১০:২০ পি.এম
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ফিল্মি স্টাইলে অভিযান পরিচালনা করেছেন। এই আকস্মিক অভিযানের ফলে তিনি কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় এই অভিযান চলাকালীন ইশরাক হোসেনের হাতে ছিল পিস্তল সদৃশ একটি আগ্নেয়াস্ত্র। তিনি নিজেই এই অভিযানের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এ ধরনের অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন: প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান
এক বিবৃতিতে তিনি বলেন, "সমাজ, বন্দর, নগর, অলিগলি, পাড়া-মহল্লা থেকে মাদক দূর হোক, এটা কে না চায়? আমরা তো দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু, আজকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছেন, তা আমাদেরকে হতাশ করেছে।"
শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, "তিনি (ইশরাক) মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন। আমরা এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।"
তিনি আরও উল্লেখ করেন, "সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেয় আবার অন্যদিকে তাদের নেতাকর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না। যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে। সরকার এবং প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে। এসব তামাশা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
আরও পড়ুন: বাকশিল্পাঙ্গনের সভাপতি হলেন হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন