০৪:৪৪ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল রবিবার (২৮ জুন)। রায়ের এই কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ।
শনিবার (২৭ জুন) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত ১৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য ওই দিন ধার্য করেন।
আরও পড়ুন: রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ
জানা গেছে, ট্রাইব্যুনালে মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। প্রথমে আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেন যে, এই ঘটনার সঙ্গে তার মক্কেলের কোন সম্পৃক্ততা নেই। তবে প্রসিকিউশনের পক্ষে মামলার পাঁচ আসামির জন্য সর্বোচ্চ শাস্তি চান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। উল্লেখ্য, গত ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। জবানবন্দিতে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও আনেন। চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম ধাপে সাক্ষ্য দেন এই আসামি।
এ মামলায় চঞ্চল ছাড়া পলাতক অন্যান্য আসামিরা হলেন– ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া, গত ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু নতুন করে ডিজিটাল অ্যাভিডেন্স জমা দেওয়ার আবেদন করে প্রসিকিউশন। ফলে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়।
আরও পড়ুন: ভেনেজুয়েলা বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করেছে
২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ৭ আগস্ট ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন