১০:৪৬ এম
নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে ৯৩ বছরের পুরোনো ও জরাজীর্ণ যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চলছে। যদিও গত দুই মৌসুমে লাভের মুখ দেখা গেছে, তবুও এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এর ফলে শ্রমিক-কর্মচারীরা হতাহত হচ্ছেন। অন্যদিকে, সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কৃষকরা চাহিদামতো আখ সরবরাহ করতে পারছেন না। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ প্রতিদিন আড়াই হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের সক্ষমতাসম্পন্ন নতুন চিনিকল স্থাপনের দাবি জানিয়েছেন।
১৯৩৩ সালে নর্থবেঙ্গল চিনিকলে আখ মাড়াইয়ের কার্যক্রম শুরু হয়। সেই সময়ের পুরোনো প্রযুক্তি ব্যবহার করেই এখনো আখ মাড়াইয়ের জন্য ডোঙ্গায় আখ ফেলা হয়। অথচ ১৯৮৪ সালে স্থাপিত নাটোর চিনিকলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডোঙ্গায় আখ ফেলা হয়।
ব্রিটিশ আমলের অনেক যন্ত্রাংশ ব্যবহার করে নর্থবেঙ্গল চিনিকল ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মাড়াই মৌসুমে প্রায় ৩০ কোটি টাকা লাভ অর্জন করেছে। তবে আধুনিকায়ন না হওয়ায় প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ঝুঁকি নিয়ে কাজ করছেন। পুরোনো যন্ত্রাংশের কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় আহত হচ্ছেন তারা।
আরও পড়ুন: সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এক্স-রে মেশিন তিন মাস ধরে অকেজো
শ্রমিক আব্দুর রশিদ জানান, চিনিকলটির বয়লারসহ অনেক যন্ত্রাংশ ১৯৩৩ সালের। জোড়াতালি দিয়ে চিনিকলটি চালু রাখা হয়েছে। তিনি বলেন, "পুরোনো যন্ত্রাংশের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।"
অন্য শ্রমিক মান্নান জানান, ১৯৮৩ সালে চিনিকলটির কিছু যন্ত্রাংশ পরিবর্তন করা হলেও সেগুলোও এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে কাজের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
দেশের অন্যান্য চিনিকলের জোন এলাকার তুলনায় নর্থবেঙ্গল চিনিকলের জোন আখ চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। প্রতিবছর এই চিনিকলের জোনে দুই লাখ মেট্রিক টনের বেশি আখ উৎপাদন হয়। তবে প্রতিদিন দেড় হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের সক্ষমতা থাকায় কৃষকরা চাহিদামতো আখ সরবরাহ করতে পারছেন না।
আরও পড়ুন: বেপজা ৩৩২ জনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণি পাসের জন্যও সুযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন