ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

২৩১ গডফাদারের নিয়ন্ত্রণে ঢাকার কয়েক শ মাদক স্পট


২৩১ গডফাদারের নিয়ন্ত্রণে ঢাকার কয়েক শ মাদক স্পট

‘মাদক গডফাদাররা আমার ছাত্রদের নষ্ট করে ফেলছে। ছাত্ররা মাদকাসক্ত হয়ে লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে। নানা অপরাধে জড়াচ্ছে। আমি কয়েক দফায় সন্তানতুল্য ছাত্রদের এই মরণনেশা থেকে ফেরানোর চেষ্টা করেছি। কিন্তু কেন তাদের ভালো করার চেষ্টা করছি এ জন্য কাউসার নামের এক মাদক গডফাদার আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।’

এভাবে কথাগুলো বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক পল্লবীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ একজন শিক্ষক। ওই শিক্ষকের কথার সূত্র ধরে পল্লবী থানা এলাকায় গত দুই দিন সরেজমিনে ঘুরে অনেকের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। ওই এলাকায় অন্তত ২০টি মাদক স্পট রয়েছে। সেখানে একজন মাদক গডফাদার রয়েছেন। তাঁর অধীনে ১৬ থেকে ১৭ জন মাঠ নিয়ন্ত্রণকারী মাদক কারবারি রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অনেক খুচরা বিক্রেতা। তাঁরা এলাকার বাসাবাড়ির দারোয়ানকেও মাদক বিক্রির কাজে লাগাচ্ছেন। এখান থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদক কেনার মাধ্যমে জীবন নষ্ট করছে।

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, রাজধানীতে সব ধরনের মাদক কারবারের নেপথ্যে রয়েছেন ২৩১ জন গডফাদার। তাঁদের নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের আটটি ক্রাইম জোনে রয়েছে কয়েক শ স্পট।

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর

সহস্রাধিক খুচরা বিক্রেতা মাঠ পর্যায়ে মাদক বিক্রি করছেন। তাঁদের তালিকা করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিএমপি সদর দপ্তর সূত্র বলছে, মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্সনীতি বাস্তবায়নের কঠোর নির্দেশনা রয়েছে। তবে এর পরও অভিযানে প্রত্যাশিত সাফল্য মিলছে না। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশের কর্মকাণ্ডে শীর্ষ পর্যায়ে অসন্তোষ রয়েছে। মাদকবিরোধী কর্মকাণ্ডে কোনো কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘রাজধানীতে মাদক নিয়ন্ত্রণে রাখাটাই বড় চ্যালেঞ্জ। মাদক গডফাদারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বেশির ভাগ অপরাধের মূলে এই মাদক।’

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত ১ মে থেকে শুরু হওয়া চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ৫২,০৫,৩৩৪ পিস ইয়াবা, ৫৬৮৯.৮৭ গ্রাম হেরোইন, ২০৩৬ বোতল ফেনসিডিল, ৭৭২৫.৭৯ কেজি গাঁজাসহ আরও অন্যান্য মাদক উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ হাজারের বেশি মাদক কারবারিকে।

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তায় সমন্বিত কৌশল ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা

তবে এর পরও মাদক কারবার থেমে নেই। রাজধানীর আটটি ক্রাইম জোনের প্রতিটি থানা এলাকায় নিয়মিত মাদক কারবার চলছে। ডিএমপির প্রতিটি থানা এলাকায় ১০ থেকে ১২টি মাদক স্পট রয়েছে। এসব এলাকায় অভিযানে প্রতিদিন শতাধিক সন্দেহভাজন লোককে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আটক করা হলেও নেপথ্যের শীর্ষ মাদক কারবারি অধরা থেকে যাচ্ছে।

তালিকা ধরে র‌্যাবের অভিযান

র‌্যাবের তালিকায় তিন হাজারের বেশি মাদক কারবারি চিহ্নিত হয়েছেন। এর মধ্যে র‌্যাব-২ এলাকায় ৫৬৫, র‌্যাব-৪ এলাকায় ৫৩, র‌্যাব-১ এলাকায় ২২২, র‌্যাব-৩ এলাকায় ১৩৮, র‌্যাব-৫ এলাকায় ৩২৮, র‌্যাব-৬ এলাকায় ১২৯, র‌্যাব-৭ এলাকায় ১২৩, র‌্যাব-৮ এলাকায় ৩৬৯, র‌্যাব-৯ এলাকায় ১২৭, র‌্যাব-১০ এলাকায় ৬৪, র‌্যাব-১১ এলাকায় ৪৮, র‌্যাব-১২ এলাকায় ৩৮২, র‌্যাব-১৩ এলাকায় ১৬৬, র‌্যাব-১৪ এলাকায় ২৯৪ এবং র‌্যাব-১৫ এলাকায় ৮৮ জন রয়েছেন।

সরেজমিন

আরও পড়ুন: এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলন

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ অভিযানের মধ্যেও প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। ৫ আগস্ট-পরবর্তী দফায় দফায় অভিযানের পরও এখনো মাদক কারবার নিয়ন্ত্রণে আসেনি। উল্টো আরো বেড়েছে বলে সেখানকার সাধারণ মানুষ জানিয়েছে। পুলিশের তালিকাভুক্ত গডফাদারদের ঘিরে জেনেভা ক্যাম্পে সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে। ক্যাম্পে প্রায়ই মাদক অভিযান হলেও গ্রেপ্তার হন না একাধিক মাদক মামলার আসামি মনু ওরফে গালকাটা মনু, ইমতিয়াজ, শাহ আলম, বিল্লু, সালাম, নেটা সেলিম, ইরফান, লালনসহ আরো অনেকে। তাঁরা প্রকাশ্যে জেনেভা ক্যাম্পে খুচরা মাদক কারবারিদের নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের প্রত্যেকের ৪০ থেকে ৫০ জনের বেশি সহযোগী ক্যাম্প ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে প্রকাশ্যে মাদক বিক্রি করেন।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দীন বলেন, ‘জেনেভা ক্যাম্পের মাদক নিয়ন্ত্রণে তাঁরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন। এ এলাকার গডফাদারদের মধ্যে অনেকে এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন। যাঁরা গ্রেপ্তার হননি তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, গত এক বছরে মোহাম্মদপুর থানায় যেসব মামলা হয়েছে, এর অন্তত ৬০ শতাংশ মামলা হয়েছে মাদককে কেন্দ্র করে। এসব শীর্ষ মাদক ব্যবসায়ীর মধ্যে অনেকে ৫ আগস্ট-পরবর্তী সরকার পরিবর্তনের পর যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন। তবে বিভিন্ন সময় জামিনে বের হয়ে তাঁদের অনেকে ফের আগের মতো ক্যাম্পে মাদক ব্যবসা শুরু করেন। এর মধ্যে বুনিয়া সোহেল ৩৬ মামলার আসামি। অন্যদের বিরুদ্ধেও ১০ থেকে ১২টি করে মাদকদ্রব্যসংক্রান্ত মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

তালিকা হালনাগাদ করা হচ্ছে

আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান, দেশে ফিরেছেন কুষ্টিয়ার ছাত্রদল নেতা মামুন

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দেওয়া বিভিন্ন সংস্থার সর্বশেষ হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে মাদক কারবারিদের তালিকা তৈরির কাজ চলছে। এর মধ্যে পুলিশের দেওয়া ১৯ হাজার ৪৫ জন সামনের সারির মাদক কারবারির নাম ধরে অভিযান চলছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তালিকায় রয়েছে তিন হাজার ৯৬৪ জন। এ ছাড়া একটি গোয়েন্দা সংস্থার তালিকায় প্রায় ২১ হাজার জনের তথ্য উঠে এসেছে।

শুধু রাজধানী নয়, সারা দেশেই মাদক গডফাদারদের নিয়ন্ত্রণে চলছে মাদক কারবার। এর মধ্যে টেকনাফে জাহেদ হোসেন, মো. নুর, হারুন অর রশিদ, ফয়েজ আহমদ, জিয়াবুল হক, জাফর আলম ও দিদারুল আলম। কক্সবাজার জেলায় রয়েছেন মো. হাসান, জহরুল ইসলাম, নুরুল আলম, সৈয়দ আলম, বশির আহমদ, আবদুল গফুর, রাশেদুল ইসলাম, আবু জাফর আনসারী, শাহজাহান আনসারী, রশিদ আনসারী, মায়ানমারের নাগরিক আবু নফর (বার্মাইয়া নফর), মো. ইমাম শরীফ, মঞ্জুর আলম (শিয়াল মঞ্জুর), হারুনুর রশিদ লিটন, আবুল কালাম ও আবদুর রহমান। কুমিল্লায় সক্রিয়দের মধ্যে রয়েছেন বোমা আশিক, আবুল কাশেম, মথুরাপুরের মিজান, নুর ইসলাম মো. কাশেম, মো. শফিক মিয়া, হুমায়ুন, বিল্লাল, মো. বাপ্পি, সুজন মিয়া, মোতালেব, মো. ইব্রাহিম খলিল (সজল), মো. সুমন আহম্মেদ, মো. মামুন, মো. ইকবাল হোসেন ও সিরাজ মিয়া। রাজশাহীতে গডফাদারের মধ্যে রয়েছেন টিপু, মো. তোফাজ্জল হোসেন, শীষ মোহাম্মদ, নওশাদ আলী, জিয়ারুল ইসলাম, আবদুল্লাহ, সেতাবুর রহমান বাবু, মীরগঞ্জের মো. ইদ্রিস মোল্লা, ইয়াদুল (ইদুল্লা), আবদুল আলিম (কালু) ও মো. মিলন।

যা বলছেন মন্ত্রী

তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহবান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে এবং ঢাকা আহছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় গতকাল রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম এইচ খান মিলনায়তনে ‘তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণভিত্তিক উদ্যোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু ভয়ভীতি বা নিষেধাজ্ঞামূলক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগের আহবান জানান তিনি।

মাদকমুক্ত সমাজ গঠনে সমাজকল্যাণমন্ত্রী সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘দেশ মাদকমুক্ত করতে আমাদের সবাইকে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে আমরা একটি সুন্দর সমাজ তথা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩৭ এম


উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

কানাডার ক্যালগেরিতে উৎসবমুখর পরিবেশে ‘ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (বিসিএওসি) ও ক্যালগেরি বাংলা স্কুলের যৌথ উদ্যোগে সম্প্রতি ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মাতৃভাষা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করা। অনুষ্ঠানের মূলপর্ব শুরু হয় কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। উপস্থিত অতিথি, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা সম্মান জানাতে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ক্যালগেরির স্কুলিক স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনিস হক। তিনি মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন নতুন প্রজন্মের জন্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএওসি-এর সভাপতি ইকবাল রহমান। তিনি উল্লেখ করেন, ‘ক্যালগেরি বাংলা স্কুল অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত থাকবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের সন্তানেরা যেন তাদের শিকড় ও মাতৃভাষার সঙ্গে যুক্ত থাকে, এই স্কুল সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিচ্ছে। এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমরা গর্বিত।’

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আসিফ হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘ক্যালগেরি বাংলা স্কুল কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের পুরো টিমের মধ্যে এটি অন্যতম সফল উদ্যোগ।’ শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের প্রচেষ্টার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই স্কুল আগামী দিনে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং কমিউনিটির গর্ব হয়ে থাকবে।’

এছাড়া বক্তব্য রাখেন ক্যালগেরি বাংলা স্কুলের অধ্যক্ষ মো. আসজাদ হোসাইন, শ্রদ্ধেয় শিক্ষিকা মুনিয়া রহমান, এবং বিসিএওসি-এর আইটি সম্পাদক সুলতানুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন অধ্যক্ষরা, কমিউনিটির বিশিষ্ট সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ। শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস এবং অভিভাবকদের উপস্থিতি এক আবেগঘন আবহ তৈরি করে। এরপর শিক্ষার্থীদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের জ্বালানি উদ্বেগ বৃদ্ধি পেলেও তেলের মজুদে স্বস্তিতে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩৮ এম


বিশ্বের জ্বালানি উদ্বেগ বৃদ্ধি পেলেও তেলের মজুদে স্বস্তিতে চীন

হরমুজ প্রণালী পুনরায় চালু করার পরিকল্পনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক করার জন্য আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। এ অবস্থায়, বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীন তাৎক্ষণিকভাবে ওই অঞ্চল থেকে জ্বালানি ক্রয়ের পরিমাণ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না।

বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌচলাচল শুরু হলেই যুদ্ধকালীন সময়ে পারস্য উপসাগরে আটকে থাকা চীনগামী বিপুলসংখ্যক তেলবাহী জাহাজ আবার গন্তব্যে ছুটে যাবে। সেসব জাহাজ চীনা বন্দরে এসে পৌঁছাতে শুরু করলে দেশটিতে তেল সরবরাহের ক্ষেত্রে সাময়িকভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে।

এবং এই পরিস্থিতিতে, বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় চীন অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইরান যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে পারে যখন বিভিন্ন দেশ জ্বালানি সংকটে ভুগছে, তখন চীনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন।

দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোর অপরিশোধিত তেলের মজুত প্রায় পূর্ণ রয়েছে। একই সঙ্গে বেইজিং তাদের বিশাল কৌশলগত মজুত থেকে তেল উত্তোলন করেনি। এদিকে, শোধনাগারগুলোর সংরক্ষণাগারও পেট্রল, ডিজেল ও অন্যান্য পরিশোধিত জ্বালানি পণ্যে প্রায় পূর্ণ হয়ে রয়েছে।

যুদ্ধ চলাকালে চীন তাদের দৈনিক তেল আমদানি প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনে। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্যের কারণে এই পদক্ষেপ নিতে হয়েছে। হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ার সময়ে বৈশ্বিক বাজারে যে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়েছিল, আমদানি কমে যাওয়ায় তা কিছুটা প্রশমিত হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধের আগে প্রয়োজনের তুলনায় অনেক বেশি তেল কিনে রাখার কারণে চীন এই পদক্ষেপ নিতে সক্ষম হয়েছিল। সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি মোকাবিলা এবং জাতীয় আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্যে আগের বছরগুলিতে দেশটি বিপুল পরিমাণে তেল মজুত করেছিল।

এ ছাড়া, বাণিজ্য উদ্বৃত্ত কমানোর জন্যও অতিরিক্ত তেল আমদানি করা হয়েছিল বেইজিংয়ের পক্ষ থেকে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সময় পশ্চিমা দেশগুলো রাশিয়ার বৈদেশিক সম্পদ জব্দ বা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর, চীন বিদেশি ব্যাংক আমানত বা মার্কিন সরকারি ঋণপত্রে অর্থ রাখার পরিবর্তে তেলের মতো পণ্যভিত্তিক সম্পদে বিনিয়োগের দিকে বেশি গুরুত্ব দিয়েছে।

যদিও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো ইরান যুদ্ধে শুরুর আগে অবস্থানে ফিরে আসেনি, তবুও জ্বালানি বাজারের অনেক বিশেষজ্ঞ মনে করছেন, চীন দ্রুত আগের আমদানি স্তরে ফিরে যাবে না।

অক্সফোর্ড জ্বালানি গবেষণা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের চীন বিষয়ক তেল বিশেষজ্ঞ ফিলিপ অ্যান্ড্রুজ-স্পিড বলেন, চীনের তেল কোম্পানিগুলো মূল্য নিয়ে খুব সংবেদনশীল থাকবে এবং ধীরে ধীরে বাজারে কেনাকাটা বাড়াবে।

যুদ্ধের সময়ে চীনা কোম্পানিগুলো নিজেদের করপোরেট মজুত থেকে অপরিশোধিত তেল ব্যবহার করে শোধনাগারগুলো সচল রাখে। কিন্তু মূল্যবৃদ্ধি এবং জ্বালানির ব্যবহারে সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের সতর্ক অবস্থানের কারণে পেট্রল, ডিজেল, বিমান জ্বালানি ও অন্যান্য পরিশোধিত পণ্যের অভ্যন্তরীণ চাহিদা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে গত এপ্রিল ও মে মাসে জ্বালানিচালিত গাড়ির বিক্রিও উল্লেখযোগ্যভাবে কমে যায়।

একই সময়ে, অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে, চলতি বসন্তে চীন অধিকাংশ পরিশোধিত জ্বালানি পণ্যের রপ্তানি বন্ধ রাখে। এর ফলে এশিয়ার বিভিন্ন অঞ্চল, বিশেষ করে সীমিত শোধন সক্ষমতা সম্পন্ন উন্নয়নশীল দেশগুলোতে জ্বালানি সংকট আরও তীব্র হয়ে যায়। উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম তেল শোধনকারী দেশে চীন পরিণত হয় এবং প্রতিবেশী দেশগুলোর জন্য পরিশোধিত জ্বালানির অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে ভূমিকা পালন করে।

বাজার বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়া এবং রপ্তানি স্থগিত থাকার কারণে চীনের সংরক্ষণাগারগুলো পেট্রল, ডিজেল ও বিমান জ্বালানিতে প্রায় পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন করে অপরিশোধিত তেল কেনা কিংবা তা শোধনের প্রয়োজনীয়তা এখন তেল কোম্পানিগুলো অনুভব করছে না।

উল্লেখ্য, জ্বালানি নীতিতে বরাবরই সতর্ক অবস্থান ধরে রাখে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কাছে তেল বিক্রি ইরান ও রাশিয়ার অর্থনীতিতে ৬ শতাংশ বা তারও বেশি অবদান রেখেছে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আর ১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩৯ এম


ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আর ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন হামের উপসর্গ নিয়ে ৭ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে মোট ৫২ শিশু মারা পড়েছে।

সোমবার সকালে হাসপাতালে প্রতিদিনের হাম সংক্রান্ত তথ্য থেকে এ মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া শিশুটির বসবাস ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় বলে জানানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, বর্তমানে এখানে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ২৭৯ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ২ হাজার ১৩০ জন শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৯৭ জন শিশু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৪০ এম


হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে চট্টগ্রামের ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ মোট ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই শুনানি আজ সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে নির্ধারিত হয়েছে।

গত ৪ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু গ্রেপ্তার একজন আসামিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজির করা সম্ভব না হওয়ায় এই শুনানি আজকের দিন ধার্য করা হয়। তাই আজ শুনানির প্রথম পর্যায়ে অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন আলোচনা করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা ডিসচার্জ (অব্যাহতি) চেয়ে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।

এ মামলায় বর্তমানে গ্রেপ্তার পাঁচ আসামি রয়েছেন, তারা হলেন: চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।

হাছান মাহমুদ ছাড়া পলাতক অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ এবং সুমন দে।

এর আগের ১৩ মে, ট্রাইব্যুনাল পলাতক ১৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশনা দেয়। এই আসামিদের নামে আইনি লড়াইয়ে নিয়োজিত আছেন আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান এবং মোহাম্মদ এনাম।

গত ৭ এপ্রিল ২২ জনের বিরুদ্ধে তিনটি অভিযোগকে গ্রাহ্য করে ট্রাইব্যুনাল-২। প্রসিকিউশন ৫ এপ্রিল আনুষ্ঠানিক চার্জের অভিযোগ দাখিল করে।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত এবং মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে শহীদ করার দায় উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%