১২:৩৯ পি.এম
দিল্লিতে শিক্ষার্থীদের আটক করার ঘটনা ও তিরঙ্গা মিছিলে বিধিনিষেধ আরোপের জন্য বলিউড অভিনেতা এবং অধিকারকর্মী প্রকাশ রাজ সমালোচনা করেছেন। তিনি ঘোষণা করেছেন যে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণ না করা পর্যন্ত তিনি দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবেন। এছাড়া, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়েছেন প্রকাশ রাজ।
সম্প্রতি, ভারতের তিরুবনন্তপুরমের মানবীয়ম বীথিতে (কেরালা) জ্ঞানেশ কুমার ও এসআইআরের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন। সভার শুরুতে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি না থাকার কারণে পুলিশ আয়োজকদের বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর সভা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এ প্রসঙ্গে প্রকাশ রাজ বলেন, "আন্দোলন দমনের চেষ্টা সত্ত্বেও দেশের তরুণরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন।" তিনি মহাত্মা গান্ধী, বিআর আম্বেদকর ও ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণদের লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আমাদের শরীরে গান্ধীর রক্ত আছে, আম্বেদকরের রক্ত আছে, ভগৎ সিংয়ের রক্ত আছে। আমরা লড়াই চালিয়ে যাব, সারা দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব।"
আরও পড়ুন: বরফশীতল সম্পর্কের মধ্যে দিল্লিতে এসসিও ফোরামে পাকিস্তানি মন্ত্রী ড. মুসাদিক মালিক
প্রকাশ রাজ আরও বলেন, "আপনাদের স্বৈরাচারী আচরণ করেও পার পেয়ে যাওয়ার ধারণা আমরা ভুল প্রমাণ করব।" তিনি প্রতিবাদে বাধা দেওয়া এবং আন্দোলনকারীদের আটক করার বিষয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন, "জ্ঞানেশ কুমার, আপনারা আমাদের থামাচ্ছেন কেন? আপনারা আমাদের বাধা দিচ্ছেন কেন? বেআইনিভাবে আটক করছেন কেন? এ থেকেই বোঝা যায়, কোথাও কিছু একটা ভুল হচ্ছে।"
তিনি আরও বলেন, "ভয়টা স্পষ্ট। আমি মোদিজিকে প্রশ্ন করছি— আপনার 'ঘরে ঘরে তিরঙ্গা' স্লোগানের কী হলো? আপনিই তো এই স্লোগান শুরু করেছিলেন। এখন শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে যাওয়ায় শিক্ষার্থী ও তরুণদের গ্রেফতার করছেন কেন?"
প্রতিবাদকারীরা নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন উল্লেখ করে প্রকাশ রাজ বলেন, "এটি তাদের সাংবিধানিক অধিকার। দেশজুড়ে গণতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত থাকবে।"
আরও পড়ুন: নতুন নিরাপত্তা কাঠামোয় নেতৃত্ব দেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন: মেদভেদেভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন