প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্যানসার প্রতিরোধ বা নিরাময়ের জন্য কোনো একটি খাবার একা যথেষ্ট নয়। তবে উদ্ভিদনির্ভর খাদ্যাভ্যাস এবং সুষম খাদ্য গ্রহণ ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাকসবজি শরীরে আঁশ, ভিটামিন এবং বিশেষ ধরনের উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান সরবরাহ করে। পাশাপাশি, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে।
‘নিউট্রিশন জার্নাল’-এ প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে সব ধরনের ক্যানসারের ৩০ থেকে ৪০ শতাংশ প্রতিরোধ সম্ভব। ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন চিকিৎসক অর্জুন শঙ্করন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক আটটি সবজির কথা উল্লেখ করেছেন। তিনি এসব সবজি রান্নার সঠিক পদ্ধতি সম্পর্কেও আলোচনা করেছেন।
পোস্টে চিকিৎসক উল্লেখ করেছেন, ‘আমি একজন ক্যানসার সার্জন। ক্যানসারের ঝুঁকি কমানোর জন্য আটটি সবজির কথা জানাচ্ছি। তবে সম্ভবত আপনারা এগুলো ভুলভাবে রান্না করছেন।’
ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক আটটি সবজি
১. রসুন
রসুনের সঙ্গে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমানোর সম্পর্ক পাওয়া গেছে। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, রসুন কুচি বা থেঁতো করে প্রায় ১০ মিনিট রেখে রান্নায় ব্যবহার করতে। রান্নার শেষের দিকে রসুন যোগ করা হলে এর কার্যকর উপাদানগুলো বেশি অক্ষত থাকে। কাঁচা থেঁতো রসুন রায়তা বা দইয়ের সালাদেও মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে ১০ মিনিটের বেশি রান্না করলে রসুনের কিছু উপকারী গুণ কমে যেতে পারে।
২. পেঁয়াজ
পেঁয়াজে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। বিশেষ করে পেঁয়াজের বাইরের স্তরে এসব উপাদানের পরিমাণ বেশি থাকে। প্রতিদিনের খাবারে কাঁচা পেঁয়াজ রাখা যেতে পারে। সালাদ বা রায়তায় এটি খাওয়া যায়। চাইলে পেঁয়াজ ও টমেটো দিয়ে চাটনি তৈরি করেও খাওয়া সম্ভব। অল্প আঁচে হালকা রান্না করলে পেঁয়াজের অধিকাংশ পুষ্টিগুণ বজায় থাকে। তাই অতিরিক্ত রান্না করা উচিত নয়।
৩. টমেটো
টমেটো রান্নার ফলে এর পুষ্টিগুণ, বিশেষ করে লাইকোপিনের প্রাপ্যতা বাড়ে। লাইকোপিন টমেটোর লাল রঙের জন্য দায়ী একটি উপাদান, যা ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। চিকিৎসক শঙ্করন লিখেছেন, তেল শরীরে লাইকোপিন শোষণে সহায়তা করে। তবে বাজারে পাওয়া টমেটো কেচাপে অতিরিক্ত চিনি ও লবণ থাকতে পারে। তাই এ ধরনের কেচাপ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
৪. গাজর
গাজরও ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। সামান্য তেল দিয়ে হালকা রান্না করলে এতে থাকা ভিটামিন এ শরীরে সহজে শোষিত হতে পারে। চিকিৎসক শঙ্করনের মতে, কাঁচা গাজরের তুলনায় রান্না করা গাজর থেকে তিন থেকে ছয় গুণ বেশি ভিটামিন এ পাওয়া যেতে পারে।
৫. ফুলকপি
ফুলকপি ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। এর পুষ্টিগুণ ধরে রাখতে ভাপে সেদ্ধ করা বা অল্প সময় নেড়েচেড়ে রান্না করা উচিত। পানিতে দীর্ঘ সময় সেদ্ধ করলে এর উপকারী উপাদানের কিছু অংশ পানিতে চলে যেতে পারে। ডালের সঙ্গে ফুলকপি রান্না করা যায়, আবার মটরশুঁটির সঙ্গেও রান্না করা যেতে পারে। তবে ফুলকপির মাঞ্চুরিয়ানকে স্বাস্থ্যকর রান্নার বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন চিকিৎসক।
৬. বাঁধাকপি
বাঁধাকপি, ফুলকপির মতো একই গোত্রের সবজি। রান্নার আগে এটি ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। অল্প সময় নেড়েচেড়ে রান্না করা বা ভাপে সেদ্ধ করা এর পুষ্টিগুণ ধরে রাখার ভালো উপায়। বাঁধাকপি দিয়ে বিভিন্ন ধরনের ভাজি বা তরকারি তৈরি করা যায়। তবে অতিরিক্ত সেদ্ধ করে পানি ফেলে দিলে এর পুষ্টি উপাদান নষ্ট হতে পারে।
৭. ব্রকলি
ব্রকলি রান্নার সবচেয়ে ভালো পদ্ধতি হলো অল্প সময় ভাপে সেদ্ধ করা। তিন থেকে চার মিনিট ভাপে রাখলেই যথেষ্ট। এ সময় ব্রকলির রং উজ্জ্বল সবুজ থাকবে। এরপর ওপর থেকে সামান্য কাঁচা সরিষা দানা গুঁড়া ছড়িয়ে দেওয়া যেতে পারে। এই সমন্বয় সালফোরাফেন নামের একটি উপাদানের কার্যকারিতা বাড়াতে পারে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক বলে বিবেচিত। তবে অতিরিক্ত তাপে রান্না করলে এর উপকারী এনজাইম নষ্ট হতে পারে।
৮. মাশরুম
মাশরুম খাওয়ার সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি কমানোর সম্পর্ক পাওয়া গেছে। তবে চিকিৎসক পরামর্শ দিয়েছেন, মাশরুম কাঁচা না খেয়ে রান্না করে খাওয়ার। পাঁচ থেকে সাত মিনিট অল্প তেলে ভেজে বা গ্রিল করে খাওয়া যেতে পারে। মাশরুম ও মটরশুঁটির তরকারি কিংবা অমলেটেও এটি ব্যবহার করা যায়। তবে বনে বা খোলা জায়গায় পাওয়া অপরিচিত মাশরুম কখনোই খাওয়া উচিত নয়। কারণ কিছু বুনো মাশরুম বিষাক্ত হতে পারে।
প্রতিদিন কতটুকু সবজি ও ফল খাবেন?
চিকিৎসক শঙ্করনের মতে, প্রতিদিন এই আট ধরনের সবজি খাওয়ার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল ও সবজি মিলিয়ে প্রায় ৪০০ গ্রাম বা পাঁচ মুঠো পরিমাণ রাখার লক্ষ্য নেওয়া যেতে পারে। এতে বিভিন্ন সবজির আলাদা পুষ্টিগুণ পাওয়ার সুযোগ তৈরি হবে।
সবশেষে চিকিৎসক বলেন, কোনো একটি সবজি ক্যানসার নিরাময় করে না। বরং সামগ্রিক খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের ধরনই স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন