০৬:৪৩ পি.এম
মালিকের ওভারটাইমের পাওনা টাকা পরিশোধ না করার কারণে চালক এক প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎপরতার ফলে অল্প সময়ের মধ্যে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকার ভাটারা থানাধীন নতুনবাজার এলাকার এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তার ব্যক্তিগত গাড়ির চালক কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেছেন। চালকের মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, এই পরিস্থিতিতে তিনি ৯৯৯-এর সহায়তা চান গাড়িটি উদ্ধার করতে।
৯৯৯ কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি ডিএমপির ট্রাফিক কন্ট্রোল রুমকে জানিয়ে দেয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. মৃদুল আহমেদ। পুরো ঘটনায় কলকারী এবং উদ্ধারকারী ইউনিটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই মো. হারুনুর রশিদ।
আরও পড়ুন: কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে বংশাল থানার চাঁখারপুল চৌরাস্তার ৭৮/৩ নাজিমউদ্দিন রোডে শামীম ডেন্টালের সামনে দায়িত্বে থাকা সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা মেট্রো-গ-২২-৮৮৭৮ নম্বরের প্রাইভেটকারটি আটক ও উদ্ধার করেন।
পরে বংশাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে যায় এবং প্রকৃত মালিককে ডেকে বুঝিয়ে দেয়।
এ ঘটনায় প্রাইভেটকার চুরির অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ভাইয়ার হাউলা গ্রামের বাসিন্দা চালক মো. জলিল মৃধাকে (৫৯) গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার ভাটারা থানার সাইদনগর এলাকার এপি বাসা নং-১৪, রোড-১৫, ব্লক-এ-তে বাস করছেন।
আরও পড়ুন: সৈয়দপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মেয়ে গুরুতর আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন