প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর সোনাগাজীতে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের পর দুই দিন পেরিয়ে গেলেও এখনও মামলা রেকর্ড হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরিবারটি হামলার পুনরাবৃত্তির আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে অভিযুক্তদের বাড়ির সামনে মহড়া দিতে দেখার দাবি করেছেন তারা।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মনির আহমেদ সওদাগরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগমসহ চারজন আহত হন। এ ঘটনায় ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজীকে প্রধান আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসিনা বেগম।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা, বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়।
পর্তুগালপ্রবাসী এমলি খানের ছোট ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপি নেতা শাহজাহান সিরাজীর ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ১০-১২ জন হামলা চালায়। পালানোর সময় নবাবপুর বাজারের ব্যবসায়ীরা শুভসহ তিনজনকে আটক করেন। পুলিশকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে আসেনি। পরে শাহজাহান সিরাজী অস্ত্রধারীদের নিয়ে বাজারে এসে ফাঁকা গুলি ছুড়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেন। এ সময় নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর ও স্থানীয় বাসিন্দা তানভীর আহমেদ আহত হন।
মিজানুর রহমান আরও অভিযোগ করেন, থানায় অভিযোগ দেওয়ার পর তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে শাহজাহান সিরাজী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির সামনে মহড়া দেন। এ ঘটনায় পরিবারটি আরও আতঙ্কিত হয়ে পড়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, "বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনায় যে অপরাধী, প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।"
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, "ঘটনাটি শুনে সান্ত্বনা দিতে ওই বাড়িতে গিয়েছিলাম। এর বাইরে অন্য কোনো বিষয় ছিল না।"
অভিযোগ অস্বীকার করে শাহজাহান সিরাজী বলেন, "তার ছেলে টাকা পাবে। ভিসার জন্য দেওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে আটক করা হয়েছিল। খবর পেয়ে তিনি গিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন। হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মিথ্যা।"
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন