মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৯ পি.এম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, "যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না।"
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, "আওয়ামীলীগের যারা নির্ভীক নেতাকর্মী আছেন সারা বাংলাদেশে। আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখেন, শেখ হাসিনা দেখে আসলে কেন একজন নেতাও দেশে আসতেছে না।"
তিনি আরও বলেন, "ডিসেম্বর যত এগিয়ে আসবে দেখবেন, তারা লন্ডন-আমেরিকায় বসে বসে এক্সকিউজ বানাচ্ছে। কারও ক্যান্সার হবে, কারও পেটের ব্যথা হবে, কারও ডায়রিয়া হবে, কারও মেয়ের বিয়ে ছেলের বিয়ে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় থাকবে।"
কুমিল্লার এই সংসদ সদস্য মন্তব্য করেছেন যে, পলাতক শেখ হাসিনার কথায় দেশের কোনো মানুষ রাস্তায় নেমে আসবে না। তার ভাষ্য, "হাসিনার পক্ষ হয়ে কেউ রাস্তায় আসছে, আসে নাই। সীমান্তের ওপার থেকে একটা কথা বলে আর এই পাশে উশৃংখল কিছু কর্মী আছে, ওরা হচ্ছে আবেগের বশবর্তী হয়ে নিজে নিজে ‘জয় বাংলা’ বলে একটা ককটেল ফোঁটায়। অথচ নেতারা কিন্তু বিদেশে বিলাসী জীবন যাপন করছে।"
তিনি আরও যোগ করেন, "যে যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড। আর আপনার আপা এই আপা কোনোদিনও আসবে না। তাদের রিমোট কন্ট্রোল কোথায় সেটা আমরা জানি। যদি সে দেশে আসতো, তার নেতারা আগে দেশে আসতো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের গুঞ্জন শোনা গেলেও, এটি এখনও চূড়ান্ত হয়নি। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বশেষ (তৃতীয়) প্রস্তাবে মালিকপক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা প্রস্তাব করেছে। তবে, এই প্রস্তাবে কোনো পক্ষই সন্তুষ্ট নয়, ফলে আলোচনা এখনও চলমান রয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
ব্রিফিংয়ে, মজুরি বোর্ডের চেয়ারম্যান বিভিন্ন গ্রেডে মালিক ও শ্রমিকপক্ষের দেওয়া সর্বশেষ (তৃতীয়) প্রস্তাবের বিস্তারিত চিত্র তুলে ধরেন।
• প্রথম গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ৩৫ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৮ হাজার ৮২৮ টাকা।
• দ্বিতীয় গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ৩০ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৭ হাজার ৮৮৭ টাকা।
• তৃতীয় গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ২৭ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৬ হাজার ৯৯৬ টাকা।
• চতুর্থ গ্রেড (ন্যূনতম মজুরি): শ্রমিকপক্ষের প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।
সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট করে বলেন, এটি সর্বশেষ প্রস্তাব, কিন্তু মোটেও ফাইনাল (চূড়ান্ত) নয়। শ্রমিকপক্ষ এই প্রস্তাবে সন্তুষ্ট নয়, আবার মালিকপক্ষও তাদের নানা সমস্যার কথা বলে এর চেয়ে বাড়াতে চাচ্ছে না। দুই পক্ষের আপত্তি থাকায় আলোচনা এখনও চলমান রয়েছে।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, গতকাল সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত বৈঠক চলেছিল। আজও বৈঠক রাত ৯টা পর্যন্ত গড়াতে পারে। তবে, আজকের মধ্যেই আলোচনা শেষ করে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিস্টেম (SheSTEM) প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তিন বছরে ২৯০ জন তরুণীর জন্য তৈরি করা হয়েছে। প্রকল্পটির কার্যক্রম ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে, যেখানে নারীদের সংখ্যা ৬০ শতাংশ।
নেদারল্যান্ডস দূতাবাসের (ইকেএন) সহায়তায় পরিচালিত শিস্টেম কনসোর্টিয়ামের তিন বছর মেয়াদি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান রোববার রাজধানীর আমারি ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা প্রকল্পের অর্জন পর্যালোচনা করেন। এই সময় প্রকল্পে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশে স্টেম খাতে কর্মরত নারীদের হার মাত্র ১৪ শতাংশ। নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৩ সালের নভেম্বরে শিস্টেম প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর অন্যান্য সদস্যরা হলো টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
প্রকল্পের আওতায় তিন বছরে দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, রোল মডেল টক, শিল্প খাতের নেতাদের সঙ্গে সরাসরি মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিশ্চিত করতে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি কার্যক্রমও পরিচালিত হয়েছে।
এ কার্যক্রমে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত ছিল। এ ছাড়া বিএসআরএম ও ওয়ালটনের মতো নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রকল্পটি কাজ করেছে।
প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর ওপর জরিপের ভিত্তিতে তৈরি ‘শিস্টেম বিজনেস কেস রিপোর্ট’। এই রিপোর্টে স্টেম খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।
২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু করা হবে। এই কর্মসূচিতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথম শিস্টেম-বিএসআরএম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেছেন। কুয়েটে আয়োজিত ‘কেস ক্র্যাক ২.০’সহ বিভিন্ন বিজনেস-টেক চ্যালেঞ্জে ৩০০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লাইটক্যাসল পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম বলেন, ‘তিন বছর আগে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, মেধার কোনো জেন্ডার নেই। আজ আমরা সেই নারীদের উদ্যাপন করছি, যাঁরা তা প্রমাণ করেছেন। একই সঙ্গে তাঁদের জন্য সুযোগ তৈরি করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাদেরও সম্মান জানাচ্ছি।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভলার্ন কনসাল্টিংয়ের ম্যানেজিং পার্টনার। স্টেম খাতে নারীদের জন্য সমতাভিত্তিক সুযোগ তৈরির বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এনএসইউ, এইউএসটি, এটুআই, বিএসআরএম ও ইউএনডিপির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল। এ সময় মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ‘শিস্টেম অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়।
প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এর মাধ্যমে গড়ে ওঠা অংশীদারত্ব, মেন্টর নেটওয়ার্ক ও কর্মসংস্থানের সুযোগ অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, স্টেম খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর, ২৪ নভেম্বর, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিওনের আওতাধীন কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত ছয়শ কিলোমিটার সীমান্ত অবস্থিত।
এই রিজিওনে মোট দুটি সেক্টর রয়েছে, কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে সাতটি ব্যাটালিয়ন পরিচালিত হচ্ছে।
যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি ৪৯ ব্যাটালিয়ন (যশোর বিজিবি) দায়িত্ব পালন করছে।
বর্তমান দেশের প্রেক্ষাপটে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোন ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি উল্লেখ করেছেন, বিজিবি সদর দফতরের নির্দেশ অনুযায়ী যশোর সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে ২৪ ঘন্টা বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাতের সময়ে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি, থার্মাল ড্রোন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে অথবা কাউকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে দেখলে বিষয়টি সঙ্গে সঙ্গে বিজিবিকে জানাতে সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে।
তিনি বলেন, যদি কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে, তবে তাকে গ্রেফতার করা হবে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ আলোচনার পর পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষ উপস্থাপন করেছে। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, দ্রুত আলোচনা করে আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
এর আগে, সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব তুলে ধরেছিল। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
পরে মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের আলোচনায় নতুন মজুরি নিয়ে দর কষাকষি চলছে।
মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশগ্রহণ করেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ