১১:৩৮ পি.এম
জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের ফুটবলে নতুন প্রজন্মের প্রতিভা নিয়ে আশাবাদী। তিনি তরুণ খেলোয়াড়দের মূল্যায়নের পাশাপাশি একটি ধারাবাহিক, সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সাও পাওলোতে অনুষ্ঠিত ‘সামিট সিবিএফ একাডেমি ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আনচেলত্তি ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নিজের আশাবাদের কথা তুলে ধরেন।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ হওয়ার পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আনচেলত্তির মতে, আগের প্রজন্মের খেলোয়াড়রা উচ্চমানের প্রতিভার অধিকারী হলেও বিশ্বকাপ জয়ের জন্য সেই প্রতিভাকে কাজে লাগাতে পারেননি।
আরও পড়ুন: ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের অখেলোয়াড়সুলভ আচরণে ক্ষুব্ধ হরভজন সিং
আনচেলত্তি বলেন, “আমি ভবিষ্যৎ নিয়ে খুবই আত্মবিশ্বাসী। ২০২৬ বিশ্বকাপ শেষ হয়েছে। এটি ছিল উচ্চমানের খেলোয়াড়দের একটি প্রজন্ম, যারা বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের প্রতিভাকে কাজে লাগাতে পারেনি। এখন নতুন যুগ শুরু হয়েছে, নতুন প্রজন্ম এসেছে, যাদের নিয়ে আমি খুবই আশাবাদী।”
নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে সাম্প্রতিক সময়ে কাজ করার অভিজ্ঞতাও ইতিবাচক বলে জানিয়েছেন তিনি। গত কয়েক মাসে বিভিন্ন তরুণ খেলোয়াড়কে দলে সুযোগ দিয়ে তাদের সক্ষমতা ও সম্ভাবনা মূল্যায়ন করেছেন ব্রাজিলের এই কোচ।
তিনি বলেন, ব্রাজিলের তরুণ খেলোয়াড়দের প্রতিভা রয়েছে। তবে সেই প্রতিভার সঙ্গে সুসংগঠিত, ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি কাজের সমন্বয় ঘটানো জরুরি।
“তরুণ ব্রাজিলিয়ানদের প্রতিভা আছে, অনেক প্রতিভা আছে। আমাদের যা করতে হবে, তা হলো এই প্রতিভার সঙ্গে সুসংগঠিত, ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি কাজের সমন্বয় ঘটানো” বক্তব্যে বলেন তিনি।
আরও পড়ুন: এনায়েতপুরে খেলার মাঠের দাবিতে মানববন্ধন, মাদক-মোবাইল আসক্তি ঠেকানোর আহ্বান
সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে ফলাফল নিয়ে সমালোচনা হলেও তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও মূল্যায়নই ছিল দলের অগ্রাধিকার বলে জানিয়েছেন আনচেলত্তি। আগামী মার্চে খেলোয়াড়দের মূল্যায়ন আরও পরিপূর্ণ করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
ব্রাজিলের ফুটবলে নতুন প্রজন্মকে সামনে রেখে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির প্রাথমিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে আনচেলত্তির এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সাও পাওলোতে অনুষ্ঠিত ‘সামিট সিবিএফ একাডেমি ২০২৬’-এ ফুটবল ব্যবস্থাপনা, ব্যবসা, উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ হিসেবে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের বক্তব্যও বিশেষ গুরুত্ব পেয়েছে।
আরও পড়ুন: প্রবৃদ্ধি প্রফেশনাল গলফে রাজু পাঁচ শটে এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন