ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উচ্ছেদ সত্ত্বেও কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা


উচ্ছেদ সত্ত্বেও কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা

॥ জিগারুল ইসলাম ॥

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : কর্ণফুলী নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত দুই তীরে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও, নজরদারির অভাবে জমি পুনর্দখল হওয়ায় নদীটি এখনও দখলমুক্ত হয়নি।

সরকারি বিভিন্ন জরিপে দুই থেকে আড়াই হাজার অবৈধ স্থাপনার তথ্য পাওয়া গেলেও, সংশ্লিষ্টদের ধারণা, বাস্তবে এই সংখ্যা আরও বেশি।

আরও পড়ুন: মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক

পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের সংগঠনগুলোর তথ্যমতে, বর্তমানে কর্ণফুলী নদীর উত্তর তীরে প্রায় দুই হাজার এবং দক্ষিণ তীরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। তবে সাম্প্রতিক কোনো পূর্ণাঙ্গ সরকারি জরিপ না হওয়ায় নদীর দুই তীরে ঠিক কতটি অবৈধ স্থাপনা রয়েছে, তার নির্ভরযোগ্য কোনো সরকারি হিসাব নেই।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট একটি আদেশ প্রদান করে। ওই আদেশে নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের তালিকা ও পূর্ণাঙ্গ জরিপ প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। একই সঙ্গে জরিপের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন আদালত। কিন্তু প্রায় তিন বছরেও সেই নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় নতুন করে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয়।

এইচআরপিবি’র আবেদনের শুনানি শেষে গত ৮ নভেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দুই সপ্তাহ সময় দেন।

শুনানিতে এইচআরপিবি’র পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, ২০২৩ সালের নির্দেশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরিপ প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে নদীর দখল ও দূষণ অব্যাহত রয়েছে এবং চট্টগ্রামের বাসিন্দারা এর বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন। মামলাটিতে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ মোট ১৯ জনকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন: নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫

কর্ণফুলীর পাড় থেকে অবৈধ দখল উচ্ছেদের বিষয়টি নতুন নয়। প্রায় দেড় দশক ধরে আদালত, প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলো এ নিয়ে কাজ করছে। ২০১০ সালে কর্ণফুলী রক্ষায় এইচআরপিবি হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন অবৈধ স্থাপনা চিহ্নিত করে তালিকা তৈরি শুরু করে।

২০১৫ সালে জেলা প্রশাসন আদালতে ২ হাজার ১২২টি অবৈধ স্থাপনার তালিকা জমা দেয়; যদিও প্রশাসনের অন্য একটি তালিকায় ২ হাজার ১৮৭টি স্থাপনার উল্লেখ ছিল। ২০১৬ সালে হাইকোর্ট এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

২০১৫ সালের তালিকা, ২০১৬ সালের আদালতের নির্দেশ, ২০১৯ সালের উচ্ছেদ অভিযান এবং ২০২৩ সালের নতুন জরিপের নির্দেশনার পরও নদীর দখল পরিস্থিতির উন্নতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সর্বশেষ ২০২৬ সালের ৮ নভেম্বর হাইকোর্টের নতুন নির্দেশের পর বিষয়টি আবারও সামনে এসেছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নদীর সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত অংশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নড়াইলে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার

দুই সংস্থার অভিযানে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এরপর অভিযান বন্ধ হয়ে যায়। ফলে অবশিষ্ট স্থাপনা অপসারণ এবং উচ্ছেদ করা জায়গা পুনরায় দখলমুক্ত রাখার উদ্যোগ যথাযথভাবে এগোয়নি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া জাতীয় নদী রক্ষা কমিশনের এক জরিপে কর্ণফুলীর দুই তীরে ২ হাজার ৪৯২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে টিনশেড ঘর, পাকা ও আধাপাকা স্থাপনা, ডকইয়ার্ড, করাতকল, জেটি, শিল্পকারখানা, ইটভাটা, কয়লার ডিপো ও পোলট্রি খামারসহ নানা ধরনের স্থাপনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, উত্তর তীরে প্রায় দুই হাজার ও দক্ষিণ তীরে পাঁচ শতাধিকসহ মোট অবৈধ স্থাপনার সংখ্যা প্রায় আড়াই হাজার।

কর্ণফুলীর প্রাণবৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলনরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য মুহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, ‘নদীর দুই পাশে ক্ষমতাধর ব্যক্তি ও কিছু দুষ্টচক্র অবৈধভাবে জায়গা দখল করে রেখেছে। বিগত সরকারের আমলে জেলা প্রশাসনের গাফিলতি ও সদিচ্ছার অভাবে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। নদী বাঁচাতে এখন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিকদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

পরিবেশ আন্দোলন সংগঠন পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘দেশ ও চট্টগ্রামের স্বার্থে কর্ণফুলীর দখল-দূষণ বন্ধে প্রশাসনকে এখনই পদক্ষেপ নিতে হবে। চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে নদীর প্রশস্ততা ও নাব্যতা বাড়াতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।’

আরও পড়ুন: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পাকা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে দুই উপজেলার মানুষ দ্রুত সংস্কারের দাবি

পরিবেশবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ‘জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকাভুক্ত দেশের ৫৭ হাজার ৩৯০ জন নদী দখলদারের মধ্যে মাত্র ৩২ শতাংশকে উচ্ছেদ করা সম্ভব হয়েছে। কর্ণফুলীকে সম্পূর্ণ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে লোকদেখানো ও অকার্যকর উচ্ছেদ অভিযান বন্ধ করে কাঙ্ক্ষিত ফল না আসা পর্যন্ত কঠোর ও আইনসম্মত পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরায় অভিযান জোরদার করতে হবে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বাসস’কে বলেন, ‘কর্ণফুলী চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশনা অনুযায়ীই আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার দুই তীরে ‘আরএস’ এবং ‘বিএস’ জরিপ অনুসরণ করে সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে নগরীর ভেতরে নদীর দুই তীরে প্রায় আড়াই হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত হয়েছে।’

তিনি জানান, নগরীর লালদিয়ার চর, শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই ও সদরঘাট এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে বেশি।

জেলা প্রশাসক আরও বলেন, হাইকোর্টের গত ৮ নভেম্বরের আদেশের পরিপ্রেক্ষিতে দখলদারদের তালিকা নতুনভাবে যাচাই-বাছাই করে আদালতে পাঠানোর জন্য সময় চাওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিদেশি রিভলভার, গুলি ও বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪

নদী বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের দাবি, কর্ণফুলীকে স্থায়ীভাবে দখলমুক্ত করতে শুধু উচ্ছেদ অভিযান চালালেই চলবে না; বরং প্রথমে সিএস, আরএস ও অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড যাচাই করে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করতে হবে। এরপর ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে নদীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম- সব তীরের অবৈধ স্থাপনা চিহ্নিত করে স্থাপনার ধরন, আয়তন, দখলদার ও মালিকানাসংক্রান্ত তথ্যসহ একটি সমন্বিত তালিকা প্রকাশ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্লিনে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ, তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


বার্লিনে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ, তিনজন আটক

জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হামলার প্রতিবাদে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বার্লিনের ইউনাইটেড প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কমিটি ‘সংহতি কোনো অপরাধ নয়—ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দিয়ে এই বিক্ষোভের আয়োজন করে। শহরের ইনসব্রুকার প্লাৎজ মেট্রো স্টেশনের কাছে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে মিছিল করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘গণহত্যা বন্ধ করো’, ‘একটি গণহত্যা অন্য গণহত্যাকে বৈধতা দেয় না’, ‘বয়কট’ ও ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ ইত্যাদি।

বিক্ষোভের সময় গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিও জানানো হয়। ২০২৪ সালে ইসরাইলি বাহিনী তাকে আটক করে এবং এরপর থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই তিনি বন্দী রয়েছেন।

এছাড়া, ইসরাইলকে জার্মানির সমর্থন দেওয়ার বিষয়টিও বিক্ষোভকারীদের সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল। তারা ‘ইসরাইল বোমা হামলা চালায়, জার্মানি সমর্থন দেয়’, ‘আমরা বিচার চাই’ এবং ‘আমরা সবাই ফিলিস্তিনি’ সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভের আশেপাশে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল এবং এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

সূত্র: মিডল ইস্ট মিনটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দান করলেই কি সওয়াব পাওয়া যায়? জানুন দানের গুরুত্ব ও সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


দান করলেই কি সওয়াব পাওয়া যায়? জানুন দানের গুরুত্ব ও সতর্কতা

ইসলামে দান-সদকা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত হয়। অসহায়, দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও।

পবিত্র কোরআনে দানশীলদের প্রশংসা করা হয়েছে এবং প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করে মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়েছে। তবে, দান করলেই যে তার পূর্ণ প্রতিদান পাওয়া যাবে, এমনটি বলা যায় না। দানের ক্ষেত্রে যদি নিয়তের অসততা, লোক দেখানো মনোভাব, দান করে খোঁটা দেওয়া কিংবা গ্রহীতাকে কষ্ট দেওয়ার মতো আচরণ করা হয়, তাহলে মানুষের দানের সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং, দানের ফজিলত অর্জনের পাশাপাশি দানের প্রতিদান নষ্ট হওয়ার কারণগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

১. প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করা

ইসলাম মানুষকে দানশীল হতে উৎসাহিত করে। তবে নফল দান করতে গিয়ে নিজের এবং পরিবারের প্রয়োজনকে উপেক্ষা করা সমর্থনযোগ্য নয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,

আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে। বল, যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা কর। (সূরা বাকারা, আয়াত ২১৯)

এই আয়াত থেকে বোঝা যায়, নফল দানের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করাই উত্তম। নিজের পরিবার এবং অধীনস্থদের প্রয়োজন পূরণ না করে দান করা উচিত নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘উত্তম সদকা হলো যা দান করার পরেও মানুষ অমুখাপেক্ষী থাকে। উপরের হাত নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ। যাদের ভরণ-পোষণ তোমার জিম্মায়, তাদের আগে দাও।’ (সহিহ বুখারি, হাদিস ৪৯৬৪)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় আগুনে পুড়ল ৮ দোকান, তুলা-ধানসহ ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


নেত্রকোনায় আগুনে পুড়ল ৮ দোকান, তুলা-ধানসহ ব্যাপক ক্ষতি

নেত্রকোনায় দুই দিনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে গেছে। খালিয়াজুরীর লেপসিয়া বাজারে দুটি দোকানসহ তুলার গোডাউন পুড়ে যাওয়ার ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অপরদিকে, কলমাকান্দার বিশরপাশা বাজারে আগুনে ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানে সংরক্ষিত ধানও আগুনের তাপে পুড়ে গেছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রবিউল মিয়ার তুলার দোকানে প্রথম আগুনের সূত্রপাত ঘটে, যা স্থানীয়দের নজরে আসে। এরপর আগুনটি গোডাউনসহ পাশের একটি দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকেই আগুনের উৎপত্তি হতে পারে। তবে এর সঠিক কারণ সম্পর্কে কেউ নিশ্চিত নয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার রানীচাপুর গ্রামের মহাজউদ্দিনের ছেলে রবিউল মিয়া এবং সুরুজ আলী মিয়ার ছেলে ফিরোজ মিয়া পাশাপাশি দোকান পরিচালনা করতেন। রবিউল মিয়ার দোকান এবং পেছনের তুলার গোডাউন আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত সেখানে গিয়ে তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন।

তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার প্রায় ১২০ বস্তা তুলা, ১৫০ পিস কাপড় এবং লেপ-তোশক তৈরির মেশিন পুড়ে গেছে। রবিউল দাবি করেছেন, এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

একই সময়ে পাশের দোকানদার ফিরোজ মিয়ার দোকানে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে তারও প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানিয়েছেন, তিনি জেলা কার্যালয়ে সভায় থাকায় ঘটনাস্থলে যেতে পারেননি। তবে তিনি অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও সেগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়েছেন। তিনি ঘটনাটি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


জামালপুরে মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ

জামালপুরের সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতটি ভারতীয় গরু জব্দ করেছে। চোরাচালানের সময় এই গরুগুলো আটক করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন এবং গরুগুলো জব্দ করেন।

সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থানে ভারতীয় গরু চোরাচালান করা হচ্ছিল। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ৭টি গরু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। তিনি বলেন, "আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%