০৭:৪৯ পি.এম
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসন তিনটি ড্রেজার মেশিন জব্দ করে এবং তিনজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মধ্য চারভাঙা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আশরাফুল আলম সরকার (৩৮), চর সাহেবগঞ্জ বাজার এলাকার দাদান মিয়া মোল্লার ছেলে কুদ্দুস আলী (৩২) এবং আলী হোসেনের ছেলে আক্কাস ফকির (৪৫)।
আরও পড়ুন: নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, অটোভ্যান চালকের জরিমানা
ভ্রাম্যমাণ আদালত আশরাফুল আলম সরকারকে তিন মাস এবং কুদ্দুস আলী ও আক্কাস ফকিরকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও অমিত রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এই সময় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিন ও তিনজনকে আটক করা হয়।
জব্দ করা ড্রেজার মেশিনগুলো বর্তমানে নীলকমল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় বাবার প্রাণ গেল
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু ও মাটি উত্তোলনের কারণে নদী তীরবর্তী চরে ভাঙন দেখা দিচ্ছে। এর ফলে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
ইউএনও অমিত রায় বলেন, 'দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
আরও পড়ুন: নানিয়ারচরে জেলা প্রশাসক: সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বারোপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন