনার পক্ষ হয়ে কেউ রাস্তায় আসছে, আসে নাই। সীমান্তের ওপার থেকে একটা কথা বলে আর এই পাশে উশৃংখল কিছু কর্মী আছে, ওরা হচ্ছে আবেগের বশবর্তী হয়ে নিজে নিজে ‘জয় বাংলা’ বলে একটা ককটেল ফোঁটায়। অথচ নেতারা কিন্তু বিদেশে বিলাসী জীবন যাপন করছে।"
তিনি আরও যোগ করেন, "যে যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড। আর আপনার আপা এই আপা কোনোদিনও আসবে না। তাদের রিমোট কন্ট্রোল কোথায় সেটা আমরা জানি। যদি সে দেশে আসতো, তার নেতারা আগে দেশে আসতো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের গুঞ্জন শোনা গেলেও, এটি এখনও চূড়ান্ত হয়নি। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বশেষ (তৃতীয়) প্রস্তাবে মালিকপক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা প্রস্তাব করেছে। তবে, এই প্রস্তাবে কোনো পক্ষই সন্তুষ্ট নয়, ফলে আলোচনা এখনও চলমান রয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
ব্রিফিংয়ে, মজুরি বোর্ডের চেয়ারম্যান বিভিন্ন গ্রেডে মালিক ও শ্রমিকপক্ষের দেওয়া সর্বশেষ (তৃতীয়) প্রস্তাবের বিস্তারিত চিত্র তুলে ধরেন।
• প্রথম গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ৩৫ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৮ হাজার ৮২৮ টাকা।
• দ্বিতীয় গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ৩০ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৭ হাজার ৮৮৭ টাকা।
• তৃতীয় গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ২৭ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৬ হাজার ৯৯৬ টাকা।
• চতুর্থ গ্রেড (ন্যূনতম মজুরি): শ্রমিকপক্ষের প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।
সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট করে বলেন, এটি সর্বশেষ প্রস্তাব, কিন্তু মোটেও ফাইনাল (চূড়ান্ত) নয়। শ্রমিকপক্ষ এই প্রস্তাবে সন্তুষ্ট নয়, আবার মালিকপক্ষও তাদের নানা সমস্যার কথা বলে এর চেয়ে বাড়াতে চাচ্ছে না। দুই পক্ষের আপত্তি থাকায় আলোচনা এখনও চলমান রয়েছে।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, গতকাল সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত বৈঠক চলেছিল। আজও বৈঠক রাত ৯টা পর্যন্ত গড়াতে পারে। তবে, আজকের মধ্যেই আলোচনা শেষ করে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ