প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কোনো পক্ষের বিরুদ্ধে যাচ্ছে না, বরং সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বুঝতে পেরেছে যে, একটি অংশীদারের ওপর নির্ভর করে চলা সম্ভব নয়। এ কারণে যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় দেশটি। তিনি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কখনো সম্পর্ক থেকে সরে যায়নি।
নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক বক্তব্যে এসব কথা বলেন হ্যারি টমাস। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, অর্থনীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে সাবেক রাষ্ট্রদূত বলেন, যখন বাংলাদেশের মানুষ ‘আমরা করব জয়’ গানটি গায়, তখন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রতিবাদ ও আশার গান ‘উই শ্যাল ওভারকাম’ গায়। এই দুটি গান দুই দেশের মানুষের মধ্যে বন্ধনের প্রতীক। তিনি বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও ভালোবাসার একাধিক স্মৃতিও তুলে ধরেন।
বাংলাদেশের গণতন্ত্র প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্রকে বাইরে থেকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। একটি দেশের মানুষকেই তা বেছে নিতে হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিয়েছে। গণতন্ত্রে দেশ পরিচালনার জন্য জনগণের রায় পাওয়া সরকার যেমন প্রয়োজন, তেমনি শক্তিশালী বিরোধী দলও দরকার, যারা সরকারকে প্রশ্ন করবে, জবাবদিহির আওতায় আনবে এবং ভোটারদের সামনে বাস্তব বিকল্প তুলে ধরবে।
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী, ওই বছরের গ্রীষ্মে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। রংপুরের আবু সাঈদ ও নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুর মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, এসব মানুষের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে।
বর্তমান রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে হ্যারি টমাস বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে বিভাজন রয়েছে। সরকার ও সংসদে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর মধ্যেও বিভাজন আছে। দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকা আমলাতন্ত্র এবং নিজেদের সম্ভাবনা কাজে লাগাতে চাওয়া তরুণ প্রজন্মের মধ্যেও দূরত্ব রয়েছে। তিনি পুরোনো রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা থেকে বেরিয়ে ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ও আগামী বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। মূল্যস্ফীতি প্রায় ৮ দশমিক ৫ শতাংশে রয়েছে। এ বছর আরও প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন। ব্যাংক খাত চাপে রয়েছে এবং কর রাজস্ব জিডিপির মাত্র ৮ থেকে ৯ শতাংশ।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোকে কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। তবে এই বাড়তি সময় কাজে লাগিয়ে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির বিনিয়োগের সুযোগ এবং জ্বালানি খাতে সহযোগিতার প্রসঙ্গ তুলে হ্যারি টমাস বলেন, বাংলাদেশের উন্নয়নে এসব সুযোগ কাজে লাগানো প্রয়োজন। রোহিঙ্গা সহায়তা ও স্বাস্থ্য খাতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের হার—এমন রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপি যা করে তার সবই মন্দ কিংবা আওয়ামী লীগ যা করে তার সবই খারাপ, এমন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার পথ খুঁজতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন