১০:২৩ পি.এম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির সাবেক সেনাপ্রধান ও আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রীপ্রার্থী গাদি আইজেনকোট রীতিমতো তোপ দেগেছেন। তিনি এ বিষয়ে বলেছেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে নেতানিয়াহু যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। নেতানিয়াহুর এ বক্তব্য ইসরাইলিদের আতঙ্কিত করার উদ্দেশ্যে করা হয়েছে। খবরটি আলজাজিরার।
গাদি আইজেনকোট গত মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এই সময়, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজ বুধবার (১ জুলাই) মধ্য ইসরাইলে আয়োজিত এক সম্মেলনে বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট বলেছেন, ‘নেতানিয়াহু অত্যন্ত জঘন্য কথা বলেছেন। ইরানের কাছে কোনো পরমাণু বোমা ছিলই না। ইসরাইলি জনগণকে ভয় দেখাতে তিনি বাস্তবতাকে বিকৃত করছেন।’
আরও পড়ুন: কমিউনিটি ব্যাংক পুলিশের তিন প্রতিষ্ঠানে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিল
আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি টুগেদার রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন, তিনিও নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করেছেন।
একই সম্মেলনে বেনেট বলেন, ‘গতকাল বলা হয়েছিল যে ইরানের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা রয়েছে। এটা একটা ডাহা মিথ্যা। এটা ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা।’ তিনি নেতানিয়াহুর ইরানের পারমাণবিক কর্মসূচি পরিচালনারও সমালোচনা করেছেন।
নেতানিয়াহু বহু বছর ধরেই দাবি করে আসছেন যে, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে এবং যেকোনো মূল্যে দেশের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলেছেন। তবে তেহরান বরাবরই এ দাবি নাকচ করে এসেছে। ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
এই পরমাণু ইস্যুতেই ওয়াশিংটন-তেহরানের চলমান আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে সামরিক আগ্রাসন চালায় ইসরাইল। জবাবে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনার পাশাপাশি ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
আরও পড়ুন: হবিগঞ্জে প্রশাসনিক সিদ্ধান্তে বাউল গানের আসর বন্ধ
কয়েক সপ্তাহের তীব্র রক্তক্ষয়ী সংঘাতের পর গত এপ্রিল মাসের শুরুর দিকে যুদ্ধবিরতি কার্যকর হয় যা এখনও বহাল রয়েছে। এর মধ্যেই সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে, লেবাননে ইসরাইলি হামলার জেরে পরিস্থিতি মাঝে মাঝে উত্তপ্ত হয়ে উঠছে।
তবে সেই সমঝোতা স্মারককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও তেহরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আবারও দেশটিতে সামরিক অভিযান চালাবে ইসরাইল।
মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ‘ইরানের পরমাণু বোমা থেকে আমরা নিজেদের রক্ষা করেছি এবং আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট—তেহরানকে কখনোই পারমাণবিক শক্তিধর হতে দেওয়া হবে না।’
নেতানিয়াহু প্রশাসনের দাবি, আলোচনার আড়ালে ইরান মূলত তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগেও ইসরাইল কয়েক দফায় ইরানে হামলা চালানোর কথা স্বীকার করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধা সত্ত্বেও তারা পুনরায় হামলার হুমকি দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই সর্বশেষ মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিতে পারে।
আরও পড়ুন: নিখোঁজ রাজন ইউক্রেনে যুদ্ধের ২১ দিন পর বেঁচে থাকার খবর দিলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন