প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনায় চাঁদা না পাওয়ার কারণে ‘দ্য পালংকি রেস্টুরেন্টে’ গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার নবীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন, সোনাডাঙ্গার নবপল্লী ঢালাই কারখানা গলির বাসিন্দা মো. হাবিব সরদারের ছেলে মো. সাকিব আল হাসান (২৪)। অপরজন হলেন, একই এলাকার সত্তার বিশ্বাস সড়কের মৃত ইসহাক হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে নগরীর মজিদ স্মরণী রোডে অবস্থিত বাঙালি ভোজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের বিপরীতে দ্য পালংকি রেস্টুরেন্টে চাঁদার দাবিতে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রেস্টুরেন্টের কাচের গ্লাস ভেঙে যায়। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ ঘটনায় বুধবার সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। যদিও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেনি, কিন্তু রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজিত বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলিমুজ্জামান জানান, ঘটনার পর তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করা হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নবপল্লী ও নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গুলিবর্ষণের ঘটনার পর থেকেই রেস্টুরেন্টটি মালিকপক্ষের দ্বারা বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে বুধবারও প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন