ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে ‘দ্য রিসার্চ রোডম্যাপ: ফ্রম আইডিয়া জেনারেশন টু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মেথডোলজি অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর মার্কেটিং গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসম্মত গবেষণা ছাড়া উচ্চশিক্ষার প্রকৃত বিকাশ সম্ভব নয়। শিক্ষার্থীদের গবেষণা মনস্ক করে তুলতে এবং আইডিয়া তৈরি থেকে শুরু করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সঠিক পদ্ধতি এবং প্রকাশনা পর্যন্ত প্রতিটি ধাপে গবেষকদের দক্ষ করে তুলতে এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।

বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক-এর সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রাকিবুল হক। তিনি গবেষণার বিভিন্ন কৌশল, আইডিয়া জেনারেশন এবং গবেষণাপত্র প্রকাশের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

আরও পড়ুন: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু এবং রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার জন্য।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে জানানো হয়, পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা বর্তমানে চলছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে সমীক্ষা শেষ হলে সেতু দুটির অবস্থান, নকশা ও প্রকল্প ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর জন্য ওয়াই-আকৃতির সংযোগ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেয়ার বিষয়টি উঠে আসে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

এছাড়া বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ও উঠে আসে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহা. এনামূল হক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন এবং পদ্মা ব্যারেজের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালের বাবার অভিযোগ: স্পেনের ভোটিং প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ইয়ামালের বাবার অভিযোগ: স্পেনের ভোটিং প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব

ব্যালন ডি’অরের এবারের প্রতিযোগিতায় লামিন ইয়ামালকে অনেকেই অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করেছিলেন। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার জার্সিতে অসাধারণ সাফল্য অর্জন করেছেন এই তরুণ ফরোয়ার্ড।

তবে শেষ পর্যন্ত গোল্ডেন বল জেতার সুযোগ তার হয়নি। ভোটিংয়ের ফলাফলে ইয়ামাল তৃতীয় স্থানে অবস্থান করছেন, যেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

এই ফলাফল মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। তিনি স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন যে, রিয়াল মাদ্রিদের প্রতি পক্ষপাতিত্বের কারণে এমবাপ্পে অতিরিক্ত সুবিধা পেয়েছেন।

এক সাংবাদিক জোতা জর্দির সঙ্গে আলাপচারিতায় নাসরাউই এমবাপ্পেকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের স্পেন প্রতিনিধি এবং স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের পরিচালক হোসে ফেলিক্স দিয়াজ তার ভোটে এমবাপ্পেকে প্রথম স্থানে রেখেছিলেন। শেষ পর্যন্ত সামগ্রিক ভোটেও ফরাসি তারকা দ্বিতীয় স্থান অর্জন করেন।

দিয়াজের ভোট নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন ইয়ামালের বাবা। তিনি বলেন, ‘এমবাপ্পেকে যারা ভোট দিয়েছেন, তাদের একজনকে আমি পর্দায় দেখতে চাই। তার সঙ্গে কথা বলতে চাই। আর তোমার সঙ্গেও কথা বলতে চাই, বন্ধু—তুমি তো এমবাপ্পের ভক্ত।’

স্পেনের ফুটবল সংস্কৃতি এবং রিয়াল মাদ্রিদের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে নাসরাউই আরও ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, ‘এমন ঘটনা শুধু স্পেনেই ঘটে। বিশ্বের সেরা খেলোয়াড় যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে, তাহলে জাতীয় দলের জন্য ভোট দিন! আমি বলছি না, পুরস্কারটি শুধু একজন খেলোয়াড়ের জন্য, দলের জন্য নয়। আমরা তো একবিংশ শতাব্দীতে আছি।’

বিভিন্ন দেশের ভোটের চিত্রও আলোচনায় এনেছেন ইয়ামালের বাবা। আর্জেন্টিনা ভোট দিয়েছে লিওনেল মেসিকে, ফ্রান্সের ভোট পেয়েছেন এমবাপ্পে, ইংল্যান্ডের পছন্দ ছিলেন হ্যারি কেইন। অন্যদিকে জর্জিয়া ভোট দিয়েছে তাদের তারকা খভিচা খাভারাস্খেলিয়াকে।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা ইয়ামাল নিজ দেশের ভোটে প্রত্যাশিত সমর্থন পাননি—এমন অভিযোগ তুলছেন তার বাবা। তবে ভোটের ফলাফল নিয়ে তার এই ক্ষোভ নতুন করে ব্যালন ডি’অরের ভোটিং প্রক্রিয়া এবং জাতীয় পরিচয়ের প্রভাব নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় পুলিশের গাড়িতে বন্দুক হামলা, ৫ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


নাইজেরিয়ায় পুলিশের গাড়িতে বন্দুক হামলা, ৫ কর্মকর্তা নিহত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি গাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের দ্বারা অতর্কিত হামলা চালিয়ে পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলার ঘটনা ঘটে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায়, যখন পুলিশ কর্মকর্তারা সোকোতো অঙ্গরাজ্য থেকে পার্শ্ববর্তী জামফারা অঙ্গরাজ্যে যাচ্ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সোকোতো-গুসাউ মহাসড়কে জামফারা অঙ্গরাজ্যগামী একটি গণপরিবহন বাসে ছিলেন ওই পুলিশ কর্মকর্তারা। বন্দুকধারীরা তাদের গাড়ির গতিরোধ করে এবং লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় ঘটনাস্থলেই পাঁচ পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র আবদুল্লাহি ফারুক। তিনি জানিয়েছেন, নিহত পাঁচ কর্মকর্তার মরদেহ সোকোতোর উসমানু দানফোদিয়ো বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, বিশেষ দায়িত্ব পালনের জন্য ওই পুলিশ কর্মকর্তাদের জামফারা অঙ্গরাজ্যে পাঠানো হয়েছিল। তারা নামোদা স্থানীয় সরকার এলাকায় অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) জামফারা নর্থ সিনেটরীয় আসনের প্রাথমিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন।

এই হামলার মাধ্যমে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার চিত্র আবারও প্রকাশিত হয়েছে। ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই যাত্রীবাহী যানবাহনে হামলা চালায়, গ্রামাঞ্চলে আক্রমণ করে এবং মুক্তিপণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে।

সামরিক বাহিনী ও পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও জামফারা, সোকোতো, কাতসিনা, কাদুনা ও কেব্বি অঙ্গরাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


জমি বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের কারণে ভাইকে হত্যার অভিযোগে পুলিশ বড় ভাইকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কোচে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযুক্ত ব্যক্তি এবং ভুক্তভোগী উভয়ই বিরামপুর কৃষ্ট চাঁদপুর চার নাম্বার ওয়ার্ডের মনিরুদ্দীনের সন্তান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত ৯টার সময় কৃষ্ণ চাঁদপুর এলাকায় ছোট ভাই মুকুল হোসেনের ধানের জমিতে বড় ভাই দেলোয়ার হোসেন (৫০) এবং মেজো ভাই এটিএম শামসুজ্জামান মাস্টার (৪৫) ময়লা ফেলেন। ময়লা ফেলাকে কেন্দ্র করে ছোট ভাই মুকুল হোসেন বড় ভাইদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় বড় ভাই এবং মেজো ভাই মুকুল হোসেনকে কিল, ঘুষি এবং লাঠি দিয়ে আঘাত করেন। এর ফলে ছোট ভাই মুকুল হোসেন বুকের ডান পাশে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%