০৪:০২ পি.এম
রাজবাড়ীর পাংশা এলাকায় রাতের অন্ধকারে এক কৃষকের স্বপ্নের ক্ষেতে দুর্বৃত্তদের হামলা ঘটেছে। কৃষকের লীজ নেওয়া জমিতে লাউ, ফুলকপি, পেঁপে ও কলাগাছ কেটে ফেলা হয়েছে, যার ফলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
এটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) রাত ১০টা থেকে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টার মধ্যে, উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা চাঁদপুর গ্রামের হেনামোড় এলাকায়।
ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা শেখ, যিনি পাংশা চাঁদপুর গ্রামের ইয়াকুব আলী শেখের পুত্র। সরেজমিনে গিয়ে জানা যায়, বাদশা শেখ প্রায় ৫-৬ মাস আগে হেনামোড় এলাকায় ৩০ শতাংশ জমি লীজ নিয়ে চাষাবাদ শুরু করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে কৃষিকাজের আয়ে সংসার চালান। ওই জমিতে তিনি লাউ, ফুলকপি, পেঁপে ও কলাসহ বিভিন্ন ফসলের আবাদ করেছিলেন।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা
কিন্তু রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা জমিতে প্রবেশ করে ফলন্ত লাউগাছসহ অন্যান্য আবাদি ফসলের গাছ কেটে চলে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে জমির মালিক ও স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় বাদশা শেখের আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষিকাজই তার সংসারের একমাত্র আয়ের উৎস হওয়ায়, এই ঘটনায় তিনি আর্থিকভাবে বিপাকে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা শেখ বলেন, “৫-৬ মাস আগে কলিমহরের রফিক উদ্দিন (পান্না মিয়া)'র ডিডিসি কোম্পানির নিকট থেকে জমিটি লীজ নিয়ে চাষাবাদ শুরু করি। চাষাবাদ করতে গিয়ে আমার ৪০-৫০ হাজার টাকা খরচ হয়েছে। স্বপ্ন দেখেছিলাম ফসল বিক্রি করে অর্জিত টাকায় সংসারের উন্নতি করবো। কিন্তু দুর্বৃত্তরা আমার সে স্বপ্ন এক রাতেই শেষ করে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস তিন দিন বন্ধ, ১৭ থেকে ১৯ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন