০৫:০৩ পি.এম
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এখন নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। মাছ চাষে আরও আধুনিক প্রযুক্তি এবং নিরাপদ উৎপাদন ব্যবস্থা চালু করে রফতানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।’
বুধবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বিএফআরআই উদ্ভাবিত উন্নত জাতের পোনা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা পূরণের পর কিছু উদ্বৃত্ত মাছ উৎপাদিত হচ্ছে, যা রপ্তানির সুযোগ তৈরি করেছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর
তিনি বলেন, ‘মাছকে যে খাদ্য খাওয়ানো হচ্ছে, সেই খাদ্যের উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত পণ্য পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। বিশ্ববাজারের মানদণ্ড অনুযায়ী খাদ্য উৎপাদন হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘বিশ্ববাজারে কোন ধরনের মাছের চাহিদা বেশি এবং কোন মাছ রফতানির সম্ভাবনা রয়েছে, তা নিয়ে গবেষণা চলছে।’
তিনি জানান, ‘মিঠা পানির মাছের আন্তর্জাতিক বাজার তুলনামূলক সীমিত হলেও নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে গবেষণা অব্যাহত রয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এখন আমাদের লক্ষ্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ উপায়ে উৎপাদন আরও বৃদ্ধি করা। এ লক্ষ্য অর্জন করা গেলে শিগগিরই আমরা মাছ রফতানি আরও বাড়াতে পারবো।’
আরও পড়ুন: জাতীয় নিরাপত্তায় সমন্বিত কৌশল ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা
ময়মনসিংহ অঞ্চলের মাছ চাষিদের রেয়াতি মূল্যে বিদ্যুৎ সুবিধা দেয়ার দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দাবিটি যৌক্তিক। মাছ চাষ কৃষিরই একটি অংশ হওয়ায় কৃষি খাতের মতো বিদ্যুৎ সুবিধা দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।’
মাছের খাদ্যের মান নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে হবে। এজন্য কাঁচামাল, মাছের খাদ্য এবং চূড়ান্ত পণ্য পুরো উৎপাদন শৃঙ্খলকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজন রয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বে খাদ্যের ঘাটতির চেয়ে নিরাপদ খাদ্যের চাহিদাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’
অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিএফআরআইয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
আরও পড়ুন: এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন