প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থার মধ্যে শ্রেণিকক্ষের আসবাবপত্রের তীব্র সংকটের মোকাবিলায় ফিলিস্তিনি স্বেচ্ছাসেবকরা একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তুরস্কের মানবিক সহায়তা সংস্থা (আইএইচএইচ)-এর অধীনে পরিচালিত গাজার একটি তাঁবুর স্কুলের শিক্ষার্থীদের জন্য তারা খালি ত্রাণের বাক্স ব্যবহার করে স্কুলের ডেস্ক ও চেয়ার তৈরি করছেন।
‘একনান’ নামের একটি ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী দল এই উদ্যোগটি শুরু করেছে। তারা অস্থায়ী স্কুলগুলোতে আসবাবপত্রের অভাব পূরণ করতে পরিত্যক্ত ও খালি মানবিক সহায়তার বাক্সগুলোকে পুনর্ব্যবহারযোগ্য টেবিল ও চেয়ারে রূপান্তর করছে।
দলটির প্রধান রিম কারুর জানিয়েছেন, গাজায় সম্পদ ও সরবরাহের তীব্র সংকটের মধ্যে চারপাশে পড়ে থাকা পরিত্যক্ত জিনিসপত্র কাজে লাগানোর চিন্তা থেকেই এই ধারণার উদ্ভব হয়েছে।
কারুর বলেন, “আমরা পুনর্ব্যবহার এবং আমাদের চারপাশের বর্জ্য কীভাবে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবছিলাম। স্কুলগুলোতে আসা ত্রাণের বাক্সগুলো ছিল বেশ মজবুত ও টেকসই।”
তিনি আরও জানান, ডেস্কের অভাবে বিশেষ শিক্ষা ও কাউন্সেলিং তাঁবুতে আসা শিশুদের মাটিতে বসে লিখতে হতো। এই সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবকরা বাক্সগুলো দিয়ে বড় ও মজবুত টেবিল-চেয়ার তৈরি শুরু করেন এবং আসবাবপত্রগুলো যেন শিশুদের ব্যবহারের উপযোগী হয় সেদিকে বিশেষ নজর দেন।
সরঞ্জাম ও উপকরণের অভাবের কারণে কাজ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান কারুর। তবে তিনি জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি কেবল রিসাইক্লিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ক্লাস চলাকালীন শিশুদের বসা ও লেখার জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
জ্বালানি সংকটের কারণে আসবাবপত্রের অভাব তীব্র হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর রান্নার গ্যাস ও জ্বালানির তীব্র সংকটের কারণে গাজার বাসিন্দারা রান্না ও ঘর গরম রাখার মতো মৌলিক চাহিদা মেটাতে কাঠ, কার্ডবোর্ড ও প্লাস্টিকের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
রিম কারুর বলেন, “গাজা উপত্যকায় ইসরায়েলের শ্বাসরুদ্ধকর অবরোধ এবং বছরের পর বছর ধরে চলা যুদ্ধের কারণে আগের মতো আর কাঠ পাওয়া যায় না। রান্নার গ্যাস না থাকায় অনেকেই আগুন জ্বালাতে কাঠের আসবাবপত্র পুড়িয়ে ফেলেছেন। ফলে স্কুলের ডেস্ক সংগ্রহ করা আরও কঠিন হয়ে পড়েছে।”
এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকরা ত্রাণের বাক্সগুলো ফেলে না দিয়ে বা জ্বালানি হিসেবে না পুড়িয়ে পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেন। কারুর বলেন, “এই বাক্সগুলো মানবিক সহায়তা নিয়ে এসেছিল। সেগুলো ফেলে দেওয়া বা আগুন জ্বালানোর কাজে ব্যবহার না করে আমরা স্কুলের আসবাবপত্র তৈরিতে কাজে লাগিয়েছি।”
তাঁবুর স্কুলটির পরিচালক ফাওয়াজ দাগমাস জানান, সীমিত উপকরণ ও সম্পদ ব্যবহার করে তৈরি করা সত্ত্বেও এই টেবিল ও চেয়ারগুলোর মান অসাধারণ হয়েছে। তিনি মনে করেন, গাজাজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যে বৃহত্তর সংকটের মুখোমুখি হয়েছে, এই উদ্যোগ তার একটি আংশিক সমাধান দিচ্ছে।
দাগমাস বলেন, “এই উদ্যোগ আমাদের বা অন্য স্কুলগুলোর সমস্যার পুরোপুরি সমাধান করতে পারবে না ঠিকই, তবে আমরা যে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে এটি এক টুকরো আলোর মতো; যা শিক্ষার্থীদের বসার জন্য কিছুটা হলেও উপযুক্ত জায়গা করে দিচ্ছে।”
ইসরায়েলি হামলায় গাজার অধিকাংশ স্কুল ধ্বংস হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষা অবকাঠামোর এই ধ্বংসযজ্ঞের কারণে লাখ লাখ শিশু মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
গত ৪ নভেম্বর প্রকাশিত জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে গাজার প্রায় ৭ লাখ ৭০ হাজার শিশুর শিক্ষা সহায়তার প্রয়োজন হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ২ লাখ শিশু আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ পাচ্ছে না এবং ৫ লাখ ৭০ হাজার শিশু অস্থায়ী শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করছে। এ ছাড়া গাজার প্রায় ৯৩ শতাংশ স্কুল ভবন পুনর্নির্মাণ বা ব্যাপক সংস্কার করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন