শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০২ পি.এম
পঞ্চগড়ে আদালতের নির্দেশে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডে কারাগারে প্রবেশ করার পর প্রায় এক ঘন্টার মধ্যে অদৃশ্য কারণে মুক্তি পাওয়ার অভিযোগ উঠেছে এক ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে।
এভাবে কারাগার থেকে মুক্তি পাওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্ন উঠেছে এবং সমালোচনা চলছে। মুক্তি পাওয়া সরকারি কর্মচারী রিয়াজুল ইসলাম, যিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক। আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ার দিনেই মুক্তি পাওয়ার কথা স্বীকার করে রিয়াজুল বলেন, "আমাকে মুক্তি দিয়েছে, আমি চলে এসেছি।" এ বিষয়ে তিনি আদালতের উপর দায় চাপিয়েছেন। তবে জেলা কারাগার কর্তৃপক্ষ জানাচ্ছে, কারা আইন অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনাটি আসামী ও তার পরিবারের লোকজন ধামাচাপা দিলেও ২২ দিন পর এটি জানাজানি হয়। বর্তমানে আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়েও সাজাভোগ না করার কারণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় থানার পুলিশ ও সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক সেবন করছিলেন রিয়াজুল ও তার সহযোগী নুর আলম। এ সময় স্থানীয় মাদকবিরোধী কমিটি তাদের দুজনকে হাতে নাতে মাদকসহ ধরে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হলে পঞ্চগড় সদর থানা পুলিশ রিয়াজুল ও নুর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে দুজনকেই তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে আদালত থেকে পঞ্চগড় জেলা কারাগারে নেওয়ার পর কিছুক্ষণ পর দুজনেই মুক্তি পেয়ে বাড়ি ফিরে যান।
এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি মোবাইল ফোনে জানান, আসলে কারাবিধি অনুযায়ী কোন আসামীর মুক্তির দিন ছুটির দিন হলে ছুটির আগের দিন মুক্তি পেতে পারে।
পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান, আসলে ভূমি অফিসের ওই কর্মচারির মাদকের বিষয়টি তিনি অবগত নন। তবে সাজাপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া বাজারে ‘মা ভ্যারাইটিস স্টোর’ নামক একটি মনোহারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকানের মালামাল পুড়ে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক। এই ঘটনা ঘটে গত ২৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমগড়া বাজারের নৈশপ্রহরী আবুল কাসেম প্রথম দোকানটিতে আগুনের শিখা দেখতে পান। তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দোকানের পাশের গুদামঘরে ঘুমিয়ে ছিলেন কর্মচারী আশিক। নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে তিনিও দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দোকানমালিক সুজন মিয়া (৪৫) আমগড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হাফিজ উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে স্থানীয়দের সহযোগিতায় দোকানের শাটার খুলে পানি দিয়ে আগুন নেভান। দোকানমালিকের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দোকানের সামনের এক পাশের কোনা দিয়ে শাটারের নিচে বাঁশের কঞ্চির সঙ্গে কাপড় পেঁচিয়ে তাতে পেট্রোল মিশিয়ে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, দোকানঘরের পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি ও তিনটি ট্র্যান্সফরমার। এছাড়া দোকানের ভেতরে পেট্রোলভর্তি ড্রামও ছিল। আগুনের তাপে দোকানের অন্যান্য খাদ্যসামগ্রী ও পণ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বৈদ্যুতিক স্থাপনা ও পেট্রোলের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় আমগড়া বাজার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে। খবর পেয়ে শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তবে কারা এবং কী কারণে দোকানটিতে আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। এ তথ্য জানিয়েছেন লন্ডন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট।
গ্রেফতারকৃতদের ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে আটক করা হয়। তবে তদন্ত চলমান থাকায় তাদের জামিনে মুক্তি দেয়া হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি।
নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
লন্ডন পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোড এলাকায় প্রায় ৫০ জনের উপস্থিতিতে বিশৃঙ্খলার খবর পায় তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হন, যাদের হাসপাতালে নেয়া হয়, তবে তাদের আঘাত গুরুতর ছিল না।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তদন্তের মাধ্যমে যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এ ঘটনায় রেডব্রিজ এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেফতার হননি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক। তিনি দাবি করেছেন, তাদের দলের কেউ পুলিশের হাতে আটক হননি।
অন্যদিকে, আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, তাদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। শুক্রবার বেলা ৩টার দিকে তিনি পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষাৎকার দেন এবং রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে বলে তিনি শুনেছেন।
লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে। তদন্তে সহায়ক হতে পারে—এমন সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারো কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার গণভোটের রায় মানতে বাধ্য হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, গণভোটের রায় না মানার ফলে পতিত ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ পেয়েছে। তবে, দেশের সচেতন ছাত্র-জনতা ফ্যাসিবাদের কবর রচনা করবে।
তিনি উল্লেখ করেন যে, গণভোটের রায় মানতে বিএনপি সরকার বাধ্য হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো, গণভোটের রায়ও বিএনপি মানতে বাধ্য হবে।
জামায়াত আমিরের প্রত্যাশা, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় সরকার মানবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে লোহাগাড়া-সাতকানিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (চুসালস)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সেক্রেটারি সাফওয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গিফট হাউসের (মিডফোর্ড রোড, ঢাকা) পরিচালক মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সানাউল্লাহ চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান চৌধুরী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, যুক্তরাজ্যের উইলিয়াম কলেজের ক্যাম্পাস কো-অর্ডিনেটর ব্যারিস্টার মো. রিয়াজ এবং চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল হক সালমান।
এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাঁদের বিশ্ববিদ্যালয়জীবনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে চুসালস পরিবারের শুভাকাঙ্ক্ষী, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসাইনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ