প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের জৈন্তাপুরে প্রাচীন জৈন্তিয়া রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ এবং একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ পরিকল্পনার কথা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে দুই মন্ত্রী জৈন্তাপুরের নিজপাট নগরীতে অবস্থিত ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত রাজার পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ পরিদর্শন করেন। তাঁরা এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী পরিদর্শনকালে বলেন, "প্রাচীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী নিজপাট নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংস্কার ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, জৈন্তাপুর সদরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে জৈন্তিয়ার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এসব নিদর্শনের পরিচিতি তুলে ধরা সম্ভব হবে।
মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, "ঐতিহাসিক স্থাপনাগুলো যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি পর্যটন খাতের বিকাশেও ভূমিকা রাখবে।"
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, "জৈন্তিয়া রাজ্যের ঐতিহাসিক নিদর্শনগুলো এ অঞ্চলের সমৃদ্ধ অতীতের পরিচায়ক।" তিনি বলেন, এসব পুরাকীর্তি সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করতে হবে। তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম গ্রহণের তাগিদ দেন।
এদিকে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি দুই মন্ত্রী পৃথক এসএমভিটি লেনসহ সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজও পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন।
জৈন্তাপুরের ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ এবং আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পর্যটন বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন