০৬:১৪ পি.এম
সীমান্তে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মূল্যমানের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটকসহ ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মূল্যমানের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল এবং সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৩৩.৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, এলএসডি, ক্রিস্টাল মেথ (আইস), আফিম তৈরির কেমিক্যালসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
আরও পড়ুন: হবিগঞ্জে ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, যিনি মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি উল্লেখ করেন, বিজিবি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে সাদিয়া আক্তার মীমের অনশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন