০৭:৩৮ পি.এম
পিরোজপুর, ২৫ নভেম্বর, ২০২৬ : জেলার নাজিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপির কার্যালয়সহ একাধিক স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে।
মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় মামলাটি করেন।
আজ বুধবার মামলার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।
আরও পড়ুন: সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ দুইজন গ্রেপ্তার
মামলার এজাহার থেকে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান (৬০), সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোটভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নূরে আলম সিদ্দিকী শাহীন, মন্ত্রীর মেজ ভাই উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, দেউলবাড়ির ইউপির সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, মালীখালীর আওয়ামী লীগ নেতা সুমন মন্ডল মিঠু, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী, জাকির খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখসহ ১৫৫ জনের নাম উল্লেখ রয়েছে।
এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়।
অভিযোগের মধ্যে রয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকরা আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহের নিখোঁজ দুই কিশোরী ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বাসসকে জানান, গত ২২ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন