ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৫ ইউনিট


চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৫ ইউনিট

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর চকবাজারের ছোট কাটারায় অবস্থিত একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর, সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন: চকবাজারের আগুন সাড়ে ৫ ঘণ্টার পর নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া, ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিমের বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিমের বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম, যিনি ফাহিম ফারুকী নামেও পরিচিত, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, ‘মধুর ক্যান্টিনে একটি অনুষ্ঠানে ফাহিম ফারুকী দাবি করেন—ইসলামী আন্দোলন “র”-এর অর্থায়নে চলে এবং আওয়ামী লীগকে সুবিধা দিতে কাজ করে। তাঁর ওই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ বা নথিপত্র দেখাতে পারেননি। এতে সংগঠনটির মানহানি হয়েছে। এ জন্য মামলা করা হয়েছে।’

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে নিয়ে কিছু বক্তব্য দেন। তিনি এসব বক্তব্য প্রকাশ্যে প্রচারও করেন।

অভিযোগে ফাহিম ফারুকীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যদি কোনো রাজনৈতিক দল র এবং পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখতে ভূমিকা রেখে থাকে, সেটি হলো চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল। তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে এবং পরোক্ষভাবে দলটির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করেছে।’

এছাড়া তিনি বলেছেন, ‘বাংলাদেশ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন নিয়ে, টাকা নিয়ে র-এর সঙ্গে বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে থাকলে, সেটি হলো চরমোনাইয়ের ফজলু ও রেজু।’ মামলার অভিযোগে এসব বক্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, এসব বক্তব্য অত্যন্ত গুরুতর ও ক্ষতিকর। এর মাধ্যমে বাদীর বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা, অবৈধ বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অথচ এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ, যাচাই করা তথ্য বা সমর্থনযোগ্য নথি উপস্থাপন করা হয়নি বলে মামলার আরজিতে দাবি করা হয়।

মামলায় আরও বলা হয়, বাদী তাঁর আইনজীবীর মাধ্যমে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠান। নোটিশে মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ করা, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি এসব দাবির কোনোটি পূরণ করেননি বলে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শনিবার রোডম্যাপ ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শনিবার রোডম্যাপ ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

উচ্চশিক্ষার আধুনিকীকরণ, যুগোপযোগিতা এবং কর্মসংস্থানমুখী করার উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী শনিবার (২৮ নভেম্বর) ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মিলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়নের জন্য ‘রোডম্যাপ ২০৩০’ উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে (মিডিয়া ব্রিফিং) এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি এ সময় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন।

উপাচার্য জানিয়েছেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যক্রম (কারিকুলাম) সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।

সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে ২০৩০ সালের রোডম্যাপ ঘোষণার বিষয়ে ড. আমানুল্লাহ বলেন, ‘গত ৭ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। তাঁরই আলোকে আমরা অধ্যক্ষ সম্মিলনে ২০৩০ সাল পর্যন্ত কী করব, তার রোডম্যাপ উপস্থাপন করব।’

উপাচার্য আরও বলেন, এর মূল লক্ষ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মানসম্মত শিক্ষায় অবদান রাখতে পারে এবং দক্ষতাভিত্তিক শিক্ষা পেয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে। তাদের যোগাযোগ দক্ষতা (কমিউনিকেশন স্কিল) বৃদ্ধি ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করার প্রতিশ্রুতিগুলো এই রোডম্যাপে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে। মোট ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ৫৫০টির সংস্কার সম্পন্ন হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কারের লক্ষ্য রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডেটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া অধিভুক্ত কলেজের ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৭টি কলেজে ভাষা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও ১০০টি ভাষা ক্লাব প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমান শিক্ষার্থী ও ঝরে পড়া তরুণদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো-লার্নিং ও মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালু করা হচ্ছে।

ড. আমানুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়েছে, যাতে ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নেন। বিভিন্ন পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট থাকলেও ইতিমধ্যে তা এক বছর কমানো সম্ভব হয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। পরীক্ষার কারণে কলেজের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ঠেকাতে প্রাথমিকভাবে ৩০০টি এবং পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাও পুনরায় চালু করা হয়েছে।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ইতিমধ্যে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০টি কেন্দ্র চালুর উদ্যোগ রয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সঙ্গে পাঠ্যপুস্তক ও প্রকাশনা কার্যক্রম নিয়েও সমঝোতা হয়েছে।

উপাচার্য জানান, পরিবেশ সংরক্ষণে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে; ইতিমধ্যে ২৫০টি কলেজে লক্ষাধিক গাছ লাগানো হয়েছে। ‘গ্রিন ক্যাম্পাস, গ্রিন এনার্জি’ কর্মসূচির আওতায় ২৫০টি কলেজকে পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের কাজ শুরু হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে কমপক্ষে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ৬৪ জেলায় পারফরমিং আর্টস কলেজ সম্প্রসারণ ও স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। ‘রোডম্যাপ ২০৩০’-এর আওতায় অধিভুক্ত কলেজগুলোকে স্থানীয় পর্যায়ের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্য ড. আমানুল্লাহ আশা প্রকাশ করেন, দেশের ৬৪টি জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে সম্মিলনটি ফলপ্রসূ হবে। বিশেষ করে কলেজগুলোতে শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণসহ (মনিটরিং) তাঁদের জবাবদিহির আওতায় আনার বিষয়গুলো সম্মিলনে উঠে আসবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের আদিবা ইসলামের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের আদিবা ইসলামের মরদেহ

টাঙ্গাইলের একটি এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর তিন বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রাম থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুর নাম আদিবা ইসলাম। সে ওই গ্রামের আমিন ইসলামের কন্যা।

পরিবারের সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ কালের কণ্ঠকে জানান, "এটা একটা হত্যাকাণ্ড।" মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, "আমরা তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি একটি চার সদস্যের সাব-কমিটি গঠন করেছে। এই কমিটি গঠন করা হয়েছে শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য। সাব-কমিটিকে প্রতিটি অভিযোগ তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে গতকাল বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ সাব-কমিটি সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী গঠন করা হয়েছে। সাব-কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়াকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাব-কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তদন্ত করবে। তারা অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ মূল কমিটিতে প্রতিবেদন জমা দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%