প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটের কালাইয়ে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে ফেরার পথে একটি মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করেছে।
নিহত নারীর পরিচয় পাওয়া গেছে, তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। নুর বানু কালাই উপজেলার নান্দাইলদিঘি গ্রামে তার মেয়ে ও জামাতা এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আটককৃত মোটরসাইকেল আরোহীরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও শাকিল।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং নিহতের মেয়ে-জামাতা এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার (২২ নভেম্বর) বিকেলে নুর বানু মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে মেয়ের বাড়ি থেকে বের হন। পুনট কোল্ড স্টোরেজের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়, ফলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক ও পেছনে থাকা আরোহী শাকিলকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালাই থানার ওসি সাইদুল আলম জানান, ‘নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের হাতে আটক মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন