প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। এ তথ্য জানিয়েছেন লন্ডন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট।
গ্রেফতারকৃতদের ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে আটক করা হয়। তবে তদন্ত চলমান থাকায় তাদের জামিনে মুক্তি দেয়া হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি।
নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
লন্ডন পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোড এলাকায় প্রায় ৫০ জনের উপস্থিতিতে বিশৃঙ্খলার খবর পায় তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হন, যাদের হাসপাতালে নেয়া হয়, তবে তাদের আঘাত গুরুতর ছিল না।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তদন্তের মাধ্যমে যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এ ঘটনায় রেডব্রিজ এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেফতার হননি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক। তিনি দাবি করেছেন, তাদের দলের কেউ পুলিশের হাতে আটক হননি।
অন্যদিকে, আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, তাদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। শুক্রবার বেলা ৩টার দিকে তিনি পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষাৎকার দেন এবং রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে বলে তিনি শুনেছেন।
লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে। তদন্তে সহায়ক হতে পারে—এমন সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারো কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন