০৯:০৬ পি.এম
ফেনীতে টানা বর্ষণ ও ভারতের উজানের ঢলে মুহুরী নদীর পানি হু হু করে বাড়তে শুরু করেছে। উজানে ভারী বৃষ্টিপাত হলে দ্রুতই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের জানিয়েছেন।
সোমবার দুপুর ৫টার দিকে মুহুরী নদীতে পানির স্তর রেকর্ড করা হয় ১১ দশমিক ৪৫ মিটার। এটি বিপৎসীমার ১ দশমিক ১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে গণশৌচাগারের কমোডে নবজাতক, হ-ত্যা-চেষ্টার অভিযোগ
টানা বৃষ্টি এবং নদীর পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা বলছেন, প্রতিবছর বর্ষা এলেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন নিয়মে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত চিহ্নিত করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা মো. মারুফ বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়। নদীর পানি বাড়তে থাকলে স্বাভাবিক থাকা যায় না। পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও উজানে ভারী বৃষ্টি হলে কী হবে, সেই শঙ্কা থেকেই যাচ্ছে।
একই উপজেলার জগতপুর এলাকার বাসিন্দা নূর নবী বলেন, গত দুই বছরও বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। তাই এবারও পানি বাড়ার খবর শুনে মানুষ আতঙ্কিত। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত মেরামত করা হলে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন প্রকল্পের কাজ দ্রুত শুরু হলেই মানুষের উদ্বেগ অনেকটাই কমবে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সোমবার বিকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে এ বৃষ্টিপাত কমতে পারে।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে বিএসটিআই সনদ ছাড়াই চলছে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে জনগণ
পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবার পানির বৃদ্ধির পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম। গত কয়েক দিন ধরে কিছু সময় পানি বাড়লেও পরবর্তী আবার কমে গেছে। সর্বশেষ সোমবার সকাল থেকে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। সকাল ৬টায় মুহুরী নদীর পানির স্তর রেকর্ড করা হয় ৯ দশমিক ৩৫ মিটার, বিকাল ৫টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৫ মিটারে। পানি বিপৎসীমা অতিক্রম করলে নতুন করে বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত হতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন