ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপ


শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপ

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তথ্যের সন্ধান মেলেনি, অথচ একজন সাধারণ নাগরিকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে এসেছে—ভারতের প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রশ্ন তুলে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ।

দলটির অন্যতম আহ্বায়ক সৌরভ দাসের পাসপোর্ট নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, সৌরভ দাসকে জন্মস্থান সংক্রান্ত তথ্যের ব্যাখ্যা দিতে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর সাত দিনের সময় দিয়েছে। সন্তোষজনক জবাব না পাওয়ার পর তাকে পাসপোর্ট ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হুতিদের সউদীর জেদ্দা ও জিজান বন্দরে হামলার দাবি

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সৌরভকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, পাসপোর্টের আবেদন করার সময় সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক। আবেদনে কোনো অসংগতি কিংবা তথ্য গোপনের বিষয় সামনে এলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অভিজিৎ দীপ। তিনি অভিযোগ করেছেন, সৌরভের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রশাসনের ভেতর থেকেই ফাঁস করা হয়েছে। পরে বিজেপির একাধিক সমর্থক সেই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

একজন সাধারণ নাগরিকের পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথির ব্যক্তিগত তথ্য কীভাবে প্রকাশ্যে চলে আসে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন: ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ টেনে দীপ বলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রীর ডিগ্রির তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ সাধারণ নাগরিকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসছে। তার মতে, এই ঘটনা ভারতের প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

সৌরভ দাস অভিযোগ করেছেন, সোমবার গভীর রাতে লন্ডনগামী উড়োজাহাজ ধরতে দিল্লি বিমানবন্দরে যাওয়ার সময় তাকে আটকে দেওয়া হয়। এ সময় অভিবাসন দফতরের কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট চিহ্নিত করা হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের আয়োজনে একটি আলোচনা সভায় ককরোচ আন্দোলন নিয়ে বক্তব্য দিতে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

সৌরভ আরও দাবি করেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকেও বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। বিদেশযাত্রায় বাধা দেওয়ার জন্য মোদি সরকারকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: রাশিয়া ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে: মেদভেদেভ

অভিজিৎ দীপকের অভিযোগ, অক্সফোর্ডে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পাওয়ার ঘটনায় ক্ষমতার শীর্ষ পর্যায়ের কেউ ঈর্ষান্বিত হয়ে থাকতে পারেন। তবে এসব বাধা তার আন্দোলন কিংবা ভবিষ্যতে বিদেশ সফরের পরিকল্পনা থামাতে পারবে না বলে জানিয়েছেন সৌরভ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সীমান্তে নিখোঁজ বিএসএফ জওয়ানের লাশ কুশিয়ারা নদী থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


বাংলাদেশ সীমান্তে নিখোঁজ বিএসএফ জওয়ানের লাশ কুশিয়ারা নদী থেকে উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হওয়া ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য কে ভেনুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে আসামের কাছাড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রবাহিত কুশিয়ারা নদীতে তার লাশ পাওয়া যায়। তিনি সোমবার থেকে নিখোঁজ ছিলেন।

বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

৩২ বছর বয়সি কনস্টেবল কে ভেনু আসামের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।

বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ার জানিয়েছে, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাট এলাকায় নদীর ভাটির দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভেনুর শরীরে বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে তার লাশ বিমানে করে ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিজ বাড়িতে পাঠানো হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে।

এর আগে ভেনু নিখোঁজ হওয়ার পর তাকে বাংলাদেশে ধরে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে সীমান্ত এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিএসএফ জানিয়েছিল, এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছ থেকে তারা কোনো তথ্য পায়নি।

ঘটনাটি ঘটে সোমবার ভোরে হরিনগর সীমান্ত চৌকির কাছে। সীমান্ত এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য পেয়েছিলেন বিএসএফ সদস্যরা।

কাছাড় জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের ভাষ্য অনুযায়ী, বিএসএফের কোম্পানি কমান্ডার তাকে জানিয়েছিলেন, সন্দেহভাজন পাচারকারীদের আটক করতে যান হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল ভেনু।

বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ রয়েছে। তাদের ধরতে দুই বিএসএফ সদস্যও নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হন। তবে ভেনু নিখোঁজ হন।

এরপর নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। এতে অংশ নেয় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), নদী পুলিশ ও বিএসএফের সদস্যরা। দুই দিন ধরে তল্লাশির পর বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থ্যাংকসগিভিংয়ে আকাশপথের ভাড়া বাড়ায় সড়ক, বাস ও ট্রেনে যাত্রা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


থ্যাংকসগিভিংয়ে আকাশপথের ভাড়া বাড়ায় সড়ক, বাস ও ট্রেনে যাত্রা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির সময় বিমানভাড়া বৃদ্ধি এবং একাধিক উড়োজাহাজের চলাচলে বিঘ্ন ঘটার ফলে অনেক যাত্রী আকাশপথের পরিবর্তে সড়ক, বাস ও ট্রেনের যাত্রা বেছে নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভ্রমণ অনুসন্ধানী ওয়েবসাইট কায়াকের তথ্য অনুযায়ী, এ বছর থ্যাংকসগিভিংয়ের সময় অভ্যন্তরীণ বিমানভাড়া গড়ে ৪৬৯ ডলার, যা গত বছরের তুলনায় ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় ১৮ হাজার ফ্লাইটে বিঘ্ন ঘটে। এতে প্রায় ১০ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে কয়েকটি উড়োজাহাজ সংস্থার প্রযুক্তিগত সমস্যাও যাত্রীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উড়োজাহাজ সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রায় ২ কোটি ৯০ লাখ যাত্রী আকাশপথে ভ্রমণ করবেন, যা গত বছরের তুলনায় কম। অপরদিকে, বাসের টিকিট বুকিংয়ে বৃদ্ধি ঘটেছে। বাস পরিবহন সংস্থা ফ্লিক্স জানিয়েছে, তাদের থ্যাংকসগিভিং বুকিং গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে। রেল সংস্থা অ্যামট্রাকও এ বছর যাত্রীসংখ্যায় নতুন রেকর্ডের আশা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার বছর পর শুরু হচ্ছে কাবাডি লিগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


চার বছর পর শুরু হচ্ছে কাবাডি লিগ

নেপালে অনুষ্ঠিত চার দেশের কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল চতুর্থ স্থান অধিকার করেছে। এই খেলোয়াড়রা নিজেদের দক্ষতা যাচাইয়ের জন্য ঘরের মাঠে কবে প্রতিযোগিতায় অংশ নেবে? বাংলাদেশ কাবাডি ফেডারেশন গত দুবছরে কোনো ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করেনি।

চার বছর ধরে লিগ বন্ধ রয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট এবং জানুয়ারিতে লিগ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে ফেডারেশন। বিদায়ী কমিটির সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।

বর্তমান কমিটি ১৮ জুলাই দায়িত্ব গ্রহণের পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। গত দুবছরে বাংলাদেশ আন্তর্জাতিক আসরে খেলেছে, যেখানে মেয়েরা বিশ্বকাপে অংশ নিয়েছে। জাতীয় দল এশিয়ান গেমস ও কমনওয়েলথ কাবাডিতে অংশগ্রহণ করেছে।

সর্বশেষ নেপালে অনূর্ধ্ব-২০ দল গিয়েছে। এই সময়ের মধ্যে দেশে প্রিমিয়ার, প্রথম বা দ্বিতীয় বিভাগের লিগ অনুষ্ঠিত হয়নি। জাতীয় চ্যাম্পিয়নশিপ বা বয়সভিত্তিক প্রতিযোগিতাও হয়নি।

একসময় বাংলাদেশ নেপালের বিরুদ্ধে এগিয়ে থাকত, কিন্তু বর্তমানে পুরুষ ও মহিলা দল নেপালের কাছে পরাজিত হচ্ছে। পুরুষ দল কেনিয়ার কাছেও হেরেছে। নেপালে অনূর্ধ্ব-২০ দলের চতুর্থ স্থান সেই পরাজয়ের নতুন সংযোজন। এই ফলাফলগুলোর প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে।

লিগে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না থাকলে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া সংকুচিত হয়ে যায়। বয়সভিত্তিক প্রতিযোগিতা বন্ধ থাকলে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের প্রদর্শনের সুযোগ কমে যায়।

ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক আসরের সূচি পূর্বনির্ধারিত ছিল, তাই সেগুলোতে অংশ নিতে হয়েছে। ঘরোয়া কাবাডি সম্পর্কে তিনি বলেন, ‘৮ ডিসেম্বর বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট শুরু হবে। জানুয়ারিতে লিগের খেলা অনুষ্ঠিত হবে।’

দ্বিতীয় বিভাগ লিগ, স্কুল কাবাডি এবং সার্ভিসেস কাবাডি শিগগিরই শুরু হবে বলে তিনি জানিয়েছেন। নেপালের ফলাফল সম্পর্কে তার মন্তব্য, ‘নেপালে চার জাতির টুর্নামেন্টে ভালো খেলেও আমরা চতুর্থ হয়েছি। আগামীতে আমরা ভালো করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মেদভেদেভের হুঁশিয়ারি

রাশিয়া ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


রাশিয়া ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন যে, নির্দিষ্ট পরিস্থিতিতে দেশটি ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালানোর সিদ্ধান্ত নিতে পারে। তার বক্তব্য অনুযায়ী, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা ইতোমধ্যে কিছু সীমা অতিক্রম করেছে, যা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বাধ্য করতে পারে।

মেদভেদেভ, যিনি ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন, সোমবার মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত একটি নিবন্ধে এ মন্তব্য করেন। বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে কাজ করছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত নিবন্ধের অংশে মেদভেদেভ উল্লেখ করেন, ‘বিপর্যয় সৃষ্টি করতে পারে—এমন অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রুশ ফেডারেশনকে প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালানোর সুযোগ তৈরি করে।’

‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও পারমাণবিক অস্ত্র: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক আইনি দিক’ শিরোনামের ওই নিবন্ধে তিনি সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলো গোপনে বা আড়ালে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে তা রাশিয়ার জন্য উদ্বেগের কারণ হতে পারে।

মেদভেদেভ লেখেন, ‘কিয়েভ ও তার মিত্রদের মনে রাখা উচিত, রুশ ফেডারেশনের শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারই নেই, বিভিন্ন পরিস্থিতিতে তা ব্যবহারের বাধ্যবাধকতাও রয়েছে।’

রুশ এই রাজনীতিকের দাবি, ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে রাশিয়াকে পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাব্য পরিণতি সতর্কতার সঙ্গে বিবেচনা করবেন।

এদিকে, রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী একটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের মধ্যে মেদভেদেভের এই হুঁশিয়ারি এসেছে। জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওই স্যাটেলাইটের নাম ‘স্পুতনিক-এস’। পারমাণবিক অস্ত্রবাহী এই স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশে থাকা অন্য স্যাটেলাইটগুলোকে অকার্যকর বা ধ্বংস করা সম্ভব হতে পারে।

জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, এ-সংক্রান্ত প্রতিবেদনগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ন্যাটোপ্রধান মার্ক রুটে বলেছেন, মহাকাশে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় জোটটি প্রতিরক্ষা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিবিসি।

তবে বার্লিনে রাশিয়ার দূতাবাস এসব প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে এগুলোকে ‘প্রচারাভিযানের’ অংশ বলেও দাবি করেছে দূতাবাসটি।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%