০৫:৩৮ পি.এম
মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর আঙিনায় স্থাপন করা ২৫০টি স্বয়ংক্রিয় ছাতা মুসল্লি ও দর্শনার্থীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা প্রদান করার পাশাপাশি স্থাপত্য ও প্রকৌশলশৈলীর একটি অনন্য নিদর্শন হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তি এবং নান্দনিক নকশার সমন্বয়ে নির্মিত এসব ছাতা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরীভাবে পরিচালিত হয়।
মসজিদে নববীর চারপাশের আঙিনায় স্থাপিত ছাতাগুলো মোট ১ লাখ ৪৩ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এই ছাতাগুলোর নিচে একসঙ্গে ২ লাখ ২৮ হাজারের বেশি মুসল্লি ছায়া ও সুরক্ষা পেতে সক্ষম হন।
এছাড়া, তীব্র রোদ থেকে রক্ষার পাশাপাশি বৃষ্টির সময়ও ছাতাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোর নিচে একটি বড় পরিসরের আচ্ছাদিত জায়গা তৈরি হওয়ায় মুসল্লিরা বৃষ্টিতে ভিজে যাওয়ার হাত থেকে সুরক্ষিত থাকেন। পাশাপাশি, ছাতার সঙ্গে যুক্ত পানি নিষ্কাশনব্যবস্থা আঙিনায় পানি জমতে বাধা দেয় এবং পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়তা করে।
আরও পড়ুন: শর্ত না মানলে আইএইএকে পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেবে না ইরান
উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় এই ছাতাগুলো। নির্দিষ্ট যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সূর্যোদয়ের সময় এগুলো খুলে যায় এবং সূর্যাস্তের আগে বন্ধ হয়ে যায়। আবহাওয়া এবং আঙিনার প্রয়োজন অনুযায়ী ছাতার কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব।
এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে তাপমাত্রা কমানোর জন্য বিশেষ প্রযুক্তি। ছাতার দুই পাশে মোট ৪৩৬টি মিস্টিং ফ্যান বা সূক্ষ্ম জলকণা ছড়ানোর পাখা স্থাপন করা হয়েছে। প্রতিটি ফ্যানে ১৬টি করে নজল রয়েছে, যার মাধ্যমে পরিশোধিত পানি ছিটিয়ে আশপাশের পরিবেশকে ঠান্ডা রাখা হয়।
এছাড়া, পুরো এলাকায় আলো নিশ্চিত করতে এক হাজারের বেশি লাইট স্থাপন করা হয়েছে। ছাতাগুলোর কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। সেখানে মুসল্লির সংখ্যা, আঙিনার প্রয়োজন এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুরো ব্যবস্থার কার্যক্রম সমন্বয় করা হয়।
এসব ছাতা শুধু স্থাপত্যের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মুসল্লিদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং ইবাদতের উপযোগী পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন: আইজেনকটের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান
সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন