০২:২৪ পি.এম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১০টায় মৌচাক ইউনিয়ন পরিষদের আড়াবাড়ি এলাকায় এই রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!
তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, নির্মাণ কাজে যদি কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অনুষ্ঠানে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম.ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাজীপুর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-গোয়ালবাইদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এই সড়কটির দৈর্ঘ্য ১ দশমিক ৪৬০ কিলোমিটার, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর অধীনে উপজেলার মৌচাক ইউনিয়নের এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস্ টু কাসিমপুর ইউনিয়ন বর্ডার ভায়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এই সড়কটির দৈর্ঘ্য ১ দশমিক ১৬০ কিলোমিটার এবং এর চুক্তিমূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড
এছাড়া মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট-শৈলাখালী ভায়া কুশলনাথ সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, যার দৈর্ঘ্য ১ দশমিক ৫০০ কিলোমিটার এবং চুক্তিমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
ফুলবাড়ীয়া ইউনিয়নের আরএন্ডএইচ কে, এন বি পাড়া-বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই সড়কটির দৈর্ঘ্য ১ কিলোমিটার এবং চুক্তিমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
এই চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ১২০ কিলোমিটার। এর সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।
আরও পড়ুন: খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন