ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কর বাড়ানোর প্রতিবাদে উত্তাল কলম্বিয়া, রাজপথে হাজারো বিক্ষোভকারী


কর বাড়ানোর প্রতিবাদে উত্তাল কলম্বিয়া, রাজপথে হাজারো বিক্ষোভকারী

কলম্বিয়ায় প্রস্তাবিত কর সংস্কার এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানী বোগোতাসহ অন্যান্য বড় শহরে শ্রমিক সংগঠন, শিক্ষার্থী এবং বিরোধী দলের সদস্যরা এই বিক্ষোভে অংশ নেন।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে জানায়, প্রস্তাবিত সংস্কারের মধ্যে আয়কর দেওয়ার জন্য সর্বনিম্ন আয়ের সীমা কমানো, স্বাস্থ্যসেবায় মানুষের চাঁদা বৃদ্ধি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কর কমানোর পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, মাসে ৯৮৫ ডলারের বেশি আয় করলে আয়কর দিতে হবে, যা বর্তমানে ১ হাজার ৪১৯ ডলারের কাছাকাছি রয়েছে।

সরকারের বক্তব্য হলো, আর্থিক সংকট মোকাবিলা এবং রাজস্ব আয় বৃদ্ধি করতে এই পদক্ষেপগুলি অপরিহার্য। আগামী বছর দেশের বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: মিয়ানমার: গণহত্যার রায় ‘ন্যায্য নয়’ দাবি আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে

সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে স্বীকার করলেও সড়ক অবরোধের বিরুদ্ধে সতর্ক করেছেন। বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও কিছু স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক কার্যক্রম নিয়ে বিতর্কের মধ্যে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার উদ্দেশ্য হলো কলম্বিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধি করা, মার্কিন সেনা মোতায়েন নয়। তিনি জানান, এ ধরনের সেনা মোতায়েনে সংসদের অনুমোদন প্রয়োজন।

গত আগস্টে দে লা এস্প্রিয়েলা ক্ষমতা গ্রহণের পর এটি দেশের দ্বিতীয় বড় জাতীয় বিক্ষোভ। এর আগে, গত অক্টোবরে মানবাধিকার এবং সামাজিক সংস্কার নিয়ে সরকারের নীতির বিরুদ্ধে হাজারো মানুষ রাস্তায় নেমেছিলেন।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার কোথায়?

গাজার পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত শান্তি পর্ষদের মাধ্যমে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি বিভিন্ন দাতা দেশগুলো দিয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরেরও বেশি সময় পরেও পুনর্গঠনের কাজ শুরু হয়নি। বরং, প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি এখনো অস্থায়ী আশ্রয়শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। পুনর্গঠনের প্রাথমিক উদ্যোগ কার্যত থমকে আছে। এ অবস্থায়, প্রতিশ্রুত অর্থের বড় অংশ কোথায় এবং কেন ব্যয় করা যাচ্ছে না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।

শান্তি পর্ষদ গাজার পুনর্গঠনের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করার জন্য দাতাদের কাছে ২৮ কোটি ডলার চেয়েছিল। কিন্তু গত সেপ্টেম্বরে পর্ষদ জানায়, ওই অর্থের বেশির ভাগই অব্যবহৃত রয়ে গেছে।

এদিকে, যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে শান্তি পর্ষদ। মঙ্গলবার জমা দেওয়া সর্বশেষ প্রতিবেদনে তারা সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ না নিলে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সমঝোতা ভেঙে পড়তে পারে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে এ তথ্য জানানো হয়েছে।

পরের দিন বুধবার, যুদ্ধবিরতি শুরুর পর গাজায় প্রথম বড় ধরনের স্থল অভিযান শুরু করে ইসরাইল। উপত্যকার মধ্যাঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে হামলা চালায় দেশটির সেনাবাহিনী। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬ হাজার মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গাজায় ৬০ হাজার অস্থায়ী আবাসন বা মোবাইল হোম প্রবেশের কথা থাকলেও, ইসরাইল এখনো সেগুলো প্রবেশ করতে দিচ্ছে না। অবরুদ্ধ উপত্যকায় খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশেও কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে দেশটি। এ ছাড়া, গাজার প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত ফিলিস্তিনি কমিটিকেও উপত্যকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

শান্তি পর্ষদ কী

২০২৫ সালের সেপ্টেম্বরে গাজার জন্য ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে শান্তি পর্ষদ গঠনের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর ২০২৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২৮০৩ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এতে গাজার পুনর্গঠনের পরিকল্পনা তৈরি এবং অর্থায়ন সমন্বয়ের দায়িত্বে অন্তর্বর্তী প্রশাসন হিসেবে শান্তি পর্ষদকে স্বীকৃতি দেওয়া হয়।

নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, অন্য কোনো সিদ্ধান্ত না এলে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গাজায় পর্ষদটির কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। তবে পর্ষদের সনদে সংঘাতকবলিত বিশ্বের অন্যান্য অঞ্চলেও কাজ করার সুযোগ রাখা হয়েছে। ট্রাম্প নিজেই শান্তি পর্ষদের চেয়ারম্যান। তিনি পদত্যাগ না করলে কিংবা দায়িত্ব পালনে অক্ষম না হলে তাঁকে এই পদ থেকে সরানো যাবে না। একই সঙ্গে তিনি পর্ষদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন।

পর্ষদের নির্বাহী বোর্ডের সদস্যদের নিয়োগ দেন ট্রাম্প। এই বোর্ডে রয়েছেন অজয় বাঙ্গা, টনি ব্লেয়ার, মার্টিন এডেলম্যান, রবার্ট গ্যাব্রিয়েল জুনিয়র, জ্যারেড কুশনার, মার্ক রোয়ান, মার্কো রুবিও, স্টিভ উইটকফ ও সুসি ওয়াইলস।

পর্ষদের প্রতিটি সদস্যরাষ্ট্রের একটি করে ভোট রয়েছে। উপস্থিত সদস্যদের মধ্যে ভোটদানকারীদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সিদ্ধান্ত নেওয়া যায়। তবে সিদ্ধান্ত কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন প্রয়োজন। নির্বাহী বোর্ডের সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতাও রয়েছে তার।

পরিকল্পনা অনুযায়ী, গাজার দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার কথা ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি)। আলি শাথের নেতৃত্বাধীন এই কমিটি শান্তি পর্ষদের কাছে জবাবদিহি করবে। কিন্তু ইসরাইল তাদের গাজায় প্রবেশের অনুমতি দেয়নি। ফলে কমিটিকে মিসরের রাজধানী কায়রো থেকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

শান্তি পর্ষদে বর্তমানে ২৮টি দেশ সদস্য হিসেবে রয়েছে। দেশগুলো হলো আলবেনিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, বুলগেরিয়া, কম্বোডিয়া, মিসর, এল সালভাদর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইসরাইল, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, মঙ্গোলিয়া, মরক্কো, পাকিস্তান, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

পর্ষদের উদ্বোধনী বৈঠকে জার্মানি, ভারত, জাপান, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল। ট্রাম্পের আমন্ত্রণে দেশগুলো পর্ষদের সদস্য হয়। সাধারণত সদস্যপদ তিন বছর পর্যন্ত বহাল থাকে। তবে প্রথম বছরে সনদ অনুযায়ী ১০০ কোটি ডলারের বেশি নগদ অর্থ প্রদানকারী দেশগুলোর ক্ষেত্রে এই মেয়াদসীমা প্রযোজ্য নয়।

কোন দেশ কত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে

গত ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাম্প জানান, নয়টি দেশ গাজার জন্য প্রায় ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ হাজার কোটি ডলার দেওয়ার ঘোষণা দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের এই অর্থ কোন খাতে ব্যয় করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

প্রতিশ্রুত অর্থের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ১২০ কোটি ডলার দেওয়ার কথা জানিয়েছে। কুয়েত, কাতার ও সৌদি আরব প্রত্যেকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সৌদি আরব জানিয়েছে, কয়েক বছর ধরে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হবে।

এ ছাড়া আজারবাইজান, বাহরাইন, কাজাখস্তান, মরক্কো ও উজবেকিস্তানও অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

গাজার জন্য বরাদ্দ অর্থের কী হলো

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে শান্তি পর্ষদ জানায়, গাজার পুনর্গঠনের জন্য দাতাদের কাছ থেকে প্রাথমিকভাবে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পর্ষদের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাথমিক নির্মাণকাজের জন্য দাতাদের কাছে ২৮ কোটি ডলার চাওয়া হয়েছিল। কিন্তু ওই অর্থের বেশির ভাগই তখনো ব্যয় করা সম্ভব হয়নি।

এর আগে শান্তি পর্ষদের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছিলেন, ইসরাইল আন্তর্জাতিক বাহিনী কিংবা নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত ফিলিস্তিনি পুলিশ সদস্যদের গাজায় প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত কোনো প্রকল্পে অর্থ ব্যয় করা সম্ভব নয়। কারণ, এসব বাহিনীর গাজায় প্রবেশের পর হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

শান্তি পর্ষদের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭ হাজার ১০০ কোটি ডলার প্রয়োজন হবে। জাতিসংঘের হিসাবও প্রায় একই। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, পুনর্গঠনে ব্যয় হতে পারে ৭ হাজার ১৫০ কোটি ডলার। তবে ক্ষয়ক্ষতির নতুন তথ্য সামনে এলে এই ব্যয় আরও বাড়তে পারে।

এখন পর্যন্ত পুনর্গঠনের জন্য ৬০০ কোটি ডলারের প্রকল্প চিহ্নিত করেছে শান্তি পর্ষদ। তাদের ছয় মাসের পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ২৪৫ কোটি ডলার। এই অর্থে ৬৬টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর বাইরে প্রায় ২০ কোটি ডলারের পণ্য ও অন্যান্য সহায়তা প্রয়োজন হবে।

ছয় মাসের পুনরুদ্ধার পরিকল্পনায় যা রয়েছে

শান্তি পর্ষদের ছয় মাসের পরিকল্পনায় ৬টি খাতের অধীনে ৬৬টি কর্মসূচি রাখা হয়েছে। এর মধ্যে অবকাঠামো উন্নয়নে ২৪টি, মানবসম্পদ উন্নয়নে ১৭টি এবং শান্তি ও নিরাপত্তা খাতে ১১টি কর্মসূচি রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে ৭টি, ডিজিটাল রূপান্তরে ৬টি এবং আইনি খাতে একটি কর্মসূচি নেওয়া হয়েছে।

গাজায় সহায়তা দিচ্ছে কোন দেশ

গাজার পুনরুদ্ধার কার্যক্রমে মাঠপর্যায়ে সহায়তা দিচ্ছে—এমন পাঁচটি দেশের কথা উল্লেখ করেছে শান্তি পর্ষদ। তবে এসব দেশের বাইরে আরও কয়েকটি দেশ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও প্রত্যেকের অবদানের পরিমাণ আলাদাভাবে প্রকাশ করেনি পর্ষদ।

মিসর গাজায় একটি বেসামরিক নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে। কাজাখস্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে। মরক্কো যোদ্ধাদের নিরস্ত্র করা এবং তাঁদের বেসামরিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করছে।

রোমানিয়া চিকিৎসার প্রয়োজনে গাজা থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ধরনের সম্পদ, সহায়তা এবং নিজস্ব কর্মসূচির মাধ্যমে গাজার পুনরুদ্ধারে ভূমিকা রাখছে।

তবে বিপুল অর্থায়নের প্রতিশ্রুতি সত্ত্বেও গাজার পুনর্গঠন এখনো শুরু না হওয়া এবং প্রাথমিক পর্যায়ের অর্থ অব্যবহৃত পড়ে থাকার বিষয়টি শান্তি পর্ষদের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। যুদ্ধবিরতি কার্যকর রাখা, মানবিক সহায়তা পৌঁছানো এবং পুনর্গঠনের কাজ শুরুর ক্ষেত্রে ইসরাইলের বিধিনিষেধও বড় বাধা হয়ে রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্টরা উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ডাকারের দক্ষিণে ইয়েন উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, নৌকাটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। একটি ছোট মাছ ধরার নৌকা থেকে বড় কাঠের নৌকায় ওঠার সময় নৌকাটি একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

এদিকে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধভাবে পাড়ি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২৪ হাজার ৩৬৪ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১৪ হাজার ৬৯০।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে।

সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেই এই ধরনের দুর্ঘটনা বন্ধ হবে না; বরং এর মূল কারণগুলো সমাধান করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনির জন্য ১৫০ মিলিয়ন ইউরো চায় রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


ভিনির জন্য ১৫০ মিলিয়ন ইউরো চায় রিয়াল মাদ্রিদ

আর্সেনাল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে, রিয়াল মাদ্রিদ জানিয়েছে যে, তাঁকে ছাড়তে হলে অন্তত ১৫০ মিলিয়ন ইউরো দিতে হবে। স্প্যানিশ ক্লাবটির এই বিশাল মূল্য নির্ধারণ লন্ডনের ক্লাবটির দলবদল পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে।

স্প্যানিশ সাংবাদিক জোসেপ পেদ্রেরোলের তথ্য অনুযায়ী, আর্সেনালের নতুন আগ্রহের খবর সামনে আসার পর রিয়াল কর্তৃপক্ষ এই অবস্থান নিয়েছে। ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছে এবং তিনি শুরুর একাদশের বাইরেও থাকতে বাধ্য হচ্ছেন। তবুও, মাদ্রিদ ক্লাবটি তাঁর জন্য বিশাল অঙ্কের অর্থ দাবি করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আর্সেনাল কোচ মিকেল আরতেতা ভিনিসিয়ুসকে এমিরেটস স্টেডিয়ামে নিয়ে আসার জন্য আগ্রহী। তিনি ব্রাজিলিয়ান তারকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তবে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নির্ধারিত ১৫০ মিলিয়ন ইউরোর মূল্য দলবদলের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ভিনিসিয়ুস ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং এরপর ক্লাবটির হয়ে ২৫০টিরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি তিনটি লা লিগা ও দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।

মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স এবং একাদশে জায়গা হারানোর পরও রিয়াল ভিনিসিয়ুসকে সহজে ছাড়তে রাজি নয়। তবে, আর্সেনাল এই বিপুল অর্থ খরচে আগ্রহী হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, সাংবাদিক জোসেপ পেদ্রেরোলের বরাতে রিয়ালের ১৫০ মিলিয়ন ইউরোর দাবির খবরটি প্রকাশিত হয়েছে। দুই ক্লাবের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা চুক্তির ঘোষণা আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের বড়াইগ্রামে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের বড়াইগ্রামে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু এলাকায় নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য শনিবার (২১ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ ৫ ঘণ্টা বন্ধ থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকেরা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকবেন। ফলে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সাথে সাথেই যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%